ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জন্মজয়ন্তী

জেন-জি যুগে নজরুল পুনর্কল্পনা

জেন-জি যুগে নজরুল পুনর্কল্পনা
×

কাজী নজরুল ইসলাম (১১ জ্যৈষ্ঠ ১৩০৬–১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ)

শশাঙ্ক সাদী

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১১:১৩

কাজী নজরুল ইসলাম বাংলার ‘বিদ্রোহী কবি’, যাঁর তেজোদীপ্ত লেখনী ব্রিটিশ ঔপনিবেশিক আধিপত্য ও সামাজিক অবিচারকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল। তবে নজরুলকে কেবল একজন প্রবল জাতীয়তাবাদী কবি হিসেবে গণ্য করলে তাঁর বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক উত্তরাধিকারের গভীরতাকে খাটো করা হয়। তাঁর প্রাসঙ্গিকতা কেবল সাহিত্য প্রতিভায় নয়; মুক্তিবাদী মানবতাবাদের মধ্যে নিহিত। বর্তমান সময়ের সাংস্কৃতিক মেরূকরণ, ডিজিটাল সাম্রাজ‍্যের মানবিক বিচ্ছিন্নতা, আর্থসামাজিক ও রাজনৈতিক বৈষম্য, নব‍্য উপনিবেশায়ন, বৈশ্বিক সংঘাত ও যুদ্ধ ঝুঁকি, যুবসমাজের ক্ষমতাহীনতা ইত্যাদি সংকট মোকাবিলায় নজরুলের মুক্তিবাদী মানবতা হতে পারে বিশেষ হাতিয়ার।

একবিংশ শতাব্দীতে বিশেষত বর্তমান ‘জেন-জি’ প্রজন্মকে প্রভাবিত করার দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল সংস্কৃতির প্রেক্ষাপটে কাজী নজরুল শুধু একজন ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসেবে নয়, বরং সামাজিক কল্পনা, নৈতিক প্রতিরোধ এবং সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার এক জীবন্ত কাঠামো হিসেবে সুস্পষ্ট প্রতিভাত।

বিদ্রোহী থেকে সামাজিক স্থপতি

নজরুলের দ্রোহ শুধু ঔপনিবেশিকতাবিরোধী রাজনৈতিক সংস্কৃতিতে সীমাবদ্ধ ছিল না। তাঁর লেখনী সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, পিতৃতন্ত্র, শ্রেণি-শোষণ, ধর্মীয় গোঁড়ামি ইত্যাদি মানব মর্যাদাকে অস্বীকারকারী প্রতিটি কাঠামোকে চ্যালেঞ্জ করেছিল। গীতিময় বহুমাত্রিকতা ও মানবতার মাধুর্য দিয়ে নজরুল জীবনের লক্ষ‍্য যেমন অন্বেষণ করেছেন, তেমনি তাঁর ভাষার গতি ছিল সাধারণের কাছে মর্মস্পর্শী এবং স্পষ্ট। তাঁর বেশির ভাগ রচনাই এক গতিশীল তাগিদ দিয়ে তৈরি, যা শান্তিবাদী মননের পরিবর্তে তাৎক্ষণিক হিসাবনিকাশ দাবি করে। অপরিহার্যভাবেই নজরুলের সাংস্কৃতিক প্রতিরোধমূলক অবস্থানের বিশেষ ভঙ্গি রাজনৈতিক ও সামাজিক ভাঙনগুলোকে সরাসরি অস্বীকার করে। আমরা সহজেই অনুভব করি, নজরুলের লেখনী কেবল প্রতিরোধের বর্ণনা দেয়নি; প্রতিরোধকে প্রতিবিম্বিত করেও দেখিয়েছে। 

