ঈদের চার নায়িকা
আবদুল্লাহ আল মামুন
প্রকাশ: ২১ মে ২০২৬ | ০৭:০৭
| প্রিন্ট সংস্করণ
বরাবরের মতো এবারও একাধিক তারকার সিনেমা মুক্তি পাচ্ছে। কোন তারকা এবার নিজেকে ভিন্নভাবে মেলে ধরবেন, কোন গল্প দর্শকের হৃদয়ে দাগ কাটবে কিংবা কে অভিনয়ের চেনা গণ্ডি ভেঙে হাজির হবেন একেবারে নতুন অবয়বে–বিগত বছরগুরোর মতো এবারও এসব প্রশ্নই ঈদের আগে চলচ্চিত্রপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
তবে এবারের ঈদে আলোচনার বড় জায়গাজুড়ে রয়েছেন নায়িকারা। কারণ, শুধু সৌন্দর্যের আবরণে নয়, বৈচিত্র্যময় চরিত্র আর অভিনয়ের চ্যালেঞ্জ নিয়েই তারা পর্দায় আসছেন নতুন রূপে। কোথাও তারা দুর্ধর্ষ অ্যাকশন নায়িকা, কোথাও রহস্যে মোড়ানো, আবার কোথাও গ্রামীণ জীবনের সরল আবেগের প্রতিচ্ছবি। কেউ নেতিবাচক চরিত্রে চমকে দিতে প্রস্তুত, কেউ বা মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্পে হয়ে উঠছেন কেন্দ্রীয় শক্তি।
অ্যাকশন, থ্রিলার, প্রেম, রহস্য কিংবা আবেগঘন পারিবারিক গল্পের প্রতিটি ঘরানার সিনেমাতেই এবারের ঈদে নায়িকাদের উপস্থিতি যেন আলাদা মাত্রা যোগ করছে।
রকস্টারে প্রেমিকা সাবিলা
সাবিলা নূর এখন বড়পর্দার ব্যস্ত নায়িকা। এই যাত্রাটা তাঁর শুরু হয় শাকিব খানের সঙ্গে তাণ্ডব সিনেমা দিয়ে। এরপর গেল ঈদে বনলতা এক্সপ্রেসের চিত্রা হয়ে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই হাজির হচ্ছেন ঈদুল আজহার সবচেয়ে আলোচিত সিনেমা রকস্টার-এর নায়িকা হয়ে। তিনি বলেন, শাকিব খান সিনেমায় থাকা মানেই আলোচনা ও ভিন্ন কিছু। সেটি যদি হয় রকস্টারের মতো সিনেমা তাহলে তো কিছুই বলার নেই। এই বিশেষ কাজের অংশ হতে পেরে আমি দারুণ আনন্দিত।’ সাবিলার ভাষ্যে, ‘সিনেমাটিতে অনেক কিছু নতুনত্বের সমাহার রয়েছে। বিশেষ করে শাকিব খানকে নতুনভাবে দেখতে পাবেন দর্শক। আর গল্পেও রয়েছে ভিন্নতা।’
মালিকে মিমের অ্যাকশন চমক
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবার ঈদে ফিরছেন ভিন্ন এক রূপে। আরিফিন শুভর সঙ্গে তাঁর বহুল আলোচিত সিনেমা ‘মালিক’-এ দেখা যাবে তাঁকে অ্যাকশনধর্মী চরিত্রে। চরিত্রটির জন্য দীর্ঘ সময় ধরে মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির প্রশিক্ষণ নিয়েছেন তিনি। মিম বলেন, ‘দর্শক আমাকে সাধারণত যেভাবে দেখে অভ্যস্ত, মালিক-এ তার বাইরে একেবারে নতুনভাবে দেখবে। চরিত্রটির জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। শারীরিক প্রস্তুতির পাশাপাশি মানসিকভাবেও নিজেকে ভাঙতে হয়েছে।’ সিনেমাটির মাধ্যমে চার বছর পর শুভর সঙ্গে জুটি হয়েছেন মিম। সর্বশেষ তারা ‘সাপলুডু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন।
