ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পাটশিল্প

সম্ভাবনার খাতে চাই সমন্বিত প্রচেষ্টা

সম্ভাবনার খাতে চাই সমন্বিত প্রচেষ্টা
×

ফাইল ছবি

--

প্রকাশ: ০৬ মার্চ ২০২০ | ১২:৫১

বাংলাদেশের পাটের মান ও খ্যাতি বিশ্বজোড়া হলেও বারবার আমাদের পাটশিল্প হোঁচট খেয়েছে। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে পাটের উত্থান ও বহুমুখী ব্যবহার লক্ষণীয়। তবে এ খাতে কিছু চ্যালেঞ্জ যে এখনও রয়ে গেছে, তা শুক্রবার জাতীয় পাট দিবসে প্রকাশিত সমকালের 'পাচার ও মজুদে বিপন্ন পাটশিল্প' শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে। কাঁচাপাটের বড় একটা অংশ পাচারের পাশাপাশি অবৈধ মজুদদারির কারণে একদিকে কাঁচাপাটের সংকটে পাটকলগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে বেশি দামে কেনা পাটে উৎপাদিত পণ্যও রপ্তানি প্রতিযোগিতায় টিকতে পারছে না। একই সঙ্গে মৌসুমের পাট শেষ হওয়ার পরই অস্বাভাবিক হারে এ দাম বৃদ্ধির কারণে বঞ্চিত হচ্ছেন কৃষক, ক্ষতিগ্রস্ত হচ্ছেন উদ্যোক্তা। বাড়তি দামের ফায়দা লুটছে পাচারকারী ও অসাধু মধ্যস্বত্বভোগীরা। এমনকি পাটের অভাবে সরকারি জুট মিলেও উৎপাদন বন্ধ থাকছে। এমতাবস্থায় শ্রমিকদের বসিয়ে বেতন দিতে হচ্ছে বলে লোকসানের চাপে থাকা পাটকলগুলো আরও লোকসানে পড়বে। এ ব্যাপারে সরকারের ত্বরিত পদক্ষেপ নিতেই হবে। তা না হলে বেসরকারি খাতের পাটকলও হুমকির মুখে পড়বে। এটা সত্য যে, পাটশিল্প রক্ষায় সরকারি নানা প্রণোদনা রয়েছে। বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ঠেকাতে পলিথিন ও প্লাস্টিক পণ্য বর্জন করায় পাটের সম্ভাবনা অনেক বেড়েছে। আমরা দেখেছি, পাটে দিন দিন আমাদের রপ্তানি আয় বাড়ছে। ইতোমধ্যে পাটের আড়াই শতাধিক বহুমুখী পণ্য উৎপাদনে দেশেও পাটের ব্যবহার বাড়ছে। আমরা মনে করি, এই সুযোগ কাজে লাগিয়ে পাটশিল্পের নতুন জাগরণের সম্ভাবনা তৈরি হয়েছে। সে জন্য সরকারের সহযোগিতার হাত আরও সম্প্রসারিত করা প্রয়োজন।

পাচার ও মজুদ রোধে দ্রুত নির্দেশনা দেওয়া ছাড়াও বিদেশের বাজার বাড়ানোতে মনোযোগ দিতে হবে। দেশে এ চাহিদা ও ব্যবহার বাড়াতে আইন অনুযায়ী পণ্যের মোড়কে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহারের নীতি কার্যকর করা পরিবেশ ও অর্থনীতির স্বার্থেই জরুরি। একই সঙ্গে পাটের বেসরকারি উদ্যোগ বৈষম্যের শিকার বলে যে অভিযোগ রয়েছে, তা দূরীকরণে 'সরকারের সুযোগ-সুবিধা রাষ্ট্র্রায়ত্ত ও বেসরকারি উভয় পাটকল সম ও ন্যায্য হারে বণ্টন করার' যে দাবি রয়েছে, তার সঙ্গে আমরা সহমত পোষণ করি। সরকারি-বেসরকারি সবার সমন্বিত প্রচেষ্টায় পাটের হূত গৌরব ফিরে আসবে বলে আমাদের বিশ্বাস।

আরও পড়ুন

×