ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬

জেটস্কি উল্টে সাগরে ১৬ ঘণ্টা ভাসলেন বাবা ও দুই ছেলে

জেটস্কি উল্টে সাগরে ১৬ ঘণ্টা ভাসলেন বাবা ও দুই ছেলে
×

ছবি: ডেইলি মেইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ২১:২৭

থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ কো সামুইয়ের কাছে জেটস্কি উল্টে সাগরে ১৬ ঘণ্টার বেশি সময় ভেসে ছিলেন এক ফরাসি বাবা ও তার দুই ছেলে। পরে উদ্ধারকারীরা তাদের জীবিত উদ্ধার করেন। সাগরের পানিতে দীর্ঘ সময় থাকার পর তারা ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছিলেন।

স্থানীয় সরকারি কর্মকর্তা আমর্ন চমচই বার্তা সংস্থা এএফপিকে জানান, ৫০ বছর বয়সী ওই বাবা এবং তার পাঁচ ও সাত বছর বয়সী দুই ছেলে প্রচুর পানি গিলে ফেলেছিলেন। তাদের ফ্যাকাশে ও ক্লান্ত দেখাচ্ছিল। উদ্ধারের পর তিনজনকেই হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর অল্প সময়ের মধ্যেই তাদের ছেড়ে দেওয়া হয়।

৪৫ মিনিটের জন্য জেটস্কি ভাড়া
ব্যাংকক পোস্টের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে কো সামুইয়ে ৪৫ মিনিটের জন্য জেটস্কি ভাড়া করেন ওই বাবা। নির্ধারিত সময়ের মধ্যে জেটস্কি ফেরত না দেওয়ায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে কর্তৃপক্ষকে জানানো হয়।

এরপর উদ্ধারকারীরা স্পিডবোট ও কয়েকটি জেটস্কি নিয়ে কো সামুইয়ের আশপাশের সাগরে তল্লাশি শুরু করেন। পাশের কো ফাঙ্গান দ্বীপের দিকেও তল্লাশি চালানো হয়।

তবে রাত হয়ে যাওয়ায় একপর্যায়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরদিন সকালে আবার তল্লাশি শুরু হলে স্থানীয় সময় সকাল ১০টার দিকে সাগরে ভাসমান অবস্থায় বাবা ও তার দুই ছেলেকে খুঁজে পান উদ্ধারকারীরা।

উত্তাল ঢেউয়ে বন্ধ হয়ে যায় ইঞ্জিন
ওই বাবা কর্তৃপক্ষকে জানিয়েছেন, জেটস্কি ভাড়ার সময়সীমা শেষ হওয়ার দিকে সাগরের উত্তাল ঢেউ জেটস্কিটিকে আঘাত করে। এতে সেটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে জেটস্কিটি উল্টে গেলে তারা সাগরে পড়ে যান।

উদ্ধারের একটি ভিডিওতে দেখা যায়, উত্তাল ঢেউয়ের মধ্যে জেটস্কির সামনের অংশে পাঁচ বছর বয়সী এক শিশু বসে আছে। জেটস্কিটির বাকি অংশ পানিতে ডুবে ছিল। পাশে ভাসতে থাকা বাবা উদ্ধারকারীদের দিকে হাত নাড়ছিলেন। বাবা ও শিশুটির গায়ে লাইফ জ্যাকেট ছিল।

নেশন থাইল্যান্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ওই পরিবারের মা ও বড় মেয়ে সৈকতে অপেক্ষা করছিলেন। পরে উদ্ধারকারীরা বাবা ও দুই ছেলেকে নিরাপদে তীরে ফিরিয়ে আনেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারের পর পরিবারটি থাইল্যান্ডেই অবস্থান করছে এবং তাদের ছুটি কাটানোর পরিকল্পনা অব্যাহত রেখেছে।
সূত্র: বিবিসি

আরও পড়ুন

×