বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা
খান ইয়ামিন
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ০৭:৫৬
| প্রিন্ট সংস্করণ
গত কয়েক মাস ধরে রাজধানী ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলা ও গ্রামাঞ্চলে যে লোডশেডিং দেখছি, তা রীতিমতো অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ফরিদপুর, রাজবাড়ীসহ অনেক জেলায় দিন-রাত মিলিয়ে ১৫ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জ্বালানি সংকট ও রক্ষণাবেক্ষণের কারণে দেশের অন্তত ৪১ থেকে ৬২টি বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রয়েছে, যার সিংহভাগই গ্যাস ও তরল জ্বালানিভিত্তিক। এলএনজি সরবরাহে বিঘ্ন এবং আমদানীকৃত বিদ্যুতের উৎপাদন হ্রাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এই দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি ভুগছে শিক্ষার্থীরা, যাদের পরীক্ষা প্রস্তুতি ও পড়াশোনা প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে। শিল্পকারখানার উৎপাদন কমে যাচ্ছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়ছেন লোকসানে। ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশাচালকসহ প্রান্তিক শ্রমজীবী মানুষ, যাদের রুজি-রোজগার সরাসরি বিদ্যুতের ওপর নির্ভরশীল, তারা পড়েছেন গভীর আর্থিক সংকটে।
আমার মনে হয়, এই সংকট থেকে উত্তরণে স্বল্পমেয়াদি সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকেও নজর দেওয়া জরুরি। এক্ষেত্রে শহরের বর্জ্য বা ময়লা থেকে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি (ওয়েস্ট-টু-এনার্জি) একটি কার্যকর সমাধান হতে পারে। প্রতিদিন দেশের বড় শহরগুলোতে হাজার হাজার টন বর্জ্য উৎপন্ন হয়, যার সিংহভাগই যথাযথ ব্যবস্থাপনার অভাবে খোলা জায়গায় ফেলে রাখা হয় বা পোড়ানো হয়, যা পরিবেশ দূষণেরও কারণ। এই বর্জ্যকে যদি বায়োগ্যাস বা তাপবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যায়, তাহলে একদিকে জ্বালানি সংকট কিছুটা লাঘব হবে, অন্যদিকে বর্জ্য ব্যবস্থাপনার সমস্যারও সমাধান হবে। ঢাকাসহ কয়েকটি বড় শহরে ইতোমধ্যে এ ধরনের প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে তার পরিসর এখনও সীমিত বলে মনে হয়।
সরকার যদি স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও বেসরকারি খাতকে সম্পৃক্ত করে দেশের প্রতিটি বড় শহর ও পৌরসভায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প সম্প্রসারণ করে, পাশাপাশি রুফটপ সোলারের মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও বাড়ায়, তাহলে জাতীয় গ্রিডের ওপর চাপ অনেকটাই কমবে। এর ফলে ভবিষ্যতে লোডশেডিংয়ের এই দুর্ভোগ থেকে জনগণ কিছুটা হলেও স্বস্তি পাবে বলে আমি বিশ্বাস করি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, বিদ্যুৎ সংকট মোকাবিলায় শুধু আমদানি বা জ্বালানি তেলনির্ভরতা না বাড়িয়ে টেকসই ও দেশীয় উৎসে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।
খান ইয়ামিন: আহ্বায়ক আলেয়া সুলতানা স্মৃতি পাঠাগার, সদর, ফরিদপুর
- বিষয় :
- বর্জ্য ব্যবস্থাপনা