রোজ ক্রকস পরে হাঁটা কি ভালো?
ছবি: সংগৃহীত
শৈলী ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১৩:২৩
সম্প্রতি ছোট বড় সবার পায়ে ক্রকস জুতা বেশি দেখা যায়। পরতে আরামদায়ক হওয়ায় এর জনপ্রিয়তা বাড়ছে। এই ক্রকস জুতা পরা কি আসলেই ভালো?
চিকিৎসকরা বলছেন, এই জুতা নিয়মিত পরলে অজান্তেই আপনার ও আপনার শিশুর পায়ের মারাত্মক ক্ষতি হয়। শিকাগোর ডা. মেগান লিহি জানিয়েছেন, ক্রকস জুতা সারাদিন পরার জন্য একেবারেই উপযুক্ত নয়। এই জুতার পেছনের অংশে গোড়ালিকে সঠিক সাপোর্ট দেওয়ার মতো কোনো মজবুত কাঠামো নেই। ফলে হাঁটার সময় ভারসাম্য বজায় রাখতে পায়ের আঙুলগুলোকে অনেক বেশি কসরত করতে হয়।
এমন অতিরিক্ত কসরতের কারণে পায়ের স্নায়ু ও পেশিতে মারাত্মক চাপ পড়ে। শুরু হয় নানা সমস্যা। দীর্ঘদিন ধরে এই জুতা পরে হাঁটলে পেশিতে প্রদাহ বা টেন্ডোনাইটিস হওয়া খুব স্বাভাবিক। এমনকি আঙুল বেঁকে যাওয়া বা কড়া পড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে বলে জানান চিকিৎসকরা।
এই জুতার মাঝখানের অংশটি অত্যন্ত নরম হওয়ায় এটি সঠিক আর্চ সাপোর্ট দেওয়ার জন্য একেবারেই উপযুক্ত নয়। দীর্ঘক্ষণ এটি পরে থাকলে প্লান্টার ফ্যাসাইটিস বা গোড়ালির ব্যথায় ভুগতে হতে পারে। যারা আগে থেকেই পায়ের ব্যথায় ভুগছেন, তাদের কখনো এই জুতা পরা উচিত নয়।
শিশুদের ক্ষেত্রে এই জুতার ব্যবহার আরো বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিশেষ করে দৌড়াদৌড়ি বা খেলার সময় এই জুতো পা থেকে সহজেই পিছলে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এর ফলে হোঁচট খেয়ে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়।
শপিং মলের চলন্ত সিঁড়ি বা এসক্যালেটরে শিশুদের ক্রকস পরিয়ে ওঠানো ঝুঁকির। জুতার নরম উপাদান এসক্যালেটরের খাঁজে আটকে গিয়ে বিশ্বে একাধিক দুর্ঘটনা ঘটার ইতিহাস আছে। তাই ছোটদের সুরক্ষার কথা মাথায় রেখে এমন জুতা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
চিকিৎসকদের মতে, ক্রকস যে একেবারেই পরা যাবে না এমন নয়। সমুদ্রসৈকতে হাঁটা, বাগানে কাজ করা বা সুইমিং পুলে যাওয়ার সময় অল্প সময়ের জন্য এটি পরা যেতে পারে। তবে ঘণ্টার পর ঘণ্টা হাঁটা বা সারাদিন পরে থাকার জন্য এটি উপযুক্ত নয়। পায়ের সুস্থতা বজায় রাখতে সঠিক মাপের এবং মজবুত গোড়ালি যুক্ত জুতা বেছে নেওয়া উচিত। প্রতিদিনের ব্যবহারের জন্য স্নিকার্স বা ভালো স্পোর্টস শু অনেক বেশি নিরাপদ।
সূত্র: টিভি৯