হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ
ছবি: সংগৃহীত
আল জাজিরা
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১১:২৫ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ১১:৫৪
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজারের বেশি নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (আইএমও)। যুদ্ধবিরতির লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিনগুয়েজ বলেন, ইরান, ওমান ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য উপকূলীয় রাষ্ট্র, যুক্তরাষ্ট্র এবং সমুদ্র পরিবহন খাতসংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালিত হবে। তিনি জানান, নাবিকদের নিরাপদে সরিয়ে নিতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি নৌ চলাচলের পরিবেশ ও ঝুঁকি পরিস্থিতিও বিস্তারিতভাবে মূল্যায়ন করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টাপাল্টি আক্রমণের মধ্য দিয়ে অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। এর জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। ফলে বহু বাণিজ্যিক জাহাজ এবং হাজারো নাবিক সেখানে আটকা পড়েন। পরবর্তীতে যুদ্ধ বন্ধ ও স্থায়ী শান্তিচুক্তির পথ সুগম করতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা একটি সমঝোতা স্মারকে সই করেন। এরপর থেকেই ধীরে ধীরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত সোমবার এক দিনেই অন্তত ৩৬টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যুদ্ধ শুরুর পর এক দিনে এত সংখ্যক জাহাজ চলাচলের ঘটনা বিরল ছিল। ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাবিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছিল। এখন ধাপে ধাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এদিকে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল নির্বিঘ্ন রাখতে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে গৃহীত বহুজাতিক উদ্যোগে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক।
- বিষয় :
- ইরান
- যুক্তরাষ্ট্র
- হরমুজ প্রণালি
- জাতিসংঘ
