ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

হাসির হুল্লোড়ে ফিরছে ধামাল

হাসির হুল্লোড়ে ফিরছে ধামাল
×

পোস্টার :: ‘ধামাল-৪’

উপমা পারভীন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ০৭:২৪

| প্রিন্ট সংস্করণ

বলিউডের কমেডি সিনেমার কথা উঠলেই যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির নাম সবার আগে আসে, তার মধ্যে অন্যতম ‘ধামাল’। ২০০৭ সালে মুক্তির পর থেকেই এই সিরিজ দর্শকের কাছে আলাদা জনপ্রিয়তা পেয়েছে। অ্যাকশন, ভুল বোঝাবুঝি, ধন-সম্পদের লোভ আর একের পর এক অদ্ভুত পরিস্থিতিকে কেন্দ্র করে তৈরি এই ফ্র্যাঞ্চাইজি গত প্রায় দুই দশক ধরে দর্শককে হাসিয়েছে। ছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় ফিরছে ‘ধামাল ৪’। পরিচালক ইন্দর কুমার আবারও নিয়ে আসছেন পাগলাটে এক অ্যাডভেঞ্চারের। যেখানে হাসি, বিশৃঙ্খলা আর চমকের কমতি নেই। 
২০০৭ সালে মুক্তি পাওয়া প্রথম ‘ধামাল’ ছিল সেই সময়ের অন্যতম বড় কমেডি হিট। রীতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, আশীষ চৌধুরী ও সঞ্জয় দত্তের দুর্দান্ত কেমিস্ট্রি দর্শককে মুগ্ধ করেছিল। একটি গুপ্তধনের খোঁজে কয়েকজন অদ্ভুত মানুষের দৌড়, প্রতারণা আর হাস্যরস সিনেমাটিকে সেরা কমেডির মর্যাদা এনে দেয়। এরপর ২০১১ সালে মুক্তি পায় ‘ডাবল ধামাল’। আগের অভিনয়শিল্পীদের সঙ্গে যোগ দেন কঙ্গনা রানাউত ও মল্লিকা শেরাওয়াত। 
প্রথম ছবির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আরও বড় পরিসরে নির্মিত হয় দ্বিতীয় পর্ব। ২০১৯ সালে মুক্তি পায় ‘টোটাল ধামাল’। এই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হন অজয় দেবগণ, অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত। তাঁদের সঙ্গে ছিলেন এষা গুপ্তা ও বোমান ইরানি। ছবিটি বক্স অফিসে সফল হয় এবং প্রমাণ করে, ‘ধামাল’-এর জনপ্রিয়তা এখনও অটুট। এবারের পর্বে আছে আরও বড় আয়োজন। বরাবরের মতো এবারও ছবিটি পরিচালনা করেছেন ইন্দর কুমার। ছবিটি নির্মিত হয়েছে গুলশান কুমারের টি-সিরিজ ও দেবগণ ফিল্মসের ব্যানারে। প্রযোজনায় আছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, অশোক ঠাকেরিয়া, ইন্দর কুমার, আনন্দ পণ্ডিত এবং কুমার মঙ্গত পাঠক। এই সিনেমায় অজয় দেবগণের সঙ্গে রয়েছেন রীতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, এষা গুপ্তা, সংজিদা শেখ, অঞ্জলি আনন্দ, সঞ্জয় মিশ্র, উপেন্দ্র লিমায়ে, বিজয় পাটেকর এবং রবি কিষণ। পুরোনো ও নতুন মুখের এই সমন্বয় ছবিটির অন্যতম বড় আকর্ষণ। ‘ধামাল ৪’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে একদল বিচিত্র স্বভাবের মানুষের ‘ট্রেজার অব লাইফ’ বা জীবনের গুপ্তধনের সন্ধানকে ঘিরে। গুপ্তধনের খোঁজে বেরিয়ে তারা জড়িয়ে পড়েন একের পর এক বিপত্তি, ভুল বোঝাবুঝি, প্রতারণা এবং অদ্ভুত সব ঘটনার মধ্যে। সেই বিশৃঙ্খলাই তৈরি করে একের পর এক কমেডির মুহূর্ত। ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলোর মতো এবারও বাস্তবতার চেয়ে বিনোদনই বেশি গুরুত্ব পেয়েছে। ট্রেলারেই মিলেছে হাসির ইঙ্গিত। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ট্রেলারে দেখা গেছে, পুরোনো ধাঁচের সেই কমেডি, ভুল পরিচয়, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং অজয় দেবগণ, রীতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি ও জাভেদ জাফরির প্রাণবন্ত উপস্থিতি। দর্শক অনেকেই মনে করছেন, বহুদিন পর ‘ধামাল’ আবারও তার পুরোনো মেজাজে ফিরছে। বিশেষ করে সঞ্জয় মিশ্র ও রবি কিষণের সংলাপ এবং বিভিন্ন কমেডি দৃশ্য ইতোমধ্যে দর্শকে কৌতূহল বাড়িয়ে দিয়েছে। ট্রেলারের ভিউ এবং সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়াও ছবিটি নিয়ে প্রত্যাশা বাড়িয়েছে। ‘ধামাল’ সিরিজের আগের তিনটি ছবি বাণিজ্যিকভাবে সফল হয়েছে। তাই স্বাভাবিকভাবে ‘ধামাল ৪’-এর ওপর প্রত্যাশার চাপও অনেক বেশি। বর্তমানে বলিউডে বড় বাজেটের কমেডি সিনেমা তুলনামূলকভাবে কম তৈরি হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবি যদি দর্শকের মন জয় করতে পারে, তাহলে কমেডি ঘরানার জন্যও এটি হতে পারে বড় ইতিবাচক বার্তা। আগামীকাল বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ছবিটি। 

আরও পড়ুন

×