ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী বিক্ষোভে বসতবাড়ি, যানবাহনে আগুন

যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী বিক্ষোভে বসতবাড়ি, যানবাহনে আগুন
×

আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন মুখোশধারী বিক্ষোভকারীরা। মঙ্গলবার বেলফাস্টে। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ১৫:২৮

যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে অভিবাসনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিক্ষোভকারীরা বিভিন্ন যানবাহন ও ভবনে আগুন ধরিয়ে দিলে সড়কে চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার সূত্রপাত হয় ছুরিকাঘাতের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর। এতে দেখা যায়, রাস্তায় এক ব্যক্তিকে আরেকজন ছুরি দিয়ে আঘাত করছেন। অভিযুক্ত ব্যক্তি সুদানের শরণার্থী। ঘটনাটির প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় অভিবাসনবিরোধীরা বেলফাস্টের বিভিন্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীদের অধিকাংশের মুখে মাস্ক ছিল। ইমরান নামে ভারতীয় বংশোদ্ভূত এক অভিবাসী এএফপিকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষোভকারীরা প্রথমে একটি ডাস্টবিনে আগুন ধরিয়ে দেয়। এরপর সেখানে পুলিশ যায়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পেট্রোল বোমা ছুড়তে থাকে। 

বিক্ষোভ শুরুর আগে যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী কর্মী টমি রবিনসনের একটি এক্স পোস্ট রিটুইট করেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। মন্তব্যে তিনি লিখেন, জোরালোভাবে প্রতিবাদ করলেই পরিবর্তন আসবে।

বেলফাস্টে বিক্ষোভের সময় স্কাই নিউজে প্রচারিত প্রতিবেদনে বিভিন্ন ভবনে আগুন জ্বলতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন পুলিশের হেলিকপ্টারগুলো শহরের ওপর টহল দিচ্ছিল। উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল এই বিক্ষোভের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে এক্সে লিখেন, মুখোশধারীদের দল ঘরবাড়িতে আগুন দিয়ে বাসিন্দাদের তাড়িয়ে দিচ্ছে। এটি কাপুরুষের মতো কাজ।

অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজ ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্তের বিস্তারিত তথ্য প্রকাশের দাবি করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তির ২০২৮ সাল পর্যন্ত যুক্তরাজ্যে থাকার বৈধ অনুমতি আছে। আর উত্তর আয়ারল্যান্ডের পুলিশ প্রধান জন বুচার জানান, ওই ব্যক্তি ২০২৩ সালে প্যারিস ও ডাবলিন হয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেন।

স্থানীয় প্রশাসন ছুরিকাঘাতের ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় সময় বুধবার আদালতে তোলার কথা আছে।

আরও পড়ুন

×