ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গবেষণা

নোনামাটির ধান

নোনামাটির ধান
×
×

ব্রি ধান-১১৯-এর গবেষকেরা

সৈয়দ জাহিদ হাসান 

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ০৭:৫৭ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ | ১৭:১৯

| প্রিন্ট সংস্করণ

শুকনো মৌসুমে সাতক্ষীরা, খুলনা কিংবা বাগেরহাটের অনেক মাঠে মাটির ওপর সাদা একটা আস্তর পড়ে। দূর থেকে মনে হয় কুয়াশা জমেছে। কাছে গেলে বোঝা যায়, ওটা লবণ। এমন মাটিতে পানি থাকলেও ধানের শিকড় তা টেনে নিতে পারে না। বেশি লবণ গাছের জন্য বিষ হয়ে ওঠে। চারা হলদে হয়ে যায়, শীষ আসে আধাআধি। কৃষকের সারা মৌসুমের ঘাম মাঠেই শুকিয়ে যায়।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) ২০২৪ সালের লবণাক্ততা মানচিত্র বলছে, উপকূলের ১৭ লাখ ৩ হাজার হেক্টর আবাদযোগ্য জমির মধ্যে ১১ লাখ ৫৬ হাজার হেক্টরই এখন লবণাক্ত। ১৯৭৩ সালে এর পরিমাণ ছিল ৮ লাখ ৩৩ হাজার হেক্টর। পাঁচ দশকে নোনাজমি বেড়েছে সোয়া তিন লাখ হেক্টরের বেশি।

এই মাঠগুলোর জন্য সুখবর হয়ে এসেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভিদ প্রজনন বিভাগের উদ্ভাবিত ব্রি ধান-১১৯। গত ২৮ অক্টোবর জাতীয় বীজ বোর্ডের ১১৬তম সভায় রোপা আমনে চাষের চূড়ান্ত অনুমোদন পেয়েছে। গবেষণার অর্থ জুগিয়েছে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন প্রকল্প (এলএসটিডি)। নোনাজমিতে তো বটেই, লবণহীন সাধারণ জমিতেও জাতটি ভালো ফলন দেয়। ধানের জীবনে সংবেদনশীল সময় হলো–চারা অবস্থা, গাছের বেড়ে ওঠা আর শীষ আসার কাল। ব্রি ধান-১১৯ প্রতিটি ধাপে লবণ সামলাতে পারে। গবেষণায় দেখা গেছে, চারা অবস্থায় এটি তিন সপ্তাহ পর্যন্ত ১২ ডেসিসিমেন্স/মিটার মাত্রার লবণ সইতে পারে। বেড়ে ওঠা থেকে শীষ আসা পর্যন্ত ৮ থেকে ১০ ডেসিসিমেন্স/মিটার লবণেও ফলন দেয়।

তবে সহনশীল মানে অজেয় নয়। লবণ কতটা, কত দিন থাকে, গাছ তখন কোন অবস্থায়, পরিচর্যা কেমন, ফলন এসবের ওপর নির্ভর করে। সর্বোচ্চ ফলন মিলবে কম লবণ আর অনুকূল পরিবেশে।

সংকরায়ণ শুরু হয় ২০১৫-১৬ সালে। মাঠে দ্রুত প্রজন্ম এগিয়ে নেওয়ার কৌশল, ফরোয়ার্ড ব্রিডিং আর ডিএনএ মার্কারের সাহায্যে বাছাই–এই তিন পথে গবেষকেরা সময় বাঁচিয়েছেন। প্রথম প্রজন্ম নিশ্চিত হওয়ার পর জাতটি দাঁড়াতে লেগেছে সাড়ে সাত বছর। প্রচলিত পদ্ধতিতে লাগত আরও তিন-চার বছর।

পরীক্ষা শুধু গবেষণাগারে হয়নি। সাতক্ষীরার নোনামাঠে, কক্সবাজারে যেখানে মৌসুমজুড়ে লবণ ওঠানামা করে, আবার লবণহীন জমিতেও চলেছে ফলন যাচাই। দেশের নানা এলাকায় কৃষক নিজে মাঠে দাঁড়িয়ে বাছাইয়ে অংশ নিয়েছেন।