উদাহরণ হিসেবে বলা যায়, ঐতিহাসিক ‘বিদ্রোহী’ কবিতায় নজরুল এমন এক সত্তা নির্মাণ করেছেন, যা চিরাচরিত প্রতিটি সীমানাকে অস্বীকার করেছে। বিদ্রোহী কবিতার চিত্রকল্পে নিহিত নির্মাণ ও ধ্বংস দুটোর মধ্যে একটিকে বেছে নিতে অস্বীকার করার অদম্য আকাঙ্ক্ষা ও প্রত্যয়। নজরুল যেন এক নিঃশ্বাসে ধারণ করেছেন কোমলতা ও ক্রোধ, সৃষ্টি ও ধ্বংস, ভঙ্গুরতা ও মহাজাগতিক শক্তি। ‘বিদ্রোহী’ সত্তা তাই ব্যারিকেড গড়া কোনো রাজনৈতিক ভিন্নমত নয়। এটি মানব অভিজ্ঞতাকে সংকুচিত, শ্রেণিবদ্ধ বা ছোট করে দেখাতে চায় এমন প্রতিটি ব্যবস্থার বিরুদ্ধে সরব অভিমত।

নজরুলের চোখে পরিপূর্ণ মানুষ হওয়াটাই এক ধরনের বিদ্রোহ। এই দৃষ্টিভঙ্গি আজকের যুগে অত্যন্ত গভীরভাবে প্রাসঙ্গিক। কারণ এই জেন-জি যুগে তরুণ প্রজন্ম একদিকে ডিজিটাল অমানবিকতা, বৈষম্য এবং সামাজিক অস্থিরতার শিকার হচ্ছে, অন‍্যদিকে তকমা ও উত্তরাধিকারসূত্রে পাওয়া শ্রেণিবিন্যাসকে ক্রমবর্ধমানভাবে প্রতিরোধ করছে এবং নিজেদের শর্তে নিজেদের সংজ্ঞায়িত করার অধিকারের ওপর জোর দিচ্ছে।

সীমানা ছাড়িয়ে মানবতাবাদ

বাংলা সংস্কৃতিতে নজরুলের সবচেয়ে স্থায়ী অবদান নিহিত তাঁর আমূল মানবতাবাদ ও সমন্বয়বাদী কল্পনার মধ্যে। তিনি অসাধারণ সাবলীলতায় সুদূর পারস্য থেকে গ্রামবাংলার লোকঐতিহ্যের উপাদান গ্রহণ করেছেন। এর মাধ্যমে তিনি এমন এক সাংস্কৃতিক পরিসর তৈরি করেছেন, যেখানে সামাজিক পরিচয়গুলো বিচ্ছিন্ন না হয়ে বরং পরস্পরকে সমৃদ্ধ করেছে। তাঁর দর্শন সাম্প্রদায়িক বিভাজনের ঊর্ধ্বে পরম সত্য হিসেবে মানুষের মর্যাদা অর্থাৎ মানুষকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। 

ক্রমবর্ধমান মেরূকরণ এবং পরিচয়ভিত্তিক সংঘাতে জর্জরিত এই সময়ে নজরুলের সমন্বয়বাদ প্রতীকী ধর্মনিরপেক্ষতার চেয়ে স্থায়িত্বশীল ভাবনার অবয়ব প্রদান করে। এটি মানুষের মর্যাদাভিত্তিক সহাবস্থানের জন্য এমন এক নৈতিক কাঠামো উপস্থাপন করে, যা নিষ্ক্রিয়-সহনশীলতায় নয় বরং অভিন্ন মানবতার সক্রিয়-স্বীকৃতিতে প্রোথিত।

খণ্ডিত ডিজিটাল জগৎ এবং মতাদর্শগত প্রতিবিম্বের বলয়ে ঘুরপাক খেতে থাকা জেন-জি প্রজন্মের জন্য এই মানবকেন্দ্রিক দর্শনটি গভীর প্রাসঙ্গিকতা বহন করে। আজকের সময়ে নজরুল আমাদের মনে করিয়ে দেয় তথাকথিত মর্যাদার লেবাসের আড়ালে থাকা মানুষটিকে চেনার সক্ষমতা থেকে সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার সূচনা।

রূপান্তরের বাহক তারুণ্য

নজরুল তাঁর সক্রিয় জীবনকালে তরুণদের সমাজের নিষ্ক্রিয় উত্তরাধিকারী হিসেবে নয়, বরং এর রূপান্তরকারী শক্তি হিসেবে দেখতেন। তাঁর লেখনীতে বারবার ঝড়ের শক্তি, মহাজাগতিক ধ্বংসযজ্ঞ এবং নির্ভীক গতির কথা উঠে এসেছে, যা অবিচার দূর এবং নতুন ভবিষ্যৎ কল্পনা তৈরির ক্ষেত্রে তরুণ প্রজন্মের ক্ষমতাকে প্রতীকায়িত করে।