বনলতা সেন হয়ে আসছেন নাবিলা
গ্রামীণ আবহ, সাহিত্যঘেঁষা গল্প এবং আবেগময় উপস্থাপনায় মাসুদ হাসান উজ্জ্বল নির্মাণ করেছেন ‘বনলতা সেন’। এ সিনেমায় কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার সেই রহস্যময়ী নারীর চরিত্রে দেখা যাবে মাসুমা রহমান নাবিলাকে। চরিত্রটির জন্য তাঁকে একাধিক অডিশনের মধ্য দিয়ে যেতে হয়েছে। এমনকি চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শারীরিক পরিবর্তনও আনতে হয়েছে। নাবিলা বলেন, চরিত্রটির মধ্যে এক ধরনের নিঃসঙ্গতা ও সৌন্দর্য আছে। আমি চেষ্টা করেছি তাকে খুব স্বাভাবিকভাবে তুলে ধরতে। এ ধরনের গল্পে কাজ করার সুযোগ সবসময় আসে না। নাবিলা বলেন, ঈদে দ্বিতীয়বার আমার সিনেমা মুক্তি পাচ্ছে, এটা সত্যি আনন্দের।
রইদে রহস্যময় চরিত্রে তুষি
গেল ঈদে নাজিফা তুষি অভিনীত প্রেশার কুকার সিনেমা মুক্তি পায়। এখনও সিনেমা হলে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। নতুন সিনেমা নিয়ে এবারের ঈদুল আজহাতেও পৃক্ষাগৃহে থাকছেন তিনি। পরিচালক মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় রহস্যময় এক নারীর চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। এতে কিছুটা বন্য, কিছুটা অস্বাভাবিক স্বভাবের এ চরিত্রকে নিখুঁতভাবে ধারণ করতে দীর্ঘ সময় প্রত্যন্ত অঞ্চলে কাটাতে হয়েছে তাঁকে। তুষি বলেন, চরিত্রটি খুবই অদ্ভুত এবং মানসিকভাবে জটিল। এ ধরনের চরিত্রে কাজ করতে গেলে নিজের ভেতরেও একটা পরিবর্তন আনতে হয়। আমি পুরো সময়টা চরিত্রের আবহের মধ্যেই থাকার চেষ্টা করেছি। পিনিক-এ নেতিবাচক চরিত্রে বুবলি
শবনম বুবলি অভিনীত ‘পিনিক’ সিনেমায় দর্শক দেখতে পাবেন একেবারে নতুন এক বুবলিকে। তবে সিনেমাটিতে নিজের চরিত্র নিয়ে বুবলী বলেন, ‘‘আমি সবসময়ই ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে চাই। ‘পিনিক’-এর চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। দর্শক আমাকে এভাবে আগে দেখেনি। সেই জায়গা থেকেই কাজটি করতে আগ্রহী হয়েছি।’’
দ্বৈত চমকে পূজা চেরি
গেল ঈদে দম সিনেমা নিয়ে আলোচনায় ছিলেন পূজা চেরি। সিনেমাটির রেশ এখনও রয়েছে। সেই রেশের মধ্যেই আসে পূজার নতুন খবর। মানে এবারের ঈদে পূজা চেরি ডাবল চমক নিয়ে হাজির হচ্ছেন। একদিকে স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’, অন্যদিকে গ্রামীণ প্রেমের গল্পভিত্তিক ‘নাকফুলের কাব্য’–দুটি ভিন্ন স্বাদের সিনেমায় দেখা যাবে তাঁকে। যদিও দুই সিনেমার প্রযোজনা সংস্থা ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সঙ্গে না পাওয়ার রহস্যও রয়েছে।
- বিষয় :
- ঈদের সিনেমা
