ভাষানটেকে এক ব্যক্তিকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ০১:৫৪ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ০১:৫৮
রাজধানীর ভাষানটেক এলাকায় কাউসার মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়। পরে এ ঘটনায় ভাষানটেক থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন সমকালকে বলেন, একজনকে পিটিয়ে জখম করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং পরে হাসপাতালে যায়। কী কারণে বা কারা তাঁকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তে এ বিষয়ে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে।
ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. সুমা বাদী হয়ে ভাষানটেক থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। নিহত কাউসার মোল্লার বিরুদ্ধে মাদক কারবার ও চুরিসহ বিভিন্ন অভিযোগে আগে থেকেই ১০টি মামলা রয়েছে।
স্ত্রীর দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে ভাষানটেক থানার ৩ নম্বর ধামালকোট এলাকার সোবহান রোডের মাথায় মোমিন খানের রিকশা গ্যারেজের সামনে কাউসার মোল্লাকে সংঘবদ্ধভাবে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর দুই পা ভাঙা, মাথার মাঝখানে কাটা জখমসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।
এজাহারে বাদী অভিযোগ করেন, অজ্ঞাতনামা ব্যক্তিদের সংঘবদ্ধ মারধর ও গণপিটুনিতে গুরুতর আহত হওয়ার কারণেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
- বিষয় :
- রাজধানী
- পিটিয়ে হত্যা