কপ ৩১
জলবায়ু অর্থায়ন: প্রতিশ্রুতির অপেক্ষায় বসে থাকব?
মো. শরিফুল ইসলাম
মো. শরিফুল ইসলাম
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ০৭:৪৭ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১১:৩০
| প্রিন্ট সংস্করণ
তুরস্কের আনতালিয়ায় চলছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। ৯ নভেম্বর শুরু হওয়া এই সম্মেলনের বিশ্বনেতাদের শীর্ষ বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সূত্র বলছে, বাংলাদেশ সেখানে জলবায়ু ন্যায্যতা, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়, অভিযোজন অর্থায়ন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার দাবি তুলে ধরবে। দাবিগুলো ন্যায্য এবং এগুলো জোর দিয়ে তোলা দরকার। কিন্তু আনতালিয়ার দিকে তাকিয়ে থাকার এই সময়ে একটি অস্বস্তিকর প্রশ্ন আমাদের নিজেদের কাছেও রাখা দরকার।
উন্নত দেশগুলো যদি জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি না রাখে, কিংবা রাখতে ব্যর্থ হয়, তাহলে কি আমরা শুধু অপেক্ষা করে যাব? নাকি নিজেদের জলবায়ু বিনিয়োগ ও অর্থনৈতিক মডেল গড়ে তুলব?
প্রতিশ্রুতি ও প্রাপ্তির ফারাক
প্যারিস চুক্তির পর এক দশক পেরিয়ে গেছে। অথচ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি আর প্রকৃত প্রাপ্তির ফারাক এখনও বিশাল। ২০২০ সালের মধ্যে বছরে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার যে প্রতিশ্রুতি উন্নত দেশগুলো দিয়েছিল; অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) হিসাবে তা পূরণ হয়েছে দুই বছর দেরিতে, ২০২২ সালে। সেই অর্থের প্রায় ৭০ শতাংশ এসেছে ঋণ হিসেবে। ২০২৪ সালে বাকুতে কপ২৯-এ নতুন লক্ষ্য ঠিক হয়েছে: ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার।
অন্যদিকে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) ২০২৫ সালের অভিযোজন ঘাটতি প্রতিবেদন বলছে, শুধু অভিযোজনের জন্য উন্নয়নশীল দেশগুলোর ২০৩৫ সাল নাগাদ বছরে ৩১০ বিলিয়ন ডলারের বেশি লাগবে। অথচ ২০২৩ সালে আন্তর্জাতিক সরকারি উৎস থেকে অভিযোজনে এসেছে মাত্র ২৬ বিলিয়ন ডলার, যা প্রয়োজনের ১০ ভাগের ১ ভাগও নয়। ফলে যে দেশ এই সংকট তৈরিতে প্রায় কোনো ভূমিকা রাখেনি, তাকে ধার করে সেই সংকটের ক্ষত সারাতে হচ্ছে।
যুদ্ধ, বাণিজ্য-বিরোধ আর ধনী দেশগুলোর সহায়তা বাজেটে কাটছাঁটের এই সময়ে ধরে নেওয়া যায় না যে দরকারের মুহূর্তে পর্যাপ্ত আন্তর্জাতিক অর্থ এসে পৌঁছাবে। এর মানে এই নয়, ঐতিহাসিকভাবে বেশি কার্বন নিঃসরণকারী দেশগুলো দায় থেকে রেহাই পাবে। তাদের জবাবদিহির প্রশ্ন থাকবে এবং কপের মতো মঞ্চে জলবায়ু ন্যায্যতা ও অনুদানভিত্তিক অর্থায়নের জন্য আমাদের দরকষাকষি চালিয়ে যেতে হবে। একই সঙ্গে বাংলাদেশকে বিকল্প জলবায়ু বিনিয়োগ মডেলও গড়ে তুলতে হবে।
সমাধান আছে আমাদের কাছেই
বিকল্পের বীজ দেশেই ছড়িয়ে আছে। উত্তরের চর থেকে লবণাক্ত উপকূল, হাওর থেকে পাহাড়, নানা জায়গায় উদ্যোক্তা ও কমিউনিটিভিত্তিক উদ্যোগ সবুজ পণ্য, প্রযুক্তি ও সামাজিক ব্যবসা গড়ে তুলছে। এগুলো একদিকে মানুষের আয় তৈরি করছে, অন্যদিকে জলবায়ু ঝুঁকির মুখে টিকে থাকার শক্তি বাড়াচ্ছে। বন্যায় যে নারী ফসলি জমি হারিয়েছেন, তিনি কচুরিপানা, হোগলা বা পাট দিয়ে পণ্য বানিয়ে পরিবার চালাচ্ছেন। এমন পণ্য প্লাস্টিকের জায়গা নিতে পারে; নদী-খাল ও মাটিকে কিছুটা হলেও রেহাই দিতে পারে। এবারের কপে সরকার পাট প্যাভিলিয়ন এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটপণ্য নিয়ে আলাদা আয়োজন রেখেছে। এটি ভালো ইঙ্গিত।

তবে শুধু প্রদর্শনী দিয়ে এসব উদ্যোগ বড় হবে না। এদের দরকার বিনিয়োগ, প্রযুক্তি, বাজারে প্রবেশাধিকার এবং আন্তর্জাতিক পরিচিতি। এখানে কৌশলগত যোগাযোগ, অ্যাডভোকেসি ও প্রচারণা বড় ভূমিকা রাখতে পারে। আমাদের জাতীয় অভিযোজন পরিকল্পনা এবং স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনের যে কথা আমরা আন্তর্জাতিক মঞ্চে বলি, তার বাস্তব চেহারা এসব উদ্যোগ।
