ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

রাজ্যসভায় নাগরিকত্ব বিল উঠছে আজ

রাজ্যসভায় নাগরিকত্ব বিল উঠছে আজ
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ২৩:২৫ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ | ০১:২৯

ভারতের লোকসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পাস হওয়ার পর বুধবার রাজ্যসভায় পেশ করা হতে পারে। 

সোমবার মধ্যরাতে লোকসভায় পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল। বিরোধীদের আপত্তি এবং উত্তরপূর্বে ব্যাপক বিক্ষোভের মধ্যেই ৩১১-৮০ ভোটে বিলটি পাস হয়।

রাজ্যসভার মোট আসন ২৪৫। বর্তমানে সাংসদ রয়েছেন ২৪০ জন। তাই সংখ্যাগরিষ্ঠতার জন্য বিজেপির প্রয়োজন ১২১ ভোট। এই মুহূর্তে রাজ্যসভায় বিজেপির নিজস্ব সংসদ সদস্য রয়েছে ৮১। আর সব মিলিয়ে এই বিলের পক্ষে সংসদ সদস্য আছেন ১২৮ জন, যা সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র সাতজন বেশি। খবর আনন্দবাজার পত্রিকার।

অন্যদিকে, বিরোধীদের পক্ষে রয়েছে ১০৯টি ভোট। ব্যবধান কম হওয়ায় যে কোনো সময় সমীকরণ পাল্টাতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক বিজেপি নেতা।

বিজেপির চিন্তা আরও বাড়িয়েছে শিবসেনা। লোকসভায় শিবসেনা নাগরিকত্ব বিলের পক্ষে ভোট দিলেও, রাজ্যসভার ভোটে বিরোধী শিবিরের সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত দিয়েছে উদ্ধব ঠাকরের দল। 

তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের দাবি, ‘শিবসেনার এক শীর্ষ নেতাও জানিয়েছেন, রাজ্যসভায় বিলের বিরোধিতা করবেন তারা। সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার আশ্বাস দিয়েছেন শিবসেনা নেতা।’

বিলের বিরোধিতা করে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকর বলেছেন, ‘বিল ঘিরে অনেক প্রশ্ন রয়েছে।’

তবে শিবসেনাকে নিয়ে আশঙ্কা থাকলেও শরিক জেডিইউ, অকালি এবং অগপ পাশে থাকার বার্তা দিয়েছে। এনডিএ-র বাইরে থাকলেও বিলকে সমর্থন করার কথা জানিয়েছে বিজু জনতা দল। 

তবে নাগা পিপলস ফ্রন্টের সমর্থন সরকারের পক্ষে থাকবে বলে বিজেপি আশা করলেও, তাদের চূড়ান্ত অবস্থান নিয়ে সংশয় রয়েছে। মেঘালয়ে আগাথা সাংমার দল জানিয়ে দিয়েছে, তারা ভোটাভুটিতে অংশ নেবেন না।

প্রথম মোদি সরকারের একেবারে শেষ পর্বে ২০১৯ সালের জানুয়ারি মাসে নাগরিকত্ব বিল সংসদে পেশ করে সরকার। সে সময়েও এবারের মতো লোকসভায় বিলটি পাস হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত রাজ্যসভার অঙ্ক পক্ষে না থাকায় বিলটি পেশ করার ঝুঁকি নেয়নি সরকার। এ বার সংখ্যা অনুকূল হলেও কোনো রকম ঝুঁকি না নিয়ে শেষ মুহূর্তে বেশ কিছু ছোট দলকে পাশে পাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে, পাল্টা লড়াইয়ের প্রস্তুতিতে ব্যস্ত বিরোধীরা। বিশেষ করে টিআরএস লোকসভায় বিলের বিরুদ্ধে ভোট দেওয়ায় উজ্জীবিত বিরোধী শিবির। একা তৃণমূলই বিলে কুড়িটি সংশোধনীর প্রস্তাব জমা দিয়েছে। 

লোকসভায় ৩৩৪-১০৬ ভোটে সরকার জিতলেও, রাজ্যসভায় দুই শিবিরের ব্যবধান কম হওয়ায় লড়াই প্রবল হওয়ার আশঙ্কা করছে দু’পক্ষই। 


আরও পড়ুন

×