ইরানি ট্যাংকারে ফের মার্কিন হামলা, থাইল্যান্ডের জাহাজে হামলা তেহরানের
হরমুজ প্রণালিতে একটি মিসাইল ডেস্ট্রয়ারের ওপর একজন মার্কিন নাবিককে দেখা যাচ্ছে। ছবি: ইউএস নেভি/এএফপি/গেটি ইমেজেস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ০৩:৩০
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত ও নৌ অবরোধের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। দুই দিনের ব্যবধানে ইরানের খার্গ দ্বীপের কাছে নোঙর করা একটি ইরানি তেল ট্যাংকারে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। অন্যদিকে, নিজেদের জলসীমায় আধিপত্য বজায় রাখার অংশ হিসেবে হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী।
বুশেহরের ডেপুটি গভর্নর জানিয়েছেন, খার্গ দ্বীপের কাছে নোঙর করা খালি তেল ট্যাংকার 'বেলমা এনআই২২'-এর ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালিয়েছে। দুটি মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে এই আঘাত হানা হয়। উল্লেখ্য, দুই দিন আগেও এই একই ট্যাংকারে হামলা চালিয়ে অকেজো করার দাবি করেছিল মার্কিন বাহিনী।
অন্যদিকে, হরমুজ প্রণালিতে বিদেশি বাণিজ্যিক জাহাজের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও জাহাজটি ইরানের নৌবাহিনীর অনুমতি ছাড়াই প্রণালি পারাপারের চেষ্টা করছিল, যার পরিণতিতে এই হামলা চালানো হয়।
সূত্র: আল-জাজিরা
- বিষয় :
- মধ্যপ্রাচ্য
- যুক্তরাষ্ট্র
- ইরান