বাড়িতে বসে কাজ করার ক্ষেত্রে যা করণীয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৪:৫০
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে অনেক অফিসই কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। সে কারণে অনেককেই দিনের বেশিরভাগ সময় ল্যাপটপের সামনে বসে কাটাতে হচ্ছে। এতে অনেকের ঘাড়ে-কোমরের সমস্যাও দেখা দিচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, যারা বাড়িতে বসে অফিসের কাজ করছেন তাদের খাটে বা বিছানায় বসে কাজ করা মোটেও ঠিক নয়। গবেষণা বলছে , বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করলে শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। শুধু ল্যাপটপ নয়, বিছানায় বসে বই পড়াও ঠিক নয় বলছেন বিশেষজ্ঞরা। কারণ খাটে বসে কাজ করলে পেছনে সাপোর্ট দেওয়ার মতো কিছু থাকে না। অনেকে হয়তো বালিশে হেলান দিয়ে কাজ করেন, কিন্তু শরীরের জন্য তা মোটেও কার্যকর নয়।
বিশেষজ্ঞদের মতে, বিছানায় বসে কাজ করলে নিজের অজান্তেই কেউ কেউ সামনের দিকে ঝুঁকে পড়েন, এতে স্পাইন বা শিরদাঁড়ার সমস্যা দেখা দেয়। প্রথম দিকে শুধু ঘাড় ব্যথা, কোমর ব্যথা হয়, কিন্তু পরে স্লিপড ডিস্কও হতে পারে। এছাড়া বিছানায় বসে কাজ করলে ঘুমের সমস্যা হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, বিছানায় বসে কাজ করলে ঘুম আর কাজের সময়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না। মস্তিষ্ক আমাদের দিয়ে যা করায় আমরা তাই করি। বিছানার সঙ্গে ঘুমের সরাসরি যোগ থাকে। এ কারণে বিছানায় বসে কাজ করলে ঘুম এবং কাজ দুয়েরই ব্যঘাত ঘটে।
অনেকের আবার বাড়িতে অন্য ব্যবস্থা না থাকায় বিছানায় বসেই কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে কিছু বিষয় অনুসরণ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যেমন-
১.একান্তই যদি বিছানায় বসে কাজ করতে হয়, তাহলে পেছনে যথাযথ ব্যাক সাপোর্ট রাখা উচিত।
২. ল্যাপটপটা বিছানা থেকে উঠিয়ে আপনার চোখের সমতলে আনতে হবে, যাতে আপনাকে ঝুঁকে পড়ে কাজ না করতে হয়।
৩. সোজা হয়ে বসে কাজ করবেন। মাথা ঘাড় আর শিরদাঁড়া যেন একই সমতলে থাকে সেটা খেয়াল রাখতে হবে।
৪. একই ভঙ্গিতে বেশিক্ষণ টানা বসে থাকবেন না। কাজের মাঝে ছোট বিরতি নিয়ে মাঝে মধ্যে ৫ মিনিট করে হাঁটুন। এছাড়া সারাদিন বাড়িতে বসে কাজ করলে সকাল-সন্ধ্যা আধ ঘন্টা করে হালকা ব্যায়াম করুন। তাহলে শরীর সুস্থ থাকবে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
- বিষয় :
- জীবনশৈলী
- সম্পর্ক
- করোনাভাইরাস