রেমিট্যান্সের বাইরে প্রবাসীর শক্তি
এই সংযোগ তৈরিতে আমাদের সবচেয়ে বড় অব্যবহৃত শক্তি সম্ভবত প্রবাসীরা। গত ২০২৫-২৬ অর্থবছরে তারা রেকর্ড ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা সর্বশেষ হিসাবে গোটা উন্নয়নশীল বিশ্ব এক বছরে যত আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থ পেয়েছে, তার চেয়েও বেশি। কিন্তু প্রবাসীদের অবদান শুধু টাকার অঙ্কে মাপলে ভুল হবে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের মধ্যে আছেন ডিজাইনার, খুচরা বিক্রেতা, আমদানিকারক, বিপণন ও ই-কমার্স বিশেষজ্ঞ, বিনিয়োগকারী। তারা থাকেন ঠিক সেই বাজারে, যেখানে আমাদের সবুজ পণ্য পৌঁছাতে চায়; জানেন সেখানকার ক্রেতা কী চান, কোন মান আর কোন প্রমাণ দেখতে চান। ধনী দেশগুলো, বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের দেশগুলোতে বসবাসরত আমাদের ডায়পাসপেরারা বড় ভূমিকা রাখতে পারেন।
শ্যামনগরের নারীর হাতে বোনা খেজুরপাতার ঝুড়িকে বিশ্ববাজারের আস্থাভাজন পণ্যে পরিণত করতে প্রবাসীর নকশাজ্ঞান, বাজারসংযোগ আর বিশ্বাসের নেটওয়ার্কই হতে পারে সবচেয়ে কার্যকর সেতু। রেমিট্যান্সের সামান্য একটি অংশও যদি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্য দিয়ে জলবায়ু-সহনশীল উদ্যোগে ধৈর্যশীল পুঁজি হিসেবে আসে, তা হবে যে কোনো বিদেশি প্রতিশ্রুতির চেয়ে বেশি নির্ভরযোগ্য এবং পুরোপুরি আমাদের নিজেদের।
বিনিয়োগের দরজা খুলতে হবে
যাত্রা শুরু করেছে নতুন বিনিয়োগ সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’। প্রচলিত বিনিয়োগ প্রচারের পাশাপাশি এই সংস্থার উচিত জলবায়ু-সহনশীল ব্যবসা, সবুজ উদ্যোক্তা ও প্রভাব বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া। তবে এ জন্য সত্যিকারের বিনিয়োগবান্ধব পরিবেশ চাই, যেখানে ভারত, চীন ও শ্রীলঙ্কার মতো দেশের অভিজ্ঞতা থেকে ভালো-মন্দ দুই দিকই শেখার আছে। হঠাৎ নেওয়া অপ্রত্যাশিত নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ কিংবা ভুল নীতিগত সংকেত বিনিয়োগকারীর আস্থা মুহূর্তে নষ্ট করে দিতে পারে। নীতির ধারাবাহিকতা, দ্রুত অনুমোদন এবং মুনাফা নিজ দেশে ফেরত নেওয়ার স্বচ্ছ নিয়মই বিনিয়োগকারীকে টানে।
দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বড় ব্যবসাগুলোকেও জলবায়ু-সহনশীল উদ্যোগে অর্থায়ন বাড়াতে হবে। এ জন্য দরকার সহায়ক নীতি, স্বচ্ছতা, ঝুঁকি ভাগাভাগির ব্যবস্থা এবং উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানো। একটি বিষয়ে সতর্ক থাকতে হবে, এই অর্থায়ন যেন ঝুঁকিতে থাকা মানুষের ঘাড়ে নতুন ঋণের বোঝা না চাপায়। একই সঙ্গে দেখতে হবে, ‘সবুজ’ তকমা যেন প্রমাণ ছাড়া কোনো পণ্য বা প্রকল্পের গায়ে না বসে।
দুই পথ, এক গন্তব্য
জলবায়ু ন্যায্যতার আন্দোলন আর জলবায়ু বিনিয়োগ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক। আন্তর্জাতিক মঞ্চে দাবি যত জোরালো হবে, দেশে সক্ষমতা তৈরির কাজ তত গুরুত্ব পাবে। দেশে যত সফল উদাহরণ তৈরি হবে, আমাদের দরকষাকষির অবস্থানও তত মজবুত হবে। প্রমাণ হাতে নিয়ে কথা বললে বিশ্ব শোনে।
আন্তর্জাতিক জলবায়ু অর্থ আসুক বা দেরিতে আসুক, বাংলাদেশ আমাদের ঘর। এখানেই আমরা থাকব, এখানেই সন্তানদের বড় করব, এখানেই নিজেদের ভবিষ্যৎ গড়ব। তাই বৈশ্বিক উত্তরের ওপর চাপ যেমন বজায় রাখতে হবে, তেমনি পুরোপুরি বাইরের প্রতিশ্রুতির ভরসায় বসে থাকাও চলবে না। আমাদের ভবিষ্যৎ নির্ভর করে– শুধু বিশ্ব কী প্রতিশ্রুতি দেয়, তার ওপর নয়; আমরা নিজেরা কী গড়ে তুলি তার ওপরেও।
মো. শরিফুল ইসলাম: যোগাযোগ, অ্যাডভোকেসি ও মিডিয়া বিভাগপ্রধান, অক্সফ্যাম ইন বাংলাদেশ
- বিষয় :
- মতামত