ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

অ্যাম্বুলেন্সে করে আসামি হাজির, ওঠানো হলো না ট্রাইব্যুনালের এজলাসে

অ্যাম্বুলেন্সে করে আসামি হাজির, ওঠানো হলো না ট্রাইব্যুনালের এজলাসে
×

ফজলে করিম চৌধুরী। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ২১:৩৩ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ২১:৪০

জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ জনকে হত্যার অভিযোগে করা মামলায় আসামিপক্ষের অব্যহতির (ডিসচার্জ) আবেদন করেছেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ১৭ জন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তে বুধবার এ আবেদনের ওপর আংশিক শুনানি হয়। অবশিষ্ট শুনানির দিন আগামী রোববার নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, যথারীতি এদিন সকালে প্রিজনভ্যানে করে চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তবে মামলাটির অন্যতম আসামি সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আনা হয় অ্যাম্বুলেন্সে। তার সঙ্গে ছিলেন কারা পুলিশ সদস্যরাও। তবে ট্রাইব্যুনালে আনা হলেও অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়নি ফজলে করিমকে। এ নিয়ে শুরু হয় নানা আলোচনা।

প্রসিকিউশন জানায়, বিচারকাজকে বিলম্বিত করতেই গুরুতর অসুস্থতার মতো এমন অজুহাত সামনে এনেছেন ফজলে করিম। কারণ চাইলেই তিনি কাঠগড়ায় হাজির হতে পারতেন। কেননা স্বাস্থ্য প্রতিবেদন অনুযায়ী তার অসুস্থতা তেমন গুরুতর নয়। এরপরও তিনি পুরো সময়টা অ্যাম্বুলেন্সে কাটিয়েছেন। তবে আইন অনুযায়ী যেকোনো আসামি অসুস্থ বা অন্য কোনো কারণে এজলাসে উপস্থিত না থাকলেও তার আইনজীবী মামলার কাজ চালিয়ে যেতে পারেন।

আসামিপক্ষ বলছে, এপ্রিলের মাঝামাঝিতে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার পথে আসামি বহনকারী ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়েছিল। এতে ঘাড়ে মারাত্মক আঘাত পেয়েছিলেন সাবেক এমপি ফজলে করিম। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভর্তি করা হয়। বর্তমানে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বুধবার ট্রাইব্যুনালে ডিসচার্জ চেয়ে শুনানি করেন এ মামলায় পলাতক ১৭ জনের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োগপ্রাপ্ত চার আইনজীবী। তারা হলেন— মো. আমির হোসেন, আবুল হাসান, ইশরাত জাহান ও মোহাম্মদ এনাম।

প্রসিকিউশনের আনা অভিযোগে নিজেদের মক্কেলদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তারা। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে এসব মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়। এজন্য ১৭ আসামিরই অব্যাহতির আবেদন জানান এ আইনজীবীরা। এরপর ফজলে করিমের পক্ষে শুনানির জন্য দাঁড়ান আইনজীবী আবদুল কাইয়ুম। এ সময় তার মক্কেলের খবর জানতে চান ট্রাইব্যুনাল। তখন আইনজীবী জানান, তার মক্কেল পিজি হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় প্রসিকিউশন থেকে বলা হয়, ফজলে করিমকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তিনি গাড়িতেই রয়েছেন।

তখন তাকে কাঠগড়ায় হাজির করানোর জন্য উপস্থিত পুলিশ সদস্যদের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তবে ডিসচার্জ আবেদনের সময় উপস্থিত না করেও আসামিপক্ষে শুনানি করা যায় বলে জানান প্রসিকিউশন। এ পর্যায়ে শুনানি অসমাপ্ত রেখে আগামী ২৮ জুন পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল-২। 

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মামলাটি করা হয়। এতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনকে আসামি করা হয়। এর মধ্যে ফজলে করিমসহ গ্রেপ্তার রয়েছেন পাঁচজন। অন্যরা হলেন— যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

আরও পড়ুন

×