নজরুলের কবিতা ও গানে তরুণরা সামাজিক নবায়নের অগ্রদূত হিসেবে আবির্ভূত যারা দুঃসাহসী, অস্থির এবং শৃঙ্খল ভাঙার জন‍্য প্রয়োজনীয় বিশৃঙ্খলা সৃষ্টিতে নির্ভীক চিত্ত। নজরুলের কাছে গতানুগতিক ভব‍্যতার চাইতে সাহস ছিল বেশি গুরুত্বপূর্ণ; উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত অভিজ্ঞতার চেয়ে পরিবর্তনের কল্পনা ছিল বেশি মূল্যবান। এই দর্শনটি জেন-জি প্রজন্মের সামাজিক পরিবর্তনে সক্রিয় ভূমিকা এবং অংশগ্রহণমূলক সমাজ সম্পর্কিত সমসাময়িক ভাবাদর্শের সঙ্গে চমৎকারভাবে মিলে যায়। জেন-জি প্রজন্ম জবরদস্তিমূলক শাসনব্যবস্থা এবং অবৈধ দখল ও অন‍্যায় যুদ্ধ-বিরোধিতা, অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার, লিঙ্গ সমতা, মানসিক স্বাস্থ্য সচেতনতা বা গণতান্ত্রিক জবাবদিহির মতো আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ক্রমবর্ধমানভাবে অবস্থান নিচ্ছে। নজরুলের লেখনী এই আন্দোলনগুলোর জন্য কেবল আবেগীয় অনুপ্রেরণাই জোগায় না, বরং প্রতিরোধ শক্তিকে বেগবান করার জন‍্য একটি নৈতিক শব্দভান্ডার আন্দোলনকারীদের হাতের নাগালে এনে দেয়।
নজরুল বিশ্বাস করতেন, সব সামাজিক রূপান্তরকে অবশ্যই প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে গিয়ে দৈনন্দিন জীবনে প্রবেশ করতে হবে। তাঁর দৃষ্টিতে শিক্ষা কেবল কারিগরি প্রশিক্ষণ নয় বরং তা হতে হবে বিবেক, সৃজনশীলতা ও সহানুভূতি বিকাশের সহায়ক আর সব নতুন প্রজন্ম এই বিকাশের কেন্দ্রবিন্দু। 

জেন-জি প্রজন্মের নজরুল কল্পনা

নজরুলের গোঁড়ামির প্রতি প্রত্যাখ্যান, বহুত্বের প্রতি অনুরাগ এবং সত্যনিষ্ঠার ওপর জোর দেওয়া– এই বিষয়গুলো জেন-জি প্রজন্মের কাছে সহজেই অনুরণিত হয়। কারণ তারা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত নিশ্চিত ধারণাগুলোকে প্রশ্ন করতে করতে এবং পরিচয় ও ন্যায়বিচার নিয়ে আরও সৎ ও বহুমাত্রিক আলোচনার দাবি জানাতে জানাতে বড় হচ্ছে।

পূর্ববর্তী প্রজন্মগুলোর মতো কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা স্থির আদর্শগত আনুগত্যকে কেন্দ্র করে সংগঠিত না হয়ে জেন-জি প্রজন্ম আন্তঃছেদীয় চিন্তাভাবনার দিকে ঝুঁকেছে। তারা বিশ্বাস করে লিঙ্গ, বর্ণ, শ্রেণি, ধর্ম, জাতিসত্তা, শারীরিক সক্ষমতা, পরিবেশ, জলবায়ু বা সামাজিক ন‍্যায়বিচারের মতো প্রশ্নগুলো পৃথক নয়, বরং পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। নজরুল সহজাতভাবেই এই ভাবনাকে ধারণ করেছিলেন। তাঁর বিদ্রোহ একই সঙ্গে ঔপনিবেশিক শাসন, বর্ণপ্রথা, ধর্মীয় গোঁড়ামি, শ্রেণিবাদ, জাত-পাত এবং লিঙ্গীয় অধীনতার বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। তিনি কোনো একটি অবিচারকে অন্যটির চেয়ে বেশি মনোযোগের যোগ্য বলে মনে করতে অস্বীকার করেছিলেন। তাঁর ‘নারী’ কবিতাটি এর উল্লেখযোগ্য উদাহরণ। মূলধারার বাঙালি জনজীবনে নারীবাদী আলোচনা প্রবেশের কয়েক দশক আগেই লেখা এই রচনাটি সমাজের পিতৃতান্ত্রিক ধারণাকে এক অমোঘ সরলতার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল: ‘‍সাম্যের গান গাই–/ আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!/ বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর,/ অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’

