ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মাটির নিচের দালান

অনুপ্রেরণায় মহাস্থানগড়ের বৌদ্ধবিহার

মাটির নিচের দালান
×
×

ধানক্ষেতের মাঝখানে বড় অট্টালিকা বেখাপ্পা দেখাত। এখন আশপাশের গ্রাম থেকে এই ভবন চোখেই পড়ে না

কাশেফ মাহবুব চৌধুরী

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ০৮:০০ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ | ১৭:১৫

| প্রিন্ট সংস্করণ

গাইবান্ধার ফুলছড়ির এক নিচু জমিতে আছে ফ্রেন্ডশিপ সেন্টার। এর নকশার জন্য নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট (মোমা) প্রথমবারের মতো দেওয়া ‘অ্যাম্বাস-মোমা অ্যানুয়াল প্রাইজ ফর নেচার-রিকনসাইল্ড আর্কিটেকচার’ পেয়েছেন স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ও তাঁর প্রতিষ্ঠান আর্বানা। একক কোনো স্থাপত্য প্রকল্পের জন্য এটিই এখন বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার, মোট অর্থমূল্য দুই লাখ মার্কিন ডলার। এর অর্ধেক পাবেন স্থপতি। বাকি অর্ধেক দিয়ে ফ্রেন্ডশিপের নামে আর্জেন্টিনার গ্রান চাকো বনে গাছ লাগানো হবে। প্রায় ১৪০টি প্রকল্পের মধ্য থেকে এই কাজটি বাছাই করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর মোমায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। এর আগে ২০১২ সালে এ প্রকল্প ‘দি আর্কিটেকচারাল রিভিউ’-এর উদীয়মান স্থাপত্য পুরস্কার অর্জন করে। ২০১৬ সালে পায় সম্মানজনক ‘আগা খান স্থাপত্য পুরস্কার’। নকশার পেছনের ভাবনা জানালেন স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী
--------------------------------------------------

অনেকে ভাবেন, আমরা ইচ্ছা করে মাটির নিচে দালান বানিয়েছি। আসলে তা নয়। আমরা চেয়েছিলাম কম খরচে বানাতে। মাটির নিচে নামার ভাবনাটা এসেছে সেখান থেকেই। ফ্রেন্ডশিপ এনজিও গাইবান্ধায় যে জমি কিনেছিল, সেটি নিচু। বর্ষায় বন্যার পানি ঢোকে। প্রথমে ভেবেছিলাম পুরো জায়গাটা ভরাট করব। তারপর কলাম, বিম আর ফাউন্ডেশন দিয়ে দালান তুলে দেব এলাকায় রেকর্ড করা সর্বোচ্চ বন্যার উচ্চতার ওপরে। সেই নকশা আমাদের পছন্দ হয়েছিল, ফ্রেন্ডশিপও অনুমোদন দিয়েছিল। হিসাব করতে গিয়ে ধাক্কা খেলাম। হাতে বাজেট চার কোটি টাকা, অথচ ওই নকশায় লাগবে আট থেকে দশ কোটি। ফ্রেন্ডশিপের কর্ণধার রুনা খান জানালেন, এত টাকা জোগাড়ের কোনো উপায় তাঁর নেই।

আবার শূন্য থেকে শুরু করতে হলো। দেড় মাসের মতো নানা চিন্তায় কাটল, খানিকটা হতাশও লাগছিল। একদিন ড্রয়িংয়ের দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো, মাটি উঁচু করে দালান তোলার দরকার কী? নিচু জমিতেই তো বানানো যায়। তখন নতুন প্রশ্ন এলো। নিচে বানালে তো বন্যায় পুরো দালান ডুবে যাবে। উত্তর পেলাম প্রায় তেইশ শ বছর পুরোনো এক জনপদে, মহাস্থানগড়ে। সেই সভ্যতা সম্পর্কে আজও আমরা খুব বেশি জানি না। কিন্তু একটা জিনিস টিকে আছে, তার মাটির বাঁধ। পাশে সামান্য ইটের কাজ আছে, আর এত শতাব্দী পরেও বাঁধটা দাঁড়িয়ে আছে। বুঝলাম, আমাদেরও মাটির বাঁধেই চলবে।

