আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আ’লীগের সাবেক এমপি হানিফের মামলার রায় যেকোনো দিন
সাবেক এমপি মাহবুব-উল আলম হানিফ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২৬ | ১৪:৪২
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ-২ আজ বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন।
এদিন আসামিপক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রীয় খরচে নিয়োগ পাওয়া আইনজীবী আমির হোসেন। পরে যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
এ মামলায় হানিফ ছাড়া অন্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চারজনই বর্তমানে পলাতক।
এর আগে, ৭ জুন হানিফসহ চার আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। এ মামলায় যুক্তিতর্ক শুরু হয় ১১ মে। গত ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তার জেরার মধ্য দিয়ে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
গত বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। ৫ অক্টোবর ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন। পরদিন ৬ অক্টোবর তা আমলে নেওয়া হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