উক্তিটি আপাতদৃষ্টিতে সরল মনে হলেও নজরুলের সময়ের জন্য এটি ছিল বৈপ্লবিক এবং আজও সমানভাবে কার্যকর। নজরুল তাঁর এই রচনায় কোনো সহনশীলতা বা অন্তর্ভুক্তির কথা বলেননি বরং পিতৃতন্ত্র স্বীকার করতে সরাসরি অস্বীকার করেছিলেন। লোক দেখানো মিত্রতা এবং কাঠামোগত পরিবর্তনের মধ্যে পার্থক্য বুঝতে অভ্যস্ত জেন-জি প্রজন্মের কাছে এই সরলতা পরিচিত এবং প্রয়োজনীয় বলেই মনে হতে পারে। অন‍্যদিকে নজরুলের জীবনের দারিদ্র্য, শোক, কারাবাস এবং শেষে একটি স্নায়বিক রোগে জর্জরিত হওয়ার ঘটনা জেন-জি প্রজন্মকে বোঝার সুযোগ করে দেয়– ব‍্যক্তিগত ক্ষতির মুখেও সৃজনশীল সহনশীলতা নিজেই এক প্রকার প্রতিরোধ শক্তি।

সাংস্কৃতিক স্থিতিস্থাপকতা ও পরিবেশ

যদিও নজরুলকে খুব কমই পরিবেশবাদী চিন্তাবিদ হিসেবে উল্লেখ করা হয়, কিন্তু তাঁর লেখনীতে প্রায়ই সামাজিক রূপান্তরের রূপক হিসেবে ঝড়, নদী, বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ের উল্লেখ পাওয়া যায়। তাঁর সৃষ্টিকর্মে প্রকৃতি গতিশীল, বিঘ্ন সৃষ্টিকারী এবং মানব ভাগ্যের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত।

এই প্রতীকী তাৎপর্য বাংলাদেশের মতো জলবায়ু-সংবেদনশীল সমাজগুলোর জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক। কারণ এখানে পরিবেশগত সংকট দারিদ্র্য, বৈষম্য, বাস্তুচ্যুতি এবং সামাজিক ভঙ্গুরতার সঙ্গে মিলেমিশে একাকার।

নজরুলের দৃষ্টিভঙ্গি আমাদের আর্থসামাজিক স্থিতিস্থাপকতাকে কেবল অবকাঠামোগত বা নীতিগত প্রস্তুতি হিসেবে না দেখে, বরং সম্মিলিত নৈতিক সহনশীলতা হিসেবে দেখতে উৎসাহিত করে। নজরুলের সম্মিলিত সাংস্কৃতিক স্মৃতি সামাজিক শক্তির এমন রূপ হয়ে ওঠে, যা অনিশ্চয়তা ও বিপর্যয়ের মধ্য দিয়ে বিপদাপন্ন সম্প্রদায়কে মানসিকভাবে টিকিয়ে রাখতে সক্ষম। তাই তাঁর গান ও কবিতা শুধু সাংস্কৃতিক সংরক্ষণের জন্যই নয়, বরং সংকটকালে সংহতি, ঐক্য এবং মানসিক স্থিতিস্থাপকতার জন্যও শক্তিশালী হাতিয়ার হিসেবে রয়ে গেছে।