তাই পুরো চত্বর ঘিরে দিলাম মাটির বাঁধে। এতে কোনো দেয়াল বা কংক্রিট নেই, শুধু মাটি ফেলে দুরমুজ করে বসানো। গত চৌদ্দ-পনেরো বছরে দু-তিনবার বন্যার পানি এসেছে, ভেতরে কোনো সমস্যা হয়নি। রাস্তা থেকে দালানটা নিচু মনে হয়। আসলে দালান আছে স্বাভাবিক উচ্চতাতেই, পাশের রাস্তাটিকে উঁচু করা হয়েছে। এই নিচু থাকাটাই আশীর্বাদ হয়ে দাঁড়াল। ধানক্ষেতের মাঝখানে বড় একটা অট্টালিকা উঠলে গ্রামের চেহারাটাই বদলে যেত। এখন আশপাশের গ্রাম থেকে দালানটা চোখেই পড়ে না। একেবারে লাগোয়া গৃহস্থবাড়িটাও আগের মতো রোদ আর খোলা বাতাস পায়।

সারা জীবন চেষ্টা করেছি টাকার টানাটানিকে বাধা হিসেবে না দেখে নতুন ভাবনার সুযোগ হিসেবে দেখতে। এই প্রকল্পে হয়তো সেটি সবচেয়ে বেশি সফল হয়েছে। বাজেট বেশি থাকলে সাধারণ কিছু একটা বানাতাম। সুন্দর হতো ঠিকই, কিন্তু পৃথিবীর আর কোথাও নেই এমন কিছু হয়তো হতো না।

এসি ছাড়াই কাঁথা গায়ে ঘুম
গাইবান্ধায় গ্রীষ্মে প্রচণ্ড গরম পড়ে। জলবায়ু বদলে যাওয়ায় তা আরও বাড়ছে। দালান নিচে নামল বলে ছাদে মাটি বিছিয়ে ঘাস লাগালাম। এতে তৈরি হলো ‘থার্মাল মাস’, যা তাপ নিজের মধ্যে ধরে রাখে আর নিচে নামতে দেয় না। ঘরের ভেতরটা বাইরের চেয়ে অন্তত পাঁচ-ছয় ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা থাকে। বাইরে গরম একটু কমলেই ভেতরে কাঁথা গায়ে দিয়ে শুতে হয়, শুধু পাখাতেই চলে যায়। বেশি ভাড়া পাওয়ার জন্য কর্তৃপক্ষ পরে দু-তিনটি ঘরে এসি লাগিয়েছে। এই দালানে আসলে এসির দরকারই নেই।

ঠান্ডা রাখার আরেক উপায় পানি। চত্বরের জলাধার আর ছোট পুকুরগুলোতে বৃষ্টির পানি জমিয়ে রাখি। সেই পানিই ব্যবহার হয়। পানি বাষ্প হয়ে ওড়ার সময় আশপাশের তাপ টেনে নেয়। থাকার ঘর, অভ্যর্থনা আর খাবারের প্যাভিলিয়ন সবই কোনো না কোনো জলাধারের পাশে বসানো। পানির ওপর দিয়ে আসা হাওয়া ঠান্ডা হয়ে ঘরে ঢোকে। ওপরে মাটির ছাদ, পাশে শীতল হাওয়া, দুটো মিলে ঘর জুড়িয়ে রাখে।

বিহারের মতো ভেতরমুখী
দালান নিচে নামায় বাইরে তাকানোর সুযোগ রইল না। তখন আমরা এ অঞ্চলের বৌদ্ধবিহারগুলোর দিকে তাকালাম, পাহাড়পুর পর্যন্ত। সবগুলোই ভেতরমুখী। মাঝখানে মন্দির, চারপাশে ভিক্ষুদের ঘর, যেখানে তারা দিনের পর দিন ধ্যান করতেন। দেখলাম আমাদের নকশাতেও সেই ধ্যানের ভাব আসছে। সেটি আরও গাঢ় করতে প্যাভিলিয়ন, বাগান, জলাধার আর আলো-বাতাসের খেলা সাজালাম।

তাই দালানগুলো টুকরো টুকরো, শক্ত বাক্সের মতো নয়। অভ্যর্থনার প্যাভিলিয়নে শুধু ছাদ আছে। দরজা, জানালা বা কাচ নেই। বৃষ্টির ছাঁট যেন না লাগে, সে জন্য বসার জায়গাটা একটু ভেতরে সরানো। খাবারের প্যাভিলিয়নও তেমন। লম্বা বেঞ্চে সবাই পাশাপাশি বসে খায়, ছোট-বড়র কোনো ভেদ নেই। এমন গণতান্ত্রিক একটা জায়গার ভাবনা শুরু থেকেই ছিল।

খরচ কম, মান কম নয়
খরচ কম হলেও এখানে এমন কিছু সুবিধা আছে, যা দেশের অনেক দামি প্রকল্পেও নেই। প্রতিটি কলে রিভার্স অসমোসিসে পরিশোধিত পানি আসে, রান্নাঘর থেকে শাওয়ার, এমনকি কুলি করার বেসিনেও। আইসিডিডিআর,বিতে পরীক্ষা করিয়ে দেখেছি, বাজারের অনেক নামি বোতলজাত পানির চেয়েও এর মান ভালো। এতে আয়রন বা জীবাণু নেই।

