ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

পদাবলি

পদাবলি
×

--

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০ | ১২:০০

জেগে আছি রোবটপাড়ায়
উত্তম সেন

কংক্রিট দানবেরা দখলে নিয়েছে এ'শহর,
দু'এক ব্যতিক্রম ছাড়া গভীর রাত কোনো বিভীষিকা নয়;
দিনের আলোয় যত অশুভ আত্মার ঘোরাঘুরি!
ঘোর অমাবস্যার রাতে প্রিয় লাইটপোস্টগুলো একে একে
নিভে যায়। পোশাকধারী হুকুমের দাস অথবা অর্থের বিনিময়ে
নারী আর কুকুরেরা রাজা-রানী হয়; গড়ে নেয়
চুক্তিহীন নিজেদের রাজত্ব।

মগজের যান্ত্রিক কব্জাগুলো বার বার হিংস্র হয়,
আবার ক্লান্তি আনে- যখন মনে হয় আমি ছাড়া
জগতের সবাই রোবট! -এ বিশ্বাস গাঢ় থেকে গাঢ় হয়
তুমিও যখন এক চেহারার ভেতর
অনেক চেহারা লুকিয়ে পাহারা দাও!

মন ভাঙার হুকুমধারী ভাড়াটে শ্রমিকেরা
হাতুড়ি-শাবল হাতে দিনরাত খাটে। শুধু তুমি সেজে
কতজন 'তুমি' এসে অনেকের সামনে দাঁড়ায়!
হায়; মানুষের খোলস ছেড়ে একে একে আমরা সবাই,
কঠিনের হাত ধরে জেগে আছি 'রোবট পাড়ায়'।

করোনা-ক্রান্তিতে বর্ষা
শাহেদ কায়েস

বোহেমিয়ান-মেঘ আকাশ থেকে আকাশে...

বিষয়টি এমন নয় যে তুমি খুব দূরে আছো
বিষয়টি এমন কাছে থেকেও দূরেই থাকো
ইচ্ছে হলেই পাই যদিও হাতের কাছে মেঘনা
বলতে তবুও পারি কি দূরের মেঘকে 'না'?

শূন্যে ভেসে বেড়ানো মেঘ কি স্বাধীন!
উড়ছে তো উড়ছেই ভয়হীন, গন্তব্যহীন।

২.
কেবলই শূন্য হচ্ছি, সময়টা এমনই
আমার চেয়ে যেদিন লম্বা হবে আমার ছায়া
বুঝতে হবে সূর্য না, অস্ত যাচ্ছি আমি

বিচ্ছেদ থেকে বিচ্ছেদে যেতে-যেতে
দূরের সম্পর্কে বিঁধে রয় অস্তগামী সূর্য
সাতরঙ রোদ হয়ে ছড়িয়ে পড়ে মনে

কিছুই না, দূরে কোথাও বিয়োগ চিহ্ন

মৃৎশরীর খুঁজে পাক খোলা দরজা
বিয়োগে-বিয়োগে খুলে যাক ফের
পুনঃপ্রবেশের পথ? শুভযোগ হোক

উড়ে যাচ্ছ জলকণা, শ্রাবণের?
ভাসমান দৃশ্যমান বিনীত স্টম্ফটিক
পায়ের তলায় থাকুক আমার ছায়া।

নারকীয় রোদ
রুদ্র আরিফ

তোমার খুব পাশে হেঁটে যায় ছায়া, ভাঙা বন্দুক হাতে:
দেয়ালের ঘামে ভেজা জবা ফুল জানে রোদের বিষাদ
প্রতি কদমে জেগে ওঠে রাত, জাগে আগ্নেয় খাদ;
আমাদের পৃথিবীতে ঘুমঘোর নামে কালো প্রভাতে

'করো গুলি', শোনো চিৎকার, প্রার্থনার তারে ভাসে:
দেখো মানুষের মুখে রক্তের দাগ, সহসা সন্ত্রাসে-
ফুটে ওঠে কেমন, দালির ছবি, তার পাশে ক্রূর হাসে:
ঘৃণার ষাঁড় একাকার হয়ে গণহত্যা নেমে আসে;
ছুটে তুমি বলো যাবে কতদূর ব্রেকফেল নীল বাসে?
'করো খুন', প্রেসনোটের দাবি হাওয়া-সমুদ্রে ধুম নাচে

প্রতি কদমে কবরের ডাক- কংক্রিট হৃদয়ে জমা:
মুখভরা তোমার লাল কৃষ্ণচূড়ার সুরে বিষাক্ত গান;
নাম ধরে আমার ডাকে তাগড়া এক অন্ধকার বাগান;
জীবন তুমুল হত্যাপ্রবণ- নারকীয় প্যানোরমা

আরও পড়ুন

×