লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আপিল করবে আদ্-দ্বীন
চিকিৎসাসেবা চালু রাখার অনুরোধ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ২০:৩২ | আপডেট: ১১ জুন ২০২৬ | ২০:৩৮
সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে সরকারের কাছে আপিল করার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী, লাইসেন্স বাতিলের আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। সেই প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত হাসপাতালের নিয়মিত চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, রোগীদের স্বার্থ বিবেচনায় নিয়ে চিকিৎসাসেবা চালু রাখা জরুরি। তাদের দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত হাসপাতালকে কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দিলে রোগীরা বড় ধরনের ভোগান্তি থেকে রক্ষা পাবেন।
উল্লেখ্য, মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত রোগীদের ভরসাস্থল হিসেবে পরিচিত মগবাজারের এই হাসপাতালটিতে ঘটনার পরও সব ধরনের সেবা কার্যক্রম চালু রয়েছে। বর্তমানে হাসপাতালে ৪১৬ জন রোগী ভর্তি আছেন। বুধবার (১০ জুন) বহির্বিভাগে প্রায় এক হাজার রোগী চিকিৎসা নিয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, এনআইসিইউতে ৬০ জন নবজাতক, আইসিইউতে ২০ জন এবং সিসিইউতে ৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদিকে ঘটনার পর হাসপাতালটির কার্যক্রম ও সেবার মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এখন নজর সংশ্লিষ্টদের। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর স্বাস্থ্য অধিদপ্তর থেকে আদ্-দ্বীনকে একটি নোটিশ দিয়ে জানানো হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে চিকিৎসাধীন সব রোগী সরিয়ে নিতে হবে।
- বিষয় :
- হাসপাতাল
- শিশুর মৃত্যু
- সনদ বাতিল
