দাঁতের ব্যথা কমানোর ঘরোয়া উপায়
ছবি: সংগৃহীত
শৈলী ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৩:৩১
কখনো কখনো খাবার খাওয়ার মাঝপথে হঠাৎ দাঁতে তীব্র শিরশিরানি বা যন্ত্রণা শুরু হয়। ব্রাশ করেও সে যন্ত্রণা কমে না। এমন সমস্যায় পড়লে অনেকেরই রাতে ঘুম হয় না। ক্যাভিটি, দাঁত ক্ষয়ে যাওয়া, দাঁতের গোড়ায় খাবার আটকে থাকা কিংবা মাড়িতে ব্যাকটেরিয়ার সংক্রমণ- নানা কারণেই ব্যথা হতে পারে।
চিকিৎসকরা বলছেন, এনামেল ক্ষয়ে ইনফেকশনে দাঁতের ভিতরের স্নায়ু বা পাল্প-এ পৌঁছে গেলে তীব্র ব্যথা হয়। মাড়ি বা দাঁতের গোড়ায় ব্যাকটেরিয়া জমে পুঁজ বা ইনফেকশন তৈরি হলেও একইরকম সমস্যা হতে পারে। খাবার চিবোনোর সময় বা ঠান্ডা-গরম পানীয় খেলেই শিরশিরানি শুরু হয়। আবার, সাইনাসের কারণেও অনেকের দাঁতে ব্যথা হতে পারে।
ঘরোয়া উপায়ে দাঁতের ব্যথা কমানোর উপায়
কুসুম গরম ও লবণ পানিতে কুলকুচি: এক কাপ কুসুম গরম পানিতে আধা চামচ লবণ মিশিয়ে নিন। মুখে নিয়ে ভালো করে কুলকুচি করে ফেলে দিন। এটি মুখের ভিতরের ব্যাকটেরিয়া পরিষ্কার করে এবং মাড়ির টিস্যুকে আরাম দেয়।
হালকা ফ্লসিং: অনেক সময় দাঁতের ফাঁকে খাবার আটকে তীব্র অস্বস্তি হয়। হালকা হাতে ডেন্টাল ফ্লস ব্যবহার করে সেই জট ছাড়াতে পারেন। তবে ভুলেও অতিরিক্ত চাপ দেবেন না।
কোল্ড প্রেস বা বরফের সেঁক: দাঁতে ব্যথার সঙ্গে গাল বা মাড়ি ফুলে গেলে একটি পরিষ্কার কাপড়ে বরফ পেঁচিয়ে গালের বাইরে ১৫ মিনিট ধরে রাখুন। এতে ফোলা ও ব্যথা দুটোই কমবে।
ওভার-দ্য-কাউন্টার পেনকিলার: অতিরিক্ত ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে।
নরম খাবার খাওয়া: শক্ত বা অতিরিক্ত ঠান্ডা-গরম খাবার এড়িয়ে চলুন। যে পাশে ব্যথা, তার বিপরীত দিক দিয়ে নরম খাবার চিবিয়ে খান।
রসুন: রসুনে প্রাকৃতিক অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ থাকে। রসুন পেস্ট করে সামান্য লবণ মিশিয়ে সরাসরি ব্যথার জায়গায় লাগাতে পারেন। আবার রসুন চিবিয়েও খেতে পারেন। তবে এটি পূর্নাঙ্গ চিকিৎসা নয়। রসুন সাময়িক আরাম দিতে পারে। তবে যেকোনো টোটকা ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কী কী মাথায় রাখতে হবে?
যন্ত্রণা কমাতে অনেকেই কিছু ভুল টোটকা ব্যবহার করেন। এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি। ব্যথানাশক অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো বা গাঢ় লবঙ্গ তেল সরাসরি মাড়িতে লাগালে কেমিক্যাল বার্ন হতে পারে বা মাড়ি পুড়ে যেতে পারে। দাঁতে ফাটল বা ক্যাভিটি থাকলে সরাসরি বরফ ছোঁয়ালে যন্ত্রণা বেড়ে যেতে পারে। সব ধরনের ব্যথায় অ্যান্টিবায়োটিক লাগে না। ইনফেকশন থাকলে রুট ক্যানাল বা নিষ্কাশন ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।
সূত্র: এই সময়
- বিষয় :
- দাঁতের যত্ন
- ব্যথা