ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফুসফুসের জন্য উপকারী ৫ যোগাসন

ফুসফুসের জন্য উপকারী ৫ যোগাসন
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ১৩:২৯

শরীর ও মনের সুস্থতায় যোগাসন জরুরি। যারা হাঁপানি, ব্রঙ্কাইটিস ও শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন তারা নিয়মিত কয়েকটি আসন অনুশীলন করতে পারেন। যোগব্যায়ামের শ্বাস-প্রশ্বাসভিত্তিক অনুশীলন শরীরের ভেগাস নার্ভকে সক্রিয় করে। এতে স্ট্রেস হরমোন কমে। মন স্থির হয়, স্নায়ু শান্ত থাকে এবং ঘুমের মান উন্নত হয়।

যে ৫ যোগাসন ফুসফুসের জন্য উপকারী 

ভুজঙ্গাসন (কোবরা পোজ): পেটের ওপর শুয়ে পড়ুন। হাত দুটি কাঁধের নিচে রাখুন। শ্বাস নিতে নিতে ধীরে ধীরে বুকে ভর দিয়ে শরীর তুলুন। কাঁধ নিচে রাখুন, গলা লম্বা রাখুন। ১৫-২০ সেকেন্ড ধরে রাখতে পারেন। এ ইয়োগা বুকের খাঁচা খুলে দেয়। এটি করলে ফুসফুসে বেশি বাতাস ঢোকে এবং এটি ফুসফুসের ক্ষমতা বাড়ায়। 

তাড়াসন: দুই পা একসঙ্গে, হাত দুই পাশে নামিয়ে সোজা হয়ে দাঁড়ান। গভীর শ্বাস নিয়ে হাত মাথার ওপর তুলুন। লম্বা হয়ে ১০-১৫ সেকেন্ড দাঁড়িয়ে শ্বাস নিন। এ যোগ ফুসফুস পুরোপুরি প্রসারিত করতে সাহায্য করে ও ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায়। 

মৎস্যাসন (ফিশ পোজ): পা ছড়িয়ে বা পদ্মাসনে পিঠের ওপর শুয়ে পড়ুন। বুকে ভর দিয়ে শরীর তুলে গলা পেছনে নিন। বুক ফুলিয়ে গভীর শ্বাস নিন। শ্বাস ১৫-৩০ সেকেন্ড ধরে রাখুন। এ যোগাসনে বুকের অংশ পুরো খুলে যায়, গভীর শ্বাস নেওয়া সহজ হয়। 

ধনুরাসন (বো পোজ): পেটের ওপর শুয়ে পা দুটো ভাঁজ করুন। হাতে পায়ের গোড়ালি ধরুন। শ্বাস নিয়ে বুক ও পা দুটো ওপরে তুলুন। শরীর ধনুকের মতো আকৃতি নেবে। ১০-১৫ সেকেন্ড রাখুন। এটি করলে ডায়াফ্রাম ও ফুসফুসে জায়গা তৈরি হয়। 

উষ্ট্রাসন (ক্যামেল পোজ): হাঁটু গেড়ে দাঁড়ান। পেছনে ঝুঁকে দুই হাতে দুই গোড়ালি ধরুন। বুক সামনে ঠেলে দিন। গভীর শ্বাস নিন। ১০-২০ সেকেন্ড ধরে রাখুন।

আরও পড়ুন

×