যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রধান বরখাস্ত
রিচার্ড স্পেন্সার- সিএনএন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৮:২৮
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রধান রিচার্ড স্পেন্সারকে বরখাস্ত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার।
দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে তাকে বরখাস্ত করা হয়েছে। খবর বিবিসির।
প্রতিরক্ষা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, ট্রাম্পের সঙ্গে তার মতবিরোধের সূত্রপাত এডওয়ার্ড গালেগার নামে এক নেভি কর্মকর্তা ও তার দুই সহকর্মীকে নিয়ে। ইরাকে বেসামরিক লোকজনের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ মামলা নিয়ে পেন্টাগন ও ট্রাম্পের মধ্যে নজিরবিহীন উত্তেজনা শুরু হয়। তবে সেসব ছাপিয়ে এক যুদ্ধবন্দির লাশ নিয়ে ছবি পোস্ট দেওয়ার অভিযোগে স্পেন্সারকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া প্রতিরক্ষামন্ত্রীকে পাশ কাটিয়ে হোয়াইট হাউসকে ব্যক্তিগতভাবে সমঝোতার প্রস্তাব দেওয়ার মাধ্যমে চেইন অব কমান্ড ভাঙার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
রয়টার্সের খবরে বলা হয়, দোষী হিসেবে তার পদাবনতি হলেও তা পুনর্বহাল করে হোয়াইট হাউস। পরে নৌবাহিনীর এক চিঠিতে তাকে ডিসিপ্লিনারি রিভিউয়ের মুখোমুখি হওয়ার কথা বলা হয়। এ অবস্থায় বহিস্কারের ঝুঁকিতে পড়েন তিনি। এ নিয়ে বিরোধের জেরেই শেষ পর্যন্ত বহিস্কার করা হয় নৌবাহিনী প্রধান রিচার্ড স্পেন্সারকে।
স্পেন্সার গত সপ্তাহে এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পের সিদ্ধান্তের পরও গালেগারকে পিয়ার রিভিউ বোর্ডের সামনে দাঁড়াতে হতে পারে। তার এমন মন্তব্যেই ট্রাম্পের সঙ্গে মতবিরোধের সূত্রপাত বলে আভাস পাওয়া গেছে।