ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৩১

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৩১
×

দক্ষিণ লেবাননের বেকা উপত্যকার মাশঘারা গ্রামে ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া বাড়িঘর। ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১১:০৫ | আপডেট: ২৭ মে ২০২৬ | ১১:০৬

দক্ষিণ ও পূর্ব লেবাননজুড়ে গতকাল মঙ্গলবার ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় কেবল দক্ষিণ লেবাননেই নারী ও শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার অঙ্গীকারের পর এই হামলা চালানো হলো। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। খবর বিবিসি ও আল জাজিরার।

গতকাল রাতে লেবাননের টায়ার ও মারজাইউন জেলার কয়েকটি আবাসিক এলাকায় হামলা চালায় ইসরায়েল। বুর্জ আল-শেমালি, হাব্বুশ, মারাকেহ, সেলা ও কাওতারিয়াত আল-রুজসহ একাধিক শহর ও গ্রাম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

এতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বুর্জ আল-শেমালিতে। সেখানে অন্তত ১৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু ও তিন নারী রয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। এ ছাড়া কাওতারিয়াত আল-রুজে পাঁচজন, হাব্বুশে চারজন এবং মারাকেহ এলাকায় ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিমান হামলায় দক্ষিণ লেবাননজুড়ে বেকা উপত্যকার মাশঘারা গ্রাম এবং বুর্জ আল-শামালিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে একদিনেই দক্ষিণ ও পূর্ব লেবাননের প্রায় ৫০টি শহর, উপজেলা ও গ্রামের মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। গতকাল প্রায় ১০ ঘণ্টা ধরে একের পর এক সতর্কবার্তা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানায়, এসব এলাকায় হামলা চালানো হতে পারে। তাই বাসিন্দাদের দ্রুত নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়।সবচেয়ে বড় নির্দেশনা দেওয়া হয় দক্ষিণ লেবাননের শহর নাবিতাহের বাসিন্দাদের। পুরো শহরের মানুষকে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে।

ইসরায়েলের প্রকাশ করা তালিকায় দক্ষিণ লেবাননের বহু শহর ও গ্রামের নাম রয়েছে। এর মধ্যে আছে জেবশিত, কফর সির, মাজদাল সিলম, মারাকা, জুয়াইয়া, দেইর কিফাসহ আরও অনেক এলাকা।

লেবাননের কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। এতে দেশটিতে নতুন করে উত্তেজনা বেড়েছে।
অন্যদিকে ইসরায়েল বলছে, তারা হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেই অভিযান চালাচ্ছে।

চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত লেবাননে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

লেবাননে অতর্কিত হামলার মধ্যেও কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ঘোষণা দিয়েছেন যে, ইসরায়েলি বাহিনী লেবাননে তাদের অভিযান আরও জোরালো করছে। ইসরায়েলি সেনারা এখন বড় আকারের স্থলবাহিনী নিয়ে অভিযান চালাচ্ছে এবং কৌশলগত গুরুত্বপূর্ণ উঁচু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে।

হিজবুল্লাহর বিরুদ্ধে এক মুহূর্তের জন্যও যুদ্ধ থামাচ্ছি না উল্লেখ করে নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, সামনে আরও বড় পদক্ষেপ আসছে। ইসরায়েলের নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হামলা চলবে।

আল জাজিরা বলছে, নেতানিয়াহুর এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, লেবাননে ইসরাইলের স্থল ও আকাশ অভিযান আরও বিস্তৃত হতে পারে। অন্যদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উন্নত ড্রোন প্রযুক্তি সীমান্ত সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন

×