মাঝ আকাশে টার্বুল্যান্সে ৩০০ ফুট নিচে নেমে যায় এয়ার ইন্ডিয়ার বিমান, আহত ১৪
আহত যাত্রীরা
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৮:১৬
থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লাগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে ভয়াবহ টার্বুল্যান্সের কবলে পড়ে প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। মঙ্গলবার ঘটে যাওয়া এ ঘটনায় অন্তত ১৪ জন যাত্রী ও কেবিন ক্রু আহত হয়েছেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়া জানায়, এআই২৩৭৯ ফ্লাইটটি মঙ্গলবার ফুকেট থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যায়। যাত্রার শুরুতে আবহাওয়া স্বাভাবিক থাকলেও মাঝপথে হঠাৎ প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হয়। এর ফলে বিমানটি তীব্র টার্বুল্যান্সের মুখে পড়ে এবং কয়েক মুহূর্তের জন্য দ্রুত নিচের দিকে নেমে যায়।
সাধারণত এমন পরিস্থিতিতে যাত্রীদের আগেভাগেই সিটবেল্ট বেঁধে রাখার নির্দেশ দেওয়া হয়। তবে এ ঘটনায় আবহাওয়ার দ্রুত অবনতির কারণে আগাম সতর্কবার্তা দেওয়ার সুযোগ পাননি পাইলট।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে পাইলট বিমানটি নিরাপদে চালিয়ে যান। পরে বেলা সাড়ে ১১টার দিকে বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। তবে এ ঘটনার কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ের কিছুটা পরে গন্তব্যে পৌঁছায়।
বিমান অবতরণের আগেই পাইলট কর্তৃপক্ষকে পুরো ঘটনা জানান। সে অনুযায়ী বিমানবন্দরে চিকিৎসকদের একটি বিশেষ দল প্রস্তুত রাখা হয়। অবতরণের পর আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে এক কেবিন ক্রুর অবস্থা তুলনামূলক গুরুতর, আর কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, টার্বুল্যান্সের কারণ ও পুরো ঘটনা তদন্ত করে দেখা হবে। পাশাপাশি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছে বিমান সংস্থাটি।
- বিষয় :
- এয়ার ইন্ডিয়া