ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

ঈশ্বরদীতে ভূমি অধিগ্রহণ

কর্তৃপক্ষের স্বেচ্ছাচারে কৃষকের সর্বনাশ

কর্তৃপক্ষের স্বেচ্ছাচারে কৃষকের সর্বনাশ
×

--

প্রকাশ: ০৪ মার্চ ২০২০ | ১২:৫৪

সরকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণ করে থাকে। যাদের জমি অধিগ্রহণ করা হয়, তারা যাতে ন্যায্যমূল্য পান কিংবা তাদের স্বার্থ-অধিকার ক্ষুণ্ণ না হয়, সরকার সেদিকেও লক্ষ্য রাখে। কিন্তু জমি অধিগ্রহণ করতে গিয়ে সংশ্নিষ্ট কারও কারও নিয়মনীতি লঙ্ঘন অথবা স্বেচ্ছাচারিতার দৃষ্টান্তও আছে। বুধবার সমকালের একটি প্রতিবেদনে সেই চিত্রই উঠে এসেছে। ঈশ্বরদীতে প্রায় একশ' বিঘা জমির ফসল নষ্ট করে হঠাৎ মাটি ভরাট করার অভিযোগ উঠেছে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রেলওয়ের জমি বন্দোবস্ত নিয়ে ঈশ্বরদীর পাকশীতে ওই জমিতে প্রায় চার দশক ধরে ধান ও রবিশস্য চাষাবাদ করে আসছেন কিছু কৃষক। কিন্তু তাদের কোনো নোটিশ না দিয়ে, উঠতি ফসল নষ্ট করে এভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণের বিষয়টি কৃষকদের মাঝে ক্ষোভের সঞ্চার ঘটিয়েছে। জমি অধিগ্রহণের নামে এমন তুঘলকি কর্মকাণ্ডে বাধা দিলে অধিগ্রহণকারীরা পিছু হটলেও ততক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়ে যায়। কোনো নোটিশ বা বন্দোবস্ত গ্রহীতাদের সময় না দিয়ে উঠতি ফসলের ক্ষতি যারা করলেন, তারা দায় এড়াতে পারেন না।

প্রশ্ন হচ্ছে, রেলওয়ের বন্দোবস্ত দেওয়া যে কৃষিজমি রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে হস্তান্তর করা হয়েছিল, এ ক্ষেত্রেও ঘটেছিল নিয়মের ব্যত্যয়। রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের দায়িত্বশীলদের উচিত ছিল, তখনই স্পষ্টভাবে বন্দোবস্ত গ্রহীতাদের অবহিত করা। কৃষিজমি সুরক্ষার ব্যাপারে খোদ প্রধানমন্ত্রীরও নির্দেশনা রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না।

যাদের খামখেয়ালিপনায় কৃষকের সর্বনাশ হলো, তাদের উপযুক্ত ক্ষতিপূরণপ্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। উন্নয়ন কিংবা বিদ্যুৎ দরকার; কিন্তু তা জনস্বার্থ উপেক্ষা করে না। সরকারের প্রতিটি উন্নয়ন প্রকল্পের আগে প্রকৃতি-পরিবেশ ও সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত। উন্নয়নের ক্ষেত্রে জনগণের ওপর বিরূপ প্রভাব কিংবা ক্ষতি যাতে নূ্যনতম হয়, তাও লক্ষ্য রাখা প্রয়োজন। যাদের উন্নয়নে সরকার কাজ করবে, তারাই যদি হুমকির মুখে পড়েন কিংবা বড় রকমের ক্ষতির শিকার হন, তাহলে সেই উন্নয়নকে যথাযথ উন্নয়ন হিসেবে বিবেচনা করার অবকাশ থাকে কি?

আরও পড়ুন

×