ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সাবেক স্ত্রী রেহাম খানের প্রশ্ন

এটা কি ইমরান খানের নতুন পাকিস্তান

এটা কি ইমরান খানের নতুন পাকিস্তান
×

ছবি: এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২ | ২১:০৫ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ | ২১:০৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খানের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন দুর্বৃত্তরা। রোববার রাতে এক স্বজনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে বাসায় ফেরার পথে ইসলামাবাদে ওই ঘটনা ঘটে। এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কড়া সমালোচনা করেছেন রেহাম খান। খবর এনডিটিভির।

রেহাম খান রোববার রাতে এক টুইট বার্তায় লেখেন, ‘একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অস্ত্র দেখিয়ে আমার গাড়িতে আগুন ধরিয়ে দেন। ওই সময় আমার ব্যক্তিগত সহকারী ও চালক গাড়িতেই ছিলেন। এরপর আমাকে গাড়ি পাল্টাতে হয়। এটা কি ইমরান খানের নতুন পাকিস্তান? কাপুরুষদের দেশে সবাইকে স্বাগতম।’

বিভিন্ন বিষয়ে পাকিস্তান সরকারের সমালোচনা করেন মানবাধিকারকর্মী রেহাম খান। অপর একটি টুইটে তিনি লেখেন, ‘এ জন্য সরকারের দায় নেওয়া উচিত।’

তিনি আরও লেখেন, ‘আমি পাকিস্তানের একজন সাধারণ নাগরিকের মতোই জীবনযাপন বেছে নিয়েছি, আর তাদের মতো করেই মরতে চাই। মহাসড়কে এ ধরনের হামলা কাপুরুষোচিত ঘটনা। এ জন্য তথাকথিত সরকারের দায় নেওয়া উচিত। দেশের জন্য আমি গুলি খেতেও রাজি।’

গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ করতে গেলেও সেটি নিয়ে গড়িমসি করা হয় বলে অভিযোগ করেন রেহাম খান। বিষয়টি নিয়ে সোমবার সকাল নয়টার দিকে করা টুইটে তিনি লেখেন, ‘চিন্তা করা যায়, এখানে প্রক্রিয়াগুলো কত ধীর। সারা রাত জেগে থাকার পরও এখন পুলিশ ভুক্তভোগীদের (আমাদের) প্রশ্ন করেই যাচ্ছে।’

ইসলামাবাদের মাস কলোনি থানায় দাখিল করা অভিযোগের একটি কপিও রেহাম টুইটারে শেয়ার করেছেন।

আরও পড়ুন

×