ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিরোধিতা
জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্কের মেয়াদ ৪ বছর বাড়ল
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ০৪:২০
রাশিয়া, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর দেশগুলোর বিরোধিতা সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের মেয়াদ আরও চার বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শুক্রবার ১৯৩ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদে বিপুল ভোটের ব্যবধানে এই মেয়াদ বৃদ্ধির প্রস্তাবটি সমর্থিত হয়।
শুক্রবারের এই ভোটাভুটিতে সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪৪টি দেশ ভলকার তুর্কের মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে বিপক্ষে ভোট পড়েছে মাত্র ১০টি এবং ১৩টি দেশ ভোটদান থেকে নিজেদের বিরত রেখেছে।
ভোটাভুটির আগে ২০২৬ সালের শেষ পর্যন্ত অর্থাৎ তুর্কের মেয়াদ মাত্র দুই মাসের কিছু বেশি সময় বাড়ানোর জন্য একটি পাল্টা প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়া। তবে সাধারণ পরিষদের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ সেই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়ে তা সরাসরি খারিজ করে দেয়।
আগামী অক্টোবরে ভলকার তুর্কের বর্তমান মেয়াদ শেষ হতে যাচ্ছে। তাঁর জন্য দ্বিতীয় দফায় এই চার বছরের মেয়াদের প্রস্তাবটি করেছিলেন স্বয়ং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, যিনি অতীতে তুর্কের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। উল্লেখ্য, গুতেরেস আগামী ডিসেম্বরে মহাসচিবের পদ থেকে সরে দাঁড়াবেন।
সূত্র: আল-জাজিরা
- বিষয় :
- রাশিয়া
- ইসরায়েল
- যুক্তরাষ্ট্র
- জাতিসংঘ