বাড়তি খরচ জেনেও বড় বড় সেপটিক ট্যাঙ্ক রেখেছি। সাধারণ সময়ে সোক ওয়েল ব্যবহৃত পানি ধীরে ধীরে মাটিতে শুষে নেয়। কিন্তু বন্যার সময় সোক ওয়েল কাজ করে না, তখন অনেকে বর্জ্য বন্যার পানিতে ছেড়ে দেয়। আমরা সেটা করতে চাইনি। সোক ওয়েল হলো একটি শোষণ কূপ বা ভূগর্ভস্থ চেম্বার। সহজ কথায়, সোক ওয়েল বলতে এমন একটি বিশেষ গর্ত বা কূপকে বোঝায়, যা বাড়ির ব্যবহৃত পানি (যেমন গোসলখানা, রান্নাঘর বা সেপটিক ট্যাঙ্কের অতিরিক্ত পানি) কিংবা বৃষ্টির পানি সরাসরি মাটিতে শোষণ বা নিষ্কাশন করতে সাহায্য করে। আমাদের ট্যাঙ্কে টানা তিন মাসের বর্জ্য ধরে রাখা যায়।

ইট এনেছি মাত্র এক মাইল দূর থেকে। দূর থেকে ট্রাকে আনলে দূষণ বাড়ত, আর কাছে আনায় স্থানীয় যে কারিগরেরা হাতে ইট বানান, তারা কাজ পেলেন। চারবার বাছাই করে ইট নিয়েছি, খাটুনি কম ছিল না। কাজ করেছেন স্থানীয় শ্রমিকেরাই। বারবার নমুনা বানিয়ে আর হাতে ধরে শিখিয়ে প্রত্যন্ত গ্রামেও আন্তর্জাতিক মানের কাজ করা গেছে। তখন যানজট থাকলে ঢাকা থেকে গাইবান্ধা যেতে দশ-বারো ঘণ্টা লাগত। সবাই মিলে লেগে ছিলাম বলেই কাজটা হয়েছে।

প্রকৃতি মানা কোনো বাহাদুরি নয়
প্রকৃতির সঙ্গে মিলিয়ে কাজ করায় আমাদের কোনো বিশেষ কৃতিত্ব নেই। এটি প্রত্যেক স্থপতির মৌলিক দায়। শহরে হোক বা গ্রামে, জলবায়ু পরিবর্তন উপেক্ষা করে এখন আর কাজ করা চলে না। যিনি তা করবেন না, তাঁকে সত্যিকারের স্থপতি বলা কঠিন।

ঢাকায় একের পর এক কাচের উঁচু দালান উঠছে, অথচ রোদ ঠেকানোর ব্যবস্থা নেই। সূর্যের তাপ ঢুকতে দিয়ে পরে এসি চালিয়ে ঘর ঠান্ডা করা হচ্ছে। মালিকের হয়তো বিল দেওয়ার সামর্থ্য আছে। বাড়তি বিদ্যুৎ আর জেনারেটরের জন্য ডিজেল আমদানির চাপ শেষে দেশের ঘাড়েই পড়ে। নদীর পানির মতো এর প্রভাবও ওপর থেকে গড়িয়ে নিচে নামে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই শতাব্দীর শেষে দেশের অনেক এলাকা পানিতে তলিয়ে যেতে পারে। এই সংকটের মুখে জলবায়ুবান্ধব স্থাপত্য ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই।

চরের মানুষের গর্ব
সবচেয়ে বড় আনন্দ এখানেই। মূলত চরের দরিদ্র মানুষের জন্য দূরের এক জনপদে যে কেন্দ্র বানানো হয়েছিল, সেটি আজ বিশ্ব স্থাপত্যের আলোচনার কেন্দ্রে। অনেকে এ নিয়ে গবেষণা করছেন, পিএইচডির জন্যও কেউ কেউ তথ্য চেয়েছেন। দালানটা চৌদ্দ বছর ধরে মানুষের কাজে লাগছে। তবে এর শিকড় তেইশ শ বছর আগের মহাস্থানে।
গাইবান্ধায় হয়তো দেখানোর মতো খুব বেশি কিছু নেই। কিন্তু সেখানকার মানুষ পরিশ্রমী, বারবার ঘুরে দাঁড়াতে জানেন, আর সত্যিই ভালো মানুষ। তাদের জন্য কিছু করতে পেরেছি, এটাই আমার বড় পাওয়া। কেন্দ্রটি এখন তাদের গর্বের জায়গা। আশা করি তারাই একে যত্ন করে আগলে রাখবেন।

আরও পড়ুন

×