পাকিস্তানে নতুন আইন পাস
একজনের নিয়ন্ত্রণে ৩ বাহিনী
আসিম মুনির
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:৫৭
পাকিস্তানের সংসদে পাস হয়েছে নতুন প্রতিরক্ষা আইন। সেই আইনের মাধ্যমে তৈরি করা হয়েছে ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’ বা সিডিএফ নামে নতুন পদ এবং তা দেওয়া হয়েছে ফিল্ড মার্শাল আসিম মুনিরকে। এর মধ্য দিয়ে কার্যত এক পদের অধীনে চলে এলো সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের খবর বলছে, আসিম মুনির সিডিএফের পাশাপাশি সেনাপ্রধানের দায়িত্বও পালন করবেন।
পুরো বিষয়টিকে পাকিস্তানের সামরিক বাহিনীর জন্য বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ১৯৭৬ সালের পর পাকিস্তানের সামরিক কমান্ড কাঠামো সবচেয়ে বড় পুনর্গঠনের মধ্য দিয়ে গেল। এতদিন তিন বাহিনীর সমন্বয়ের দায়িত্ব থাকত জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানের কাছে। তবে তাঁরও তিন বাহিনীকে সরাসরি নিয়ন্ত্রণের কোনো আইনি ক্ষমতা ছিল না।
নতুন আইনে সেটিকে বদলে দেওয়া হয়েছে। সিডিএফ এখন তিন বাহিনীকে নির্দেশনা দিতে পারবেন। প্রয়োজন হলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে একই নির্দেশ দিতে পারবেন তিনি। সিডিএফ পদে যিনি থাকবেন, তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট করবেন।
এদিকে, বিষয়টি নিয়ে এরই মধ্যে দেশটির ভেতরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পাকিস্তানের এক অবসরপ্রাপ্ত থ্রি-স্টার জেনারেল জানান, পুরোনো ব্যবস্থার তুলনায় নতুন ব্যবস্থায় একক পদের হাতে এখন অনেক বেশি বাস্তব ক্ষমতা থাকবে।
- বিষয় :
- পাকিস্তান