ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফের আলোচনার টেবিলে ইরান আশাবাদী ট্রাম্প

ফের আলোচনার টেবিলে ইরান আশাবাদী ট্রাম্প
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৭:৩৮

| প্রিন্ট সংস্করণ

শান্তি আলোচনার টেবিল থেকে সাময়িকভাবে সরে গেলেও ফিরে এসেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ স্থগিতের জন্য দেওয়া প্রস্তাবিত চুক্তি খতিয়ে দেখছে তারা। গতকাল মঙ্গলবার ইরানের গণমাধ্যমের বরাতে উঠে এসেছে বিষয়টি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা চলছে। উত্তেজনা শুরুর পর তিন মাসের বেশি সময় পার হয়ে গেলেও এখনও কোনো কার্যকর চুক্তিতে আসতে পারেনি দুই পক্ষ।

ইরানের মেহের নিউজ এজেন্সি এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সাময়িক চুক্তির জন্য প্রস্তাবিত শর্তগুলোর বিষয়ে এখনও কোনো উত্তর দেয়নি ইরানি কর্তৃপক্ষ। তারা এ বিষয়ে ‘কঠোর’ পন্থা অবলম্বন করছে। ডোনাল্ড ট্রাম্প গত সোমবার জানান, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং আগামী সপ্তাহের যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে চুক্তি হবে বলে মনে করছেন তিনি।

ইরান এর আগে লেবাননে হামলাকে কেন্দ্র করে শান্তি আলোচনা থেকে সরে গিয়েছিল। তবে কয়েক ঘণ্টা পর দুই পক্ষের মধ্যে আবার আলোচনা শুরু হয় বলে জানিয়েছে আঞ্চলিক এক সূত্র।  
মধ্য মার্চ থেকে ট্রাম্প একাধিকবার বলেছেন, তিনি শান্তি চুক্তি স্বাক্ষরের খুব কাছে রয়েছেন। যদিও এ ধরনের যে কোনো চুক্তির ক্ষেত্রে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়গুলো সামনে চলে আসবে। ইরান এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা মেনে নেবে না বলে জানিয়ে রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি নয়। 

গত এপ্রিল থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে গত সপ্তাহে বেশ কয়েকবার ইরান ও যুক্তরাষ্ট্র একে অন্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরান বর্তমান প্রেক্ষাপটে সীমিত পরিসরের চুক্তি করতে চাইছে; যা তাদের বড় কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন করবে না, কিন্তু অভ্যন্তরীণ অর্থনৈতিক টানাপোড়েন কাটাতে সহায়তা করবে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা গতকাল জানিয়েছে, দেশটির সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের জন্য তিন দিনের রাষ্ট্রীয় কর্মসূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 
তেহরানের উপ-মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলি-জাদেহ জানান, তিন দিনের এ কর্মসূচির মধ্যে রাজধানী তেহরান ছাড়াও ধর্মীয় নগরী কোম এবং মাশহাদে শোকযাত্রা ও জনসমাগমের আয়োজন থাকবে। তেহরানে শেষকৃত্যের মূল অনুষ্ঠান অন্তত ২৪ ঘণ্টা ধরে চলবে।

এদিকে, এ সংঘাত ও উত্তেজনা এখনও তেলের দামে প্রভাব ফেলছে। গত সোমবার তেলের দাম কিছুটা বেড়েছিল। তবে গতকাল তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এরই মধ্যে সতর্ক করে বলেছেন, বৈশ্বিক তেলের মজুত ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে চলে আসতে পারে। 

লেবাননে হামলা
এদিকে, এসবের মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইরান এর আগে একাধিকবার বলেছে, তাদের শান্তি চুক্তির আওতায় লেবাননও থাকবে এবং সেখানে হামলা বন্ধ হতে হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, বৈরুতে আক্রমণ থেকে বিরত থাকতে হবে এমন যে কোনো সমঝোতা করা নিয়ে নিজ দেশে সমালোচনার মুখে পড়ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি বছরের শেষের দিকে ইসরায়েলে নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে নির্বাচনে নেতানিয়াহু পরাজিত হবেন এমনটাই ধারণা করা হচ্ছে।

আলজাজিরার খবর বলছে, যুদ্ধবিরতির লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধি দলের মধ্যে চতুর্থ দফার আলোচনা চলছে। লেবাননের আলোচক দল চেষ্টা করছে আক্রমণ থামাতে এবং নিজেদের দক্ষিণাঞ্চল দখল হয়ে যাওয়া ঠেকাতে। তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, দক্ষিণ লেবাননে অভিযান যে কোনো মূল্যে চলবে এবং সামরিক বাহিনী আক্রমণের পরিসর বাড়ানোর কথা ভাবছে।

নেতানিয়াহু ‘উন্মাদ’
লেবাননে চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের খবর বলছে, গত সোমবার এক ফোনালাপের সময় নেতানিয়াহুকে উন্মাদ বলে ডেকেছেন ট্রাম্প। মূলত ইরান লেবাননে হিজবুল্লাহর ওপর চলমান হামলাকে কেন্দ্র করে শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার যে হুমকি দিয়েছে, সেটিই ট্রাম্পের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেছেন, সবাই তার (নেতানিয়াহুর) কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে অপছন্দ করছে।

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের খবর বলছে, লেবাননের অনেক বেসামরিক ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছেন, সে বিষয়টি নিয়ে ট্রাম্প উদ্বিগ্ন। বিশেষ করে একজন হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করতে ইসরায়েল যেভাবে পুরো ভবন ধসিয়ে দিচ্ছে, তা নিয়ে আপত্তি রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। 
নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর ট্রাম্প জানান, ইসরায়েল ও হিজবুল্লাহ একটি আংশিক শান্তি চুক্তি করতে রাজি হয়েছে। পাশাপাশি তিনি নেতানিয়াহুর সঙ্গে হওয়া ফোনালাপকে ‘অত্যন্ত কার্যকরী’ হিসেবে অভিহিত করেন। 
সূত্র: রয়টার্স, দ্য ইন্ডিপেনডেন্ট, আলজাজিরা

 

আরও পড়ুন

×