ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে হামলার মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখানোর আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে হামলার মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখানোর আদেশ
×

ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৭:২১

জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে দায়ের করা এক মামলায় সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বুধবার এ আদেশ দেন। এর আগে গত ২২ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক মমতাজকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার মমতাজ বেগমকে একটি হত্যাচেষ্টা মামলায় মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত কয়েকজন কৌতূহলী ব্যক্তিরা তাকে দেখে তার জনপ্রিয় গানের কলি ‘বুকটা ফাইট্টা যায়’ গেয়ে ওঠেন। এজলাস থেকে ফেরার সময়ও একই ধরনের ঘটনা ঘটে। কেউ কেউ তাকে উদ্দেশ্য করে গান গাওয়ার অনুরোধও করেন।

শুনানিকালে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে মমতাজের পক্ষে কয়েকজন আইনজীবী আবেদনের বিরোধিতা করেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম মোল্লা আদালতে বলেন, মমতাজ বেগম ছয়টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। পরে এর মধ্যে দুটি জামিন স্থগিত করা হয়। তিনি আরও বলেন, ঘটনার প্রায় দেড় বছর পর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। মামলার ঘটনা ২০২৪ সালের ৪ আগস্টের।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত মমতাজ বেগমকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৯ নভেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। এতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মণ্ডপ এলাকার বাসিন্দা ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ আগস্ট রাজধানীর আগারগাঁও এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালানো হয়। আন্দোলন দমনের উদ্দেশ্যে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্রসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেন। অভিযোগে বলা হয়, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের প্রত্যক্ষ নির্দেশনা ও নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়েছিল।

আরও পড়ুন

×