মানুষের নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে এআই: অ্যানথ্রোপিক
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানি অ্যানথ্র্রোপিকের লোগো। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৬:০১ | আপডেট: ০৫ জুন ২০২৬ | ১৬:০৩
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) শক্তিশালী ব্যবস্থাগুলোর উন্নয়ন সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানিয়েছে অ্যানথ্রোপিক। কারণ হিসেবে কোম্পানিটি বলছে, বর্তমানের সর্বাধুনিক মডেলগুলো এরইমধ্যে মানুষের নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে।
সান ফ্রান্সিসকোভিত্তিক এই কোম্পানিটিও ‘ক্লদ’ নামে জনপ্রিয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের প্রতিষ্ঠাতা। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, একদম অত্যাধুনিক বা ফ্রন্টিয়ার এআই উন্নয়নে ধীরগতি নিশ্চিত করা গেলে তা বিশ্বের জন্যই ভালো হবে। তবে কেবল একটি প্রতিষ্ঠান কাজ থামিয়ে দিলে হবে না।
অ্যানথ্রোপিক উল্লেখ করেছে, স্থগিতের সিদ্ধান্তটি বাস্তবে কার্যকর করতে হলে যুক্তরাষ্ট্র ও চীনের একাধিক শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানকে একসঙ্গে সিদ্ধান্তে আসতে হবে।
তবে অ্যানথ্রোপিকের প্রস্তাবটি এক্সএআই ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের পছন্দ নাও হতে পারে। কারণ, স্পেসএক্স এরই মধ্যে শেয়ারবাজারে প্রবেশের ঘোষণা দিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার আশায় আছেন।
এআইয়ের নিয়ন্ত্রণহীন উন্নয়নকে অ্যানথ্রোপিক ‘পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির’ সঙ্গে তুলনা করেছে। তারা সতর্ক করে বলেছে, একটি ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখার চাইতে এআই প্রশিক্ষণ লুকিয়ে রাখা অনেক সহজ।
বৃহস্পতিবার বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে অংশ নিয়ে অ্যানথ্রোপিকের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক বলেন, বর্তমানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, এআই শিল্পের কাছে কেবল গতি বাড়ানোর এক্সিলারেটর আছে। কিন্তু কোনো ব্রেক পেডাল নেই।
- বিষয় :
- এআই
- সতর্কবার্তা
