ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

রামলীলা ময়দানে ভোট চুরির অভিযোগে সরব ইন্ডিয়া জোট

রামলীলা ময়দানে ভোট চুরির অভিযোগে সরব ইন্ডিয়া জোট
×
×

‘চলো দিল্লি’ পদযাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে ইন্ডিয়া জোটের নেতারা। রোববার দিল্লিতে। ছবি: হিন্দুস্থান টাইমস

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্থান টাইমস

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৭:১১ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ১৭:৪২

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবিতে রোববার রামলীলা ময়দানে সমাবেশ করছে ইন্ডিয়া জোট। দিল্লির বিশাল এই ময়দান বিকেলে হাজারো মানুষের উপস্থিতিতে ভরে গেছে। পদযাত্রা নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধীসহ জোটের কয়েকজন শীর্ষ নেতা।

‘চলো দিল্লি’ নামের ওই পদযাত্রা মিন্টো রোড- কনট প্লেস মোড় থেকে শুরু হয়। এতে রাহুলের সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে রামলীলা ময়দানে মঞ্চে উঠে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব বলেন, ‘সাধারণত এই মাঠে রামায়ণ হয়। কিন্তু আজ এখানে মহাভারত হচ্ছে। শকুনি যদি আজ নিজের চাল চালেন, তাহলে আমাদের এই জায়গাকে কুরুক্ষেত্রে পরিণত করতে হবে। এই জ্ঞানু (সিইসি জ্ঞানেশ কুমার) মোদির হাতের পুতুল।’

ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস জানিয়েছে, সমাবেশে অংশগ্রহণকারীরা সাদা পোশাক পরে এসেছেন। তাদের সাজানো হয়েছে ‘ভূতের’ মতো করে। ভোটার তালিকায় যাদের মৃত দেখানো হয়েছে বা যাদের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের প্রতীকীভাবে তুলে ধরতে এই উদ্যোগ।

সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বে আছেন ৩ হাজারের বেশি পুলিশ ও ১০ হাজার আধাসামরিক বাহিনীর সদস্য। সমাবেশস্থলের পাশাপাশি ভিড় যাতে যন্তর মন্তরের দিকে যেতে না পারে, সেদিকে তারা নজর রাখবেন।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রকাশ্যে অভিশংসন প্রস্তাব আনার একদিন পর এই সমাবেশ হচ্ছে। অভিশংসন প্রস্তাবের পর রাহুল গান্ধী বলেন, এই লোককে পদে থাকতে না দেওয়ার জন্য যথেষ্ট প্রমাণ আছে। এরপরও যদি বিজেপি পদে রাখতে চায়, তাহলে সবার কাছে উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাবে।

এর জবাবে বিজেপি বলেছে, বিরোধীরা চাইলে রাহুল গান্ধীকে তাদের ‘নামসর্বস্ব প্রধানমন্ত্রী’ ঘোষণা করতে পারে।

এদিকে ইন্ডিয়া জোটের সমাবেশের বিপরীতে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে বিজেপি। হরিয়ানায় ওই সমাবেশের নেতৃত্ব দেবেন দলটির সভাপতি নিতিন নবীন।

আরও পড়ুন

×