স্মৃতিচারণ থেকে সক্রিয়তা

আজকের দিনে নজরুলকে শুধু একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে সংরক্ষণ না করে কীভাবে সমসাময়িক সাংস্কৃতিক জীবনে তাঁর দর্শনকে সক্রিয় করে তোলা যায়, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নজরুলকে এমন রূপে খুঁজে বের করা দরকার, যা বর্তমান প্রজন্মের কাছে নিজস্ব বলে মনে হবে। তার জন‍্য দরকার নজরুলকে নিয়ে বিবিধ আলোচনা ও কর্মকাণ্ড। নজরুলের গানের সমসাময়িক পুনর্ব্যাখ্যা তাঁর ছন্দকে নতুন ধ্বনি-জগতে নিয়ে যাবে; গ্রাফিক্স ও ডিজিটাল গল্প বলার মাধ্যমে তাঁর দ্রোহের চিত্রকল্প দৃশ্যমান করে তুলবে; উদাত্ত পরিবেশনায় তাঁর বিদ্রোহী কণ্ঠ নতুন প্রাণ পাবে; সাংস্কৃতিক গবেষণাগারে তাঁর ধারণাগুলো নিষ্ক্রিয় অধ্যয়নের বস্তু না হয়ে মৌলিক সৃষ্টির সূচনাবিন্দুতে পরিণত হবে। এগুলো তাঁর অমূল্য উত্তরাধিকারের সংকোচন নয়। এগুলো মূল বিদ্রোহী প্রাণশক্তির পুনরুদ্ধার চেষ্টা। নজরুল নিজে কখনও সংরক্ষিত হতে আগ্রহী ছিলেন না। তিনি আগ্রহী ছিলেন তাঁর কথা শোনাতে ও অচলায়তন ভেঙে প্রাণ জাগাতে। 

পরিশেষে বলা যায়, কাজী নজরুল ইসলাম আজও অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ তিনি বুঝেছিলেন, স্বাধীনতার সংগ্রাম কখনোই নিছক রাজনৈতিক নয়। এটি আবেগিক, সাংস্কৃতিক, নৈতিক ও গভীরভাবে মানবিক। মানুষের মর্যাদা খর্ব করে এমন প্রতিটি ব্যবস্থার বিরুদ্ধে ছিল তাঁর বিদ্রোহ। 

রাজনৈতিক ও সামাজিক মেরূকরণ, যুদ্ধ ও সংঘাত, বাস্তুচ্যুতি, পরিবেশ ও জলবায়ু উদ্বেগ, প্রযুক্তিগত বিচ্ছিন্নতা এবং আপনত্বের সংকটের মুখোমুখি প্রজন্মের জন্য নজরুল কেবল অনুপ্রেরণাই দেন না; তিনি দেন সমতা, সৃজনশীল স্বাধীনতা এবং সম্মিলিত সহনশীলতার ওপর ভিত্তি করে এক সাহসী মানবতাবাদের দর্শন।

অ্যালগরিদম, নজরদারি ও ডিজিটাল ক্লান্তিতে আচ্ছন্ন এই যুগে নজরুলের আবেগীয় গভীরতা এবং মানবিক সম্পর্কের ওপর জোর দেওয়ার মানসিকতা অতীব জরুরি হয়ে উঠছে। তাঁর কাজ এমন একটি সমাজের আহ্বান জানায়, যেখানে প্রযুক্তিগত অগ্রগতি সহানুভূতি, বিবেক এবং অন্তরাত্মাকে ম্লান করে দেবে না।

সুতরাং, আজ নজরুলকে স্মরণ করা কোনো স্মৃতিচারণ নয়। এটি ভবিষ্যৎকে নতুন করে কল্পনা করার একটি প্রয়াস। জেন-জি প্রজন্ম শুধু নিষ্ফল স্মৃতিচারণ বা পাঠ্যপুস্তকের শ্রদ্ধায় যুক্ত হতে আগ্রহী নয়। বরং তারা তাদের বর্তমান অবস্থানের সঙ্গে মিশে থাকে এমন সাংস্কৃতিক শক্তির প্রতি অবলীলায় সাড়া দেয়।

কাজী নজরুল জেন-জি প্রজন্মের পাঠ্যক্রমের জন‍্য শুধু একটি আবশ্যিক বিষয় হিসেবে নয়, একটি সামগ্রিক নাগরিক ভাষা হিসেবে কাজ করেন। কাজী নজরুল হচ্ছেন সহানুভূতি, ন্যায়বিচার, সাহস ও সহাবস্থানের এক অভিন্ন শব্দভান্ডার, যা মানুষ সাধারণ জীবনে ও সংকটকালে সমানভাবে ব্যবহার করতে পারে। 

শশাঙ্ক সাদী: সমাজ বিশ্লেষক ও সংস্কৃতিকর্মী

আরও পড়ুন

×