সিলভার সাদিয়া
সাদিয়া আয়মান
এমদাদুল হক মিলটন
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ০৭:২০
| প্রিন্ট সংস্করণ
সময়ের সঙ্গে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলছেন। অভিনয়, ব্যক্তিত্ব আর নান্দনিক উপস্থিতির মাধ্যমে ইতোমধ্যে দর্শকের হৃদয়ে আলাদা জায়গা তৈরি করেছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। নাটক ও ওটিটিতে অভিনয় দিয়ে আলো ছড়িয়েছেন তিনি। এবার একেবারে ভিন্ন ধারার অভিজ্ঞতা নিয়ে তিনি হাজির হয়েছেন বাংলাদেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’তে। মাত্র তিন মিনিট দৈর্ঘ্যের ১৫ পর্বের এই সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি আজ সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এতে তাঁকে দেখা যাবে মাদ্রাসাপড়ুয়া একজন কিশোরীর চরিত্রে। ছোট পরিসরে গল্প বলার এই নতুন উদ্যোগ নিয়ে দারুণ আশাবাদী অভিনেত্রী নিজেও।
সিলভার সাদিয়ার গল্পে উঠে এসেছে এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাদ্রাসাপড়ুয়া কিশোরীর জীবনসংগ্রাম। পরিবারকে লুকিয়ে গেমিংয়ের প্রতি ভালোবাসা থেকে ইউটিউবে লাইভ স্ট্রিমিং শুরু করেন তিনি। মায়ের নীরব সমর্থনে ধীরে ধীরে তৈরি হয় তাঁর নিজস্ব দর্শকগোষ্ঠী। একসময় সেই গোপন সত্য বাবার সামনে প্রকাশ হলে শুরু হয় টানাপোড়েন। পরিবার, স্বপ্ন আর নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্পই এই সিরিজের মূল উপজীব্য। সিরিজটি নিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘সিলভার সাদিয়া’ মাইক্রো ড্রামা নির্মাণ নিঃসন্দেহে একটা দারুণ উদ্যোগ। ছোট ছোট পর্বে সুন্দর একটি গল্প বলার নতুন অভিজ্ঞতা। বেশ ভালো লাগছে এমন একটি সিরিজে অভিনয় করতে পেরে। বর্তমান সময়ের দর্শকের দেখার অভ্যাস বদলে গেছে, আর সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েই তৈরি হয়েছে এই ব্যতিক্রমী আয়োজন। চেষ্টা করেছি, মাদ্রাসাপড়ুয়া কিশোরীর চরিত্রটি ফুটিয়ে তুলতে। কতটুকু পেরেছি, দর্শক তা দেখার পর বলতে পারবেন।’
সিরিজটি পরিচালনা করেছেন মিরাজ হোসেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও মানবিকতা ও ধৈর্যকে সবচেয়ে বড় গুণ বলে মনে করেন সাদিয়া। তিনি বলেন, ‘আমি একজন মানবিক মানুষ, নিজেকে মানবিক মানুষ বলতেই পছন্দ করি। নিজের মাকেই জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে অভিনেত্রী জানান, মাই তাঁর অনুপ্রেরণা। মানুষের মন জয় করতে হলে ধৈর্য ও আন্তরিকতার বিকল্প নেই। মিডিয়ায় কাজ করতে করতেই নিজেকে অনেক পরিণত করেছেন বলে মনে করেন এই অভিনেত্রী। তাঁর কথায়, ‘মিডিয়াতে কাজ করার পর থেকে আমি আরও ধৈর্যশীল হয়েছি। এ কারণে আমার চলার পথটা মসৃণ হয়েছে।’
সম্প্রতি বাইফা অ্যাওয়ার্ড-এ সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেছেন সাদিয়া আয়মান। ‘বোহেমিয়ান ঘোড়া’ কাজের জন্য নিজের ঝুলিতে এ পুরস্কার তুলেছেন এই অভিনেত্রী।
এই স্বীকৃতি তাঁকে আরও দায়িত্বশীল করে তুলেছে বলে জানান তিনি। পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘যে কোনো পুরস্কার প্রাপ্তি আনন্দের। দায়িত্ব বাড়িয়ে দেয়। একজন শিল্পীর জন্য দর্শকের ভালোবাসা সবচেয়ে বড় প্রাপ্তি। পুরস্কার আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়।’
ছোটপর্দা, ওটিটি এবং চলচ্চিত্র–সব মাধ্যমেই নিজের দক্ষতার প্রমাণ দিচ্ছেন সাদিয়া আয়মান। ‘কাজলরেখা’ সিনেমায় অভিনয় করে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি ওয়েব কনটেন্টেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। গত বছর তানিম নূরের পরিচালনায় ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। আসছে ঈদে বেশ কিছু কাজ নিয়ে দর্শকের সামনে আসছেন এই অভিনেত্রী। এসবের শুটিংয়েই এখন তিনি ব্যস্ত সময় পার করছেন বলে জানা গেছে।
নতুন প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান এখন শুধুই একজন জনপ্রিয় অভিনেত্রী নন; বরং বদলে যাওয়া সময়ের সাহসী ও আধুনিক গল্প বলার এক উজ্জ্বল মুখ। এমনটিই মনে করছেন নির্মাতারা।
- বিষয় :
- বিনোদন
