সংরক্ষিত বনে অবৈধ বাজার
দশে মিলিয়া করি অ-কাজ
সম্পাদকীয়
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ০৭:৪১ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১১:৩৩
| প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে স্থাপিত লম্বাশিয়া বাজার হইতে উপজেলা প্রশাসনের ‘খাস’ তথা রাজস্ব আদায়ের উদ্যোগ কেবল বেআইনি কর্মে সরকারি সিলমোহরই প্রদান করে না; স্থানীয় প্রশাসনের পরিবেশ-প্রতিবেশবিরোধী অবস্থানও স্পষ্ট করিয়া তোলে। কারণ উক্ত পার্বত্য অঞ্চল ১৯০৭ সালের গেজেটমূলে সংরক্ষিত বনাঞ্চল, যেইখানে পাহাড় ও বৃক্ষ কর্তন করিয়া অন্তত দেড় শত দোকান স্থাপন করিয়া নামকরণ করা হইয়াছে ‘লম্বাশিয়া বাজার’। এই ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীর যোগসাজশ মঙ্গলবার প্রকাশিত সমকালের প্রতিবেদনে স্পষ্ট। দেখা যাইতেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার পত্রের সূত্র ধরিয়া পালংখালী ইউনিয়নের তহশিলদার গত ২৭ অক্টোবর রীতিমতো দাপ্তরিক আদেশে উক্ত বাজার হইতে রাজস্ব আদায়ের দায়িত্ব দিয়াছেন পার্শ্ববর্তী রাজাপালং ইউনিয়ন কৃষক দলের সভাপতিকে। দশে মিলিয়া অ-কাজের বন্দোবস্ত বটে!
উল্লেখ্য, বাজারের নাম দিয়া খাস আদায়ের ক্ষেত্রে উপজেলা প্রশাসন বন বিভাগকে কিছুই অবহিত করে নাই, যদিও উক্ত স্থানের এখতিয়ার ঐ দপ্তরেরই। অর্থাৎ উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদে অনিয়ম সংঘটিত করিয়াছেন। এই প্রেক্ষাপটে এমন সন্দেহ ফুৎকারে উৎক্ষেপ করিয়া দেওয়া যায় না– নিছক ক্ষমতাসীন দলের নেতাদের সুবিধা করিয়া দিতে তিনি এরূপ বৃহৎ অনিয়মের আশ্রয় গ্রহণ করেন নাই; এইখানে ব্যক্তিগত লাভালাভেরও সংশ্লেষ থাকিতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অবশ্য দাবি করিয়াছেন, লম্বাশিয়া বাজারটি ২০২০ সালে অস্থায়ী হাটের স্বীকৃতি পাইয়াছে বিধায় ‘আইনশৃঙ্খলা রক্ষার্থে সরকারি রাজস্ব আদায়ে’ তহশিলদারকে দায়িত্ব অর্পণ করা হইয়াছে। তাঁহার মতে, জনবল সংকটের কারণে কৃষক দলনেতা খাস আদায়ের দায়িত্ব পাইতে পারেন। দুইটাই খোঁড়া যুক্তি বলিয়া আমরা মনে করি। কারণ যেই কোনো সরকারি কর্মকর্তার দায়িত্ব তাঁহার পূর্বসূরির কোনো অনিয়মের ধারাবাহিকতা রক্ষা নহে, বরং জরুরি ভিত্তিতে সংশোধন। উপরন্তু প্রাণ-প্রকৃতির সুরক্ষা যুক্ত থাকায় তাঁহার দায়িত্ব ছিল কথিত বাজারটি উচ্ছেদ করিয়া বনের জমি বনকেই প্রত্যর্পণ করা।
বন বিভাগও ‘কিছুই জানানো হয় নাই’ বলিয়া দায়িত্ব উপেক্ষা করিতে পারে না। বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা যদিও দাবি করিয়াছেন, রোহিঙ্গা শরণার্থীর সর্বশেষ ঢেউয়ের পর হইতে লম্বাশিয়া এলাকায় পর্বত ও বৃক্ষ কর্তন করিয়া স্থাপনা নির্মাণের অভিযোগে তাহারা অন্তত ৫০টি মামলা এবং একাধিক উচ্ছেদ অভিযান পরিচালনা করিয়াছেন। আমাদের প্রশ্ন, ছয় বৎসর পূর্বে স্থাপিত লম্বাশিয়া বাজারটি তাহারা উচ্ছেদ করিলেন না কেন? বেআইনি বাজারটির সহিত তাহাদেরও কোনো হীন স্বার্থ সংশ্লিষ্ট নাই, সেই নিশ্চয়তা কে দিবে?
আমরা জানি, সংরক্ষিত বনভূমি মাত্রই জীববৈচিত্র্যসমৃদ্ধ। তদুপরি যখন বনভূমি রক্ষায় সাধারণ কোনো পদক্ষেপ কার্যকর করা যায় না তখন পরিবেশ-প্রতিবেশের জন্য অতি গুরুত্বপূর্ণ বনভূমিকে সংরক্ষিত বনের মর্যাদা দেওয়া হয়। এতৎসত্ত্বেও যেইখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে একটা দেশে বনভূমি উহার মোট ভূমির অন্তত ২৫ শতাংশ হইতে হয়, সেইখানে এই দেশে বনভূমি বর্তমানে ৯ শতাংশের নিম্নে। শুধু উহাই নহে, বেসরকারি নানা ভূমিদস্যু তো বটেই, বহু সরকারি প্রতিষ্ঠানও বনভূমি দখল করিয়া চলিয়াছে। দুর্ভাগ্যজনক হইলেও সত্য, বনভূমি সংরক্ষণে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিশ্রুতি থাকিলেও অতীতের সকল সরকার এই ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করিয়াছে। এমনকি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত বনের অভ্যন্তরে যেই কোনো বাণিজ্যিক স্থাপনা নির্মাণের উপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকিবার পরও সরকারের নীরবতায় ইতরবিশেষ ঘটে নাই। লম্বাশিয়া বাজারটি কি দশে মিলিয়া এইরূপ অ-কাজের সর্বশেষ দৃষ্টান্ত হইয়া থাকিবে?
- বিষয় :
- সম্পাদকীয়