ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানের নৌযানের সংঘর্ষ, কঠোর প্রতিবাদ নয়াদিল্লির
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪১
আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমায় এ ঘটনার পর পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে কঠোর প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি অভিযানে থাকা ভারতের একটি সম্মুখসারির যুদ্ধজাহাজের কাছাকাছি চলে আসে পাকিস্তানি নৌযান। ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে ওই পাকিস্তানি যুদ্ধজাহাজ ভারতীয় জাহাজটির পাশ দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় সংঘর্ষ ঘটে।
সূত্রগুলো বলেছে, পাকিস্তানি নৌযান উচ্চগতিতে এগিয়ে আসছিল এবং অনিরাপদ ও অপেশাদার কায়দায় দিক পরিবর্তন করছিল। এর ফলেই সংঘর্ষ ঘটে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনায় জড়িত দুই নৌযানের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সূত্রগুলোর দাবি, পাকিস্তানের ‘হুনাইন’ শ্রেণির একটি করভেটের সঙ্গে ভারতের সম্মুখসারির যুদ্ধজাহাজের সংঘর্ষ হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পাকিস্তানের কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করে আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌবাহিনীর ইউনিটগুলোর অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল বুধবার দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, পাকিস্তানি নৌযানের আচরণ ১৯৯১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। ওই চুক্তিতে সামরিক মহড়া, কৌশলগত অনুশীলন ও সেনা চলাচলের বিষয়ে আগাম তথ্য দেওয়ার বিধান রয়েছে।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করতে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে বলা হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান প্রাসঙ্গিক চুক্তিগুলোর বিধান মেনে চলার প্রয়োজনীয়তা জানাতে পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বলা হয়েছে। পাকিস্তানের কূটনীতিককে ভারতের এই বার্তা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও পৌঁছে দিতে বলা হয়েছে।