যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতে আঘাত ইরানের
যুক্তরাষ্ট্র ও ইরানের জাতীয় পতাকা
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ০৯:১৫ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ | ০৯:২২
| প্রিন্ট সংস্করণ
ইরান গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছিল এবং তা তেহরানে নিয়ে যান ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জায়িদি। এমন একসময় এ ঘটনা ঘটল, যখন ট্রাম্প যুদ্ধের পরিসর বাড়ানোর হুমকি দিচ্ছেন এবং ইরানের জরুরি অবকাঠামো লক্ষ্য করে হামলা চলছে।
যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যানের খবরটি অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন খ্যাতনামা মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। আলি আল-জায়িদি ইরান সফরের কয়েক দিন আগেই ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বসেছিলেন।
এদিকে, ইরাক এরই মধ্যে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত ওই খবর প্রত্যাখ্যান করে জানিয়েছে, এ রকম কোনো প্রস্তাব তারা নিয়ে যায়নি। ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, নিউইয়র্ক টাইমসে গত বৃহস্পতিবার যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। ইরাকি নিউজ এজেন্সির প্রকাশিত খবরে জানা গেছে তথ্যটি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, সংবাদমাধ্যমগুলো যাতে সরকারি সূত্রের কাছ থেকে সংবাদ সংগ্রহ করে এবং তথ্য যাচাই করে। তারা অজ্ঞাত সূত্রের বরাতে খবর প্রকাশ ও ছড়ানো থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে।
নিউইয়র্ক টাইমসের খবর বলছে, যুদ্ধবিরতি প্রস্তাবে কী ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। অন্যদিকে এ বিষয়ে ইরানের অজ্ঞাতনামা কর্মকর্তারা জানান, শুধু একটি প্রস্তাবই দেওয়া হয়েছে এবং তাদের সরকার এমন কোনো অস্থায়ী চুক্তিতে আগ্রহী নয়, যা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের বিষয়টিকে অস্পষ্ট রেখে দেয়।
নিউইয়র্ক টাইমসের খবরে আরও বলা হয়, তেহরানে প্রতিনিধি দলসহ সফর করেন আল-জায়িদি। সেখানে তাদের সঙ্গে জ্যেষ্ঠ ইরাকি কর্মকর্তাদের বৈঠক হয় এবং দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও আলোচনায় বসেন তারা। আলোচনায় আরও উপস্থিত ছিলেন ইরানের শীর্ষ আলোচক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে আরাঘচি বলেন, ইরান ও ইরাকের সীমান্ত রয়েছে। পারস্পরিক অর্থনৈতিক, রাজনৈতিক ও সুরক্ষা স্বার্থ ও নিবিড় সম্পর্ক রয়েছে। বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে এই সফর গুরুত্বপূর্ণ। আরাঘচি আরও বলেন, আল-জায়িদি ওয়াশিংটন সফরের পর নিজ দৃষ্টিভঙ্গি ও মনোভাব তুলে ধরেছেন। তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আগে থেকেই যথেষ্ট মধ্যস্থতাকারী রয়েছে। তিনি বলেন, ‘সমস্যা বার্তা সরবরাহে নয়। সমস্যা যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে, যা অযৌক্তিক, লোভী ও নিয়ন্ত্রণের মানসিকতার।’
গত কয়েক সপ্তাহ ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। মার্কিন বাহিনী ইরানের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে। পাশাপাশি রেলপথ, বিমানবন্দর, সেতু ও বন্দরগুলোতেও হামলা হচ্ছে। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।
হামলা-পাল্টা হামলা
ইরানে গত বৃহস্পতিবার টানা ১৩তম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে বরাবরের মতোই পাল্টা আঘাত হেনেছে ইরান। হামলা হয়েছে জর্ডান, বাহরাইন ও কুয়েতে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে তারা হামলা চালিয়েছে। অন্যদিকে বাহরাইন ও কুয়েত জানিয়েছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
যুক্তরাষ্ট্র ১৩তম রাতের হামলায় খোররামবাদ, জাস্ক, আহভাজ, বন্দর আব্বাস ও কেশম দ্বীপে হামলা চালিয়েছে। আহভাজে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় চার ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন। এ ছাড়া বন্দর আব্বাসে দুজন আহত হয়েছেন মার্কিন হামলায়। এদিকে, পার্শ্ববর্তী ইরাকের ইরবিলে এক ড্রোনের কারণে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর আবার খুলে দেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, এ ধরনের আগ্রাসন চলতে থাকলে ট্রাম্পকে যুদ্ধ অবসানের জন্য ভারী মূল্য দিতে হবে।
ইরানের হুমকি, যুক্তরাজ্য প্রস্তুত
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্য এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে ভূমিকা রাখছে। অন্যদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, যে দেশ যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে সমর্থন করবে, তারা যেন পরিণতি ও প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকে। গত বৃহস্পতিবার এসব কথা বলে তারা।
বিবিসির খবর বলছে, মূলত যুক্তরাজ্যের ঘাঁটিগুলোতে হামলার ইঙ্গিত দিয়েছে ইরান। পাল্টা জবাবে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সব সময় নিজেদের প্রতিরক্ষায় প্রস্তুত।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রস্তাব থাকা সত্ত্বেও যুক্তরাজ্য এই যুদ্ধে জড়াতে রাজি হয়নি। তবে তারা যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক অভিযান চালাতে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে।
- বিষয় :
- ইরান যুদ্ধ
- হরমুজ প্রণালি
- যুদ্ধ