ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিড়াল আপনার মন বোঝে

বিড়াল আপনার মন বোঝে
×
×

শাহেরীন আরাফাত

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ০৭:৫৬ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ | ১৭:২১

| প্রিন্ট সংস্করণ

শীতের সন্ধ্যা। সারাদিনের খাটুনি শেষে ঘরে ফিরে সোফায় গা এলিয়ে দিয়েছেন। হঠাৎ পায়ে নরম ছোঁয়া। মিনি এসে কোলে উঠল, গুটিসুটি মেরে বসে চোখ বুজল। গলা থেকে ঘড়ঘড় শব্দ আসছে। কয়েক মিনিটের মধ্যে মনে হলো, দিনের ক্লান্তি অনেকটা নেমে গেছে।

বিড়াল যারা পোষেন, তারা এই অনুভূতি চেনেন। তবু বিড়ালের বদনাম কম নয়। লোকে বলে, কুকুর প্রভুভক্ত আর বিড়াল স্বার্থপর। খাবার পেলেই হলো, মালিক হাসল না কাঁদল তাতে তার কী! জাপানের একদল বিজ্ঞানী বলছেন, এই ধারণা ঠিক নয়। বিড়াল আর মালিকের শরীরের রসায়ন অনেকটাই এক সুরে বাঁধা।

কিয়োটো বিশ্ববিদ্যালয় আর আজাবু বিশ্ববিদ্যালয়ের গবেষক সাহো তাকাগি ও তাঁর দল এক মাস ধরে ১৯ জন মালিক আর তাদের ২৯টি বিড়ালের ওপর গবেষণা চালায়। ওই গবেষণা গত অক্টোবরে বিজ্ঞান সাময়িকী আইসায়েন্সে প্রকাশিত হয়েছে।

গবেষকরা মানুষ আর বিড়াল দুজনেরই প্রস্রাবের নমুনা নিয়েছেন তিনবার করে। মেপেছেন দুটি হরমোন। একটি অক্সিটোসিন। অনেকে একে ‘ভালোবাসার হরমোন’ বলেন। নামটা পুরোপুরি ঠিক নয়; তবে মায়া, ভরসা আর সম্পর্কের টানের সঙ্গে এর যোগ গভীর। অন্যটি কর্টিসল, যা বাড়ে দুশ্চিন্তা আর চাপে। মালিকদের মনের খবর নেওয়া হয়েছে প্রশ্নপত্রে।

বিড়ালের প্রস্রাব জোগাড় করা সহজ নয়। পাঁচটি বিড়ালের নমুনা পাওয়াই যায়নি। বাকি ২৪টির তথ্য মিলিয়ে দেখা গেল, যে মালিকের শরীরে অক্সিটোসিন বেশি, তাঁর বিড়ালেরও বেশি। যে মালিক বেশি চাপে থাকেন, তাঁর বিড়ালের অক্সিটোসিন কম।

মনের হিসাবও মিলে গেছে। যেসব বিড়ালের অক্সিটোসিন বেশি, তাদের মালিকরা রাগ, অস্থিরতা, মন খারাপ আর উদ্বেগে কম ভোগেন। অবাক করা ব্যাপার হলো, মালিকের মন কেমন থাকবে, তার সঙ্গে বিড়ালের হরমোনের অদ্ভুত মিল পাওয়া গেছে।

বিড়াল কতক্ষণ মালিকের পাশে থাকে, তা জানতে গলার বেল্টে ছোট ব্লুটুথ যন্ত্র বেঁধে দেওয়া হয়েছিল। তাতে দেখা গেল, কত বছর ধরে বিড়াল পোষা হচ্ছে, সেটি বড় কথা নয়। বড় কথা হলো, ঘরের ভেতর দুজন কতটা কাছাকাছি থাকে। পাশে থাকার সময় যত বেশি, টানও তত বেশি।

তাই বিড়াল যখন খবরের কাগজের ওপর এসে বসে পড়ে কিংবা কাজের সময় ল্যাপটপের কিবোর্ডে শুয়ে থাকে, সেটি শুধু দুষ্টুমি নয়; সে আসলে কাছে থাকতে চায়।
একটা জায়গায় অবশ্য বিড়াল কুকুরের মতো নয়। আগের গবেষণায় দেখা গেছে, মালিক চাপে থাকলে কুকুরের কর্টিসলও বাড়ে। বিড়ালের বেলায় তেমনটা পাওয়া যায়নি। বিড়াল যেন মালিকের দুশ্চিন্তার ভাগ নেয় না; ভাগ নেয় ভালোবাসার।

প্রশ্ন থেকে যায়। বিড়াল ভালো থাকলে কি মালিকের মন ভালো হয়? নাকি মালিক খুশি থাকলে বিড়ালকে বেশি আদর করেন, তাই বিড়াল ভালো থাকে? হয়তো দুটোই সত্যি। ঘরের পরিবেশ, শব্দ বা দিনের রুটিনও দুজনের ওপর একসঙ্গে প্রভাব ফেলতে পারে। গবেষকরা নিজেরাই বলেছেন, তারা সম্পর্ক পেয়েছেন; কিন্তু কারণ এখনও জানা নেই।

গবেষণার সীমাবদ্ধতাও আছে। অংশ নেওয়া মানুষ কম, আবার ১৯ জনের মধ্যে ১৬ জনই নারী। মানুষের নমুনা নেওয়া হয়েছে সকালে, বিড়ালের নমুনা যখন পাওয়া গেছে তখন। তাই একে প্রাথমিক প্রমাণ বলাই ভালো। পুরো উত্তর মিলবে আরও বিশদ গবেষণায়।

গ্রামের বাড়িতে বিড়াল বরাবরই ঘরের মানুষ। খাওয়ার সময় থালার পাশে বসে মাছের কাঁটার আশায় তাকিয়ে থাকে। শীতের রাতে চুলার পাড়ে কুণ্ডলী পাকিয়ে ঘুমায়। কেউ আলাদা করে পোষে না, তবু সে থেকে যায়।

শহরে ছবিটা বদলেছে। ঢাকার ছোট ফ্ল্যাটে এখন অনেকেই শখ করে বিড়াল পোষেন। একা থাকা তরুণ, কর্মজীবী দম্পতি কিংবা ছেলেমেয়ে দূরে থাকা বয়স্ক মা-বাবা; অনেকের নিঃসঙ্গ দিনের সঙ্গী এখন বিড়াল।

এই গবেষণা একটা সহজ কথা মনে করিয়ে দেয়। বিড়াল যতই উদাসীন ভাব দেখাক, সে আপনাকে টের পায়। আপনার মনও চুপিচুপি তার মনের সঙ্গে তাল মেলায়। তাই শুধু খাবার দিলেই দায় শেষ হয় না। দিনের শেষে খানিকটা সময় পাশে বসুন। ভালো থাকবেন দুজনেই।

আরও পড়ুন

×