ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আমি আমার মেয়ে হারিয়েছি, মমতা হারিয়েছেন চেয়ার—আরজি কর কাণ্ডে রত্না দেবনাথ

আমি আমার মেয়ে হারিয়েছি, মমতা হারিয়েছেন চেয়ার—আরজি কর কাণ্ডে রত্না দেবনাথ
×

আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহতের মা ও বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। ছবি: সংগৃহীত

এনডিটিভি

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১১:৪৭

আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহতের মা ও বিজেপি বিধায়ক রত্না দেবনাথ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর তিনি সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, 'আমি আমার মেয়েকে হারিয়েছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছেন তার চেয়ার।'

সোমবার রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রত্না দেবনাথ এ মন্তব্য করেন। তিনি লেখেন, 'আজ আমি নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছি। তাঁর নাম শুভেন্দু অধিকারী। সততার শক্তি অপরিসীম। অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই চালিয়ে যেতে হয়।' তিনি আরও বলেন, 'আজ মমতা আর আমি-দুজনেই শোকাহত। আমি আমার একমাত্র মেয়েকে হারিয়েছি এবং মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছি। আর তিনি হারিয়েছেন ১৪ তলার চেয়ার।'

২০২৪ সালের ৮ ও ৯ আগস্টের মধ্যরাতে কলকাতার রাষ্ট্রায়ত্ত আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ৩১ বছর বয়সী এক পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসককে ধর্ষণ, নির্যাতন ও হত্যা করা হয়। হাসপাতালের সেমিনার কক্ষে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনার পর থেকেই প্রমাণ নষ্ট ও বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে। দেশজুড়ে চিকিৎসক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় পরাজয়ের পর বিজেপি সরকার ঘোষণা দেয়, মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে দোষীদের বিচারের আওতায় আনা হবে। গত সপ্তাহে কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের অধীনে তিন সদস্যের একটি বিশেষ তদন্ত দল (সিট) গঠনের নির্দেশ দেয়। ওই তদন্ত দল চিকিৎসকের শেষ রাতের ডিনার থেকে শুরু করে তাঁর দাহক্রিয়া পর্যন্ত পুরো ঘটনাপ্রবাহ খতিয়ে দেখবে।

রত্না দেবনাথ বরাবরই অভিযোগ করে আসছেন, এ ঘটনায় একাধিক ব্যক্তি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকলেও সবাই তদন্তের আওতায় আসেননি। 

বৈঠক শেষে সাংবাদিকদের রত্না দেবনাথ বলেন, 'আমি বিধায়ক হয়েছি ঠিকই, কিন্তু জীবনের সব আনন্দ হারিয়ে গেছে। আমার একমাত্র লক্ষ্য মেয়ের জন্য বিচার নিশ্চিত করা।' তিনি জানান, যেসব নাম তিনি মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছেন, সেগুলো আগেও তদন্তকারীদের দেওয়া হয়েছিল।

এদিকে, আরজি কর কাণ্ডের সময় দায়িত্বে থাকা আইপিএস কর্মকর্তা ভিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি ও অভিষেক গুপ্তর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 

আরও পড়ুন

×