ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পরিবেশ

পুরাতন ব্রহ্মপুত্র খনন প্রকল্পের পুনর্মূল্যায়ন দরকার

পুরাতন ব্রহ্মপুত্র খনন প্রকল্পের পুনর্মূল্যায়ন দরকার
×
×

আবুল কালাম আল আজাদ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ০৭:৪০

| প্রিন্ট সংস্করণ

জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে, যেখানে যমুনার সঙ্গে পুরাতন ব্রহ্মপুত্রের উৎসমুখ রুদ্ধ হয়ে গেছে, গাজীপুরের কাপাসিয়ার ঐতিহাসিক টোক এলাকা পর্যন্ত, যেখানে পুরাতন ব্রহ্মপুত্র থেকে শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে– খনন প্রকল্প চলছে বেশ কয়েক বছর ধরে।

যতদূর জানা যাচ্ছে, বিআইডব্লিউটিএ এই প্রকল্প বাস্তবায়ন করছে ২ হাজার ৭৬৩ কোটি টাকা ব্যয়ে; গাইবান্ধা, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর ও কিশোরগঞ্জ জেলায় নদটির ২২৭ কিলোমিটার অংশজুড়ে। ২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্প ২০২৪ সালে শেষ হওয়ার কথা ছিল। সরকারের পক্ষ থেকে প্রকল্পের নিয়ম মেনে সময় বাড়ানো হয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। এই খনন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে নদটির লাভ না ক্ষতি হয়েছে– সেটাই এখন প্রশ্ন। 

আমরা দেখছি, ময়মনসিংহের কাছে খনন করে প্রশস্ত নদকে ৮০-৯০ মিটার খালে রূপান্তরিত করা হয়েছে। নদের গতিপথও বদলে দিয়েছে বাস্তবায়নকারী সংস্থাটি। খননের বালু ফেলে দুইদিকে ভরাট করেছে। পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে অন্যান্য নদী ও খালের সংযোগ বিচ্ছিন্ন করেছে। অবাক করার বিষয়, কোথাও কোনো সীমানা নির্ধারণ করা হয়নি; দখলদার উচ্ছেদ করা হয়নি। বরং খননের বালু ফেলে দুইদিকে ভরাট করা জায়গাগুলো দখলে নিয়েছে ভূমিদস্যুরা। পুরাতন ব্রহ্মপুত্র নদ আগে থেকেই ত্রিমুখী মানবসৃষ্ট বিপর্যয়ের শিকার হয়েছিল। এই বিপর্যয়ের প্রথম কারণ হলো উৎসমুখ রুদ্ধ হওয়া এবং পলি জমে নাব্য হারানো। শুষ্ক মৌসুমে নদটি মূল প্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

দ্বিতীয় বড় কারণ হলো, প্রভাবশালীদের অব্যাহত দখলদারিত্ব। নদের বুক শুকিয়ে জেগে ওঠা চর এবং দুই তীরের মূল্যবান জমি দখল করে গড়ে উঠছে অবৈধ স্থাপনা, বসতবাড়ি, মার্কেট, ইটভাটা, এমনকি খেলার মাঠ বা পার্ক নির্মাণ। স্থানীয় প্রভাবশালী মহল নানা কৌশলে নদের জায়গা নিজের নামে রেকর্ড করে নিচ্ছে বা ভরাট করে দখল করছে। 

তৃতীয় এবং সবচেয়ে ভয়াবহ সংকট হলো দূষণ। ময়মনসিংহ নগরীসহ নদের তীরবর্তী বিভিন্ন শহরের অসংখ্য পয়ঃনিষ্কাশন নালা বা ড্রেন এবং ছোট-বড় শিল্পকারখানার বিষাক্ত রাসায়নিক বর্জ্য কোনো ধরনের পরিশোধন ছাড়াই সরাসরি পুরাতন ব্রহ্মপুত্রে ফেলা হচ্ছে। বিষাক্ত বর্জ্যের কারণে পানির রং কালচে হয়ে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী আজ বিলুপ্তির পথে। একসময় যে নদের স্বচ্ছ পানিতে মানুষ নির্দ্বিধায় গোসল করত, আজ সেই পানি স্পর্শ করলেই চর্মরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
২০১৯ সালে নদটি খননের প্রকল্প শুরুর পর কেউ কেউ আশা করেছিল, এবার নদটি মুক্তি পাবে। বাস্তবে কাঙ্ক্ষিত সুফল মেলেনি। পরিবেশবাদী, নদী গবেষক ও স্থানীয় সচেতন নাগরিকদের জোরালো অভিযোগ, উৎসমুখে পর্যাপ্ত পানিপ্রবাহ নিশ্চিত না করে এবং নদের স্বাভাবিক প্লাবনভূমি ও বাস্তুতন্ত্র বিবেচনায় না নিয়ে অপরিকল্পিতভাবে খনন কাজ চালানো হয়েছে। নদের প্রশস্ততা কমিয়ে অনেকটা কৃত্রিম খালের মতো করে খনন করায় এবং খননের মাটি নদের তীরেই স্তূপ করে রাখায় বর্ষার বৃষ্টির পানিতে সেই মাটি আবার নদে গিয়ে পড়ছে। 

নদ হত্যার এই মহোৎসবের বিপরীতে ময়মনসিংহের সচেতন ও সাধারণ মানুষের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে গড়ে উঠেছে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন। ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের দীর্ঘদিনের ধারাবাহিক সংগ্রামে যে মৌলিক দাবিগুলো উঠে এসেছে, এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো– মাঝপথে বিচ্ছিন্নভাবে খনন না করে জামালপুরের দেওয়ানগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্রের উৎসমুখ বিজ্ঞানসম্মতভাবে খনন করে মূল যমুনা-ব্রহ্মপুত্রের সঙ্গে সারা বছরের স্বাভাবিক জলপ্রবাহ যুক্ত করা। দ্বিতীয়ত, অপরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে নদের প্রশস্ততা কমিয়ে একে খালে পরিণত করার অপচেষ্টা বন্ধ এবং নদের স্বাভাবিক প্লাবনভূমি সংরক্ষণ করা। তৃতীয়ত, ব্রিটিশ আমলের সিএস জরিপ অনুযায়ী নদের প্রকৃত সীমানা চিহ্নিত করে তীরবর্তী সকল অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদ করা এবং নদের বুকে কোনো ধরনের স্থাপনা, পার্ক বা মাঠ নির্মাণ চিরতরে বন্ধ করা। চতুর্থত, শহরের সকল ড্রেন, পয়ঃনিষ্কাশন লাইন ও শিল্পবর্জ্য সরাসরি নদে ফেলা বন্ধ করে আধুনিক বর্জ্য পরিশোধনাগার স্থাপনের মাধ্যমে নদকে দূষণমুক্ত রাখা। পঞ্চমত, নদ খনন বা সংস্কারের আড়ালে অবৈধ বালু লুটপাট কঠোর হাতে দমন করা। পুরাতন ব্রহ্মপুত্র কেবল বৃহত্তর ময়মনসিংহের নয়। এটি বাংলাদেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এই নদ বাঁচলে বৃহত্তর ময়মনসিংহের প্রাণ-প্রকৃতি বাঁচবে। 

আবুল কালাম আল আজাদ: লেখক, পরিবেশকর্মী; সমন্বয়ক, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন

আরও পড়ুন

×