উপযুক্ত পরিচর্যায় হেক্টরে গড় ফলন ৫ দশমিক ৭ টন। পরিবেশভেদে তা ৪ দশমিক ৮ থেকে ৭ দশমিক ৬ টন। উপকূলে প্রচলিত ব্রি ধান-৭৩-এর চেয়ে হেক্টরে প্রায় এক টন বেশি। প্রতি শীষে গড়ে ২১৫টি পুষ্ট দানা থাকে, যা ব্রি ধান-৭৩-এর চেয়ে ৭০ থেকে ৮০টি বেশি। 

গাছ গড়ে ১১৩ সেন্টিমিটার লম্বা, কাণ্ড শক্ত। বাতাসে সহজে হেলে পড়ে না, শীষ থেকে ধানও ঝরে না। চাল মাঝারি চিকন ও সাদা। অ্যামাইলোজ ২৫ দশমিক ৯ শতাংশ, তাই ভাত হয় ঝরঝরে।

জাতটি পাকে ১১৫ দিনে, লবণসহিষ্ণু ব্রি ধান-১১২-এর চেয়ে পাঁচ থেকে দশ দিন আগে। কয়েকটা দিন সামান্য মনে হলেও উপকূলের কৃষকের কাছে এর দাম অনেক। শুকনো মৌসুম যত গড়ায়, মাটি তত লবণ টেনে তোলে। আমন আগে উঠলে মাটিতে রস থাকতে থাকতেই মাঝারি উঁচু ও উঁচু জমিতে সূর্যমুখী বা লবণসহিষ্ণু সরিষা বোনা যায়। তখন এক মৌসুমের ধান সারা বছরের শস্যবিন্যাসের অংশ হয়ে ওঠে। জমি পতিত থাকে না, কৃষকের ঘরে আসে বাড়তি আয়।

বোরো মৌসুমেও দেশের ২০টি স্থানে ধানের এই জাতের ফলন পরীক্ষা শেষ হয়েছে। জাতীয় কারিগরি কমিটি সুপারিশও করেছে। বীজ বোর্ডের অনুমোদন মিললে একই ধান চাষ করা যাবে দুই মৌসুমে।

চাষের নিয়ম
রোপা আমনে ১ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে বীজতলায় বীজ ফেলতে হবে। ২৫ থেকে ৩০ দিনের চারা গোছায় দুই-তিনটি করে লাগাতে হবে। সারি থেকে সারির দূরত্ব ২০ সেন্টিমিটার, গোছা থেকে গোছা ১৫ সেন্টিমিটার। হেক্টরে ইউরিয়া ২৩৪, টিএসপি ৮৭, এমওপি ১১৭, জিপসাম ৭৮ ও জিংক সালফেট ১২ কেজি। ইউরিয়া দিতে হবে তিন কিস্তিতে। নিয়মিত মাঠ দেখা, রোগ-পোকা চোখে পড়লে কৃষি সম্প্রসারণকর্মীর পরামর্শ নেওয়া আর পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখাও জরুরি।

ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের মতে, জাতটি উপকূলের কৃষককে আশা দেখাবে, খাদ্যনিরাপত্তাও মজবুত করবে। এলএসটিডি প্রকল্পের আওতায় এর আগে এসেছে ব্রি ধান-১১৬, ব্রি ধান-১১৭ ও ব্রি হাইব্রিড ধান-১০।

গবেষক দলের নেতৃত্বে ছিলেন ব্রির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এখলাছুর রহমান। দলে আরও ছিলেন, ড. হাসিনা খাতুন, নুসরাত জাহান, আরমিন আক্তার সেতু ও রিবেত ফারজানা দিশা। ড. এখলাছুর রহমান বলেন, ‘কৃষকের মাঠে এর সুফল দেখতে পাওয়ার আনন্দই আমাদের আসল প্রাপ্তি।’

বীজ উৎপাদনের দায়িত্বে আছে গাজীপুরে ব্রির কৌলি সম্পদ ও বীজ বিভাগ। এখন বড় কাজ হলো মানসম্পন্ন বীজ সময়মতো কৃষকের হাতে তুলে দেওয়া। গবেষণাগারের সাফল্য পূর্ণ হবে সেদিন, যেদিন নোনামাটির সাদা আস্তর ভেদ করে উপকূলের মাঠে দুলবে সোনালি শীষ। 

লেখক: বৈজ্ঞানিক কর্মকর্তা (এলএসটিডি প্রকল্প), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

আরও পড়ুন

×