ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ১
প্রতীকী ছবি
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৫:০৩
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে একজন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গুটুদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান সাইদ (৩৫) পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পাইকগাছা থেকে খুলনাগামী ‘জ্যোতি ক্লাসিক’ নামের বাসটি গুটুদিয়া মোড় অতিক্রম করার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে সাইদুর রহমানের মরদেহ উদ্ধার করেন। আহত ১৩ জনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ও খুলনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবু বক্কার জামিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
