ফিলিস্তিনিদের সঙ্গে বর্ণবাদী আচরণ চলছে : ইসরায়েলি মানবাধিকার সংস্থা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১ | ০৫:২৫
ইসরায়েলকে একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছে দেশটির একটি প্রভাবশালী মানবাধিকার সংস্থা বি’সেলেম। মঙ্গলবার প্রকাশিত সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনি জনগণ ও ইহুদিদের ক্ষেত্রে দেশটির দুই রকম আইন চালু রয়েছে, যা রীতিমতো বৈষম্যমূলক ও বিভেদ সৃষ্টিকারক। তবে ইসরায়েলের সরকার ও সমর্থকরা এধরনের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরকার এমন এক আইন তৈরি করেছে, যাতে ইহুদি ধর্মালম্বীদের নাগরিক অধিকার পুরোপুরি রক্ষা করা হয়েছে। কিন্তু তাদের দখলকৃত চারটি এলাকায় যেসব ফিলিস্তিনি বাস করেন, তাদের অধিকার ক্ষূণ্ন করা হয়েছে। তাদের জন্য আইন স্বতন্ত্র এবং স্বতন্ত্র আইনে তাদের জীবনযাত্রার মানকে ইহুদি নাগরিকদের সমতুল্য ধরা হয়নি।
বি’সেলেমের পরিচালক হাগাই এল-আদ বলেন, এক সরকারের নিয়ন্ত্রণে একই ভৌগোলিক এলাকায় বসবাসকারী দুটি নাগরিক গোষ্ঠীর মধ্যে এরকম বিভেদ চলতে পারে না। এটা গণতান্ত্রিক নিয়ম নয়, এটা হলো স্বেচ্ছাচার ও বৈষম্য। এটা বর্ণবাদী আচরণ।
প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, ইসরায়েল চাইছে জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ইহুদি আধিপত্য কায়েম করতে। তারা এমন নিয়ম প্রতিষ্ঠা করতে চায়, যেখানে ইহুদিরা অভিজাত আর ফিলিস্তিনিরা তাদের চেয়ে কম মর্যাদা নিয়ে বাস করতে বাধ্য হবে।
প্রতিবেদনে এই আইনের ফলে ফিলিস্তিনিরা তাদের ন্যায্য নাগরিক অধিকার থেকে বঞ্চিত হবে বলে উল্লেখ করা হয়। ইসরায়েলের অধিকৃত চারটি এলাকা হলো গাজা উপত্যকা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও ইসরায়েল।
- বিষয় :
- ইসরায়েল
- ফিলিস্তিন
- বর্ণবাদী আচরণ
