ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬

দিবস

ডায়াবেটিসে চাই আগাম পদক্ষেপ

ডায়াবেটিসে চাই আগাম পদক্ষেপ
×
×

নাসির উদ্দিন আহমদ

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ০৭:১৮

| প্রিন্ট সংস্করণ

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। পৃথিবীজুড়ে ডায়াবেটিক রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। পরিসংখ্যান বলছে, প্রতি ৯ জন পূর্ণবয়স্ক ব্যক্তির মাঝে একজন ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশে এই হার আরও বেশি। শর্করাপ্রিয় ভেতো বাংলাদেশিদের আটজনের মাঝে একজন ডায়াবেটিসে আক্রান্ত। আরও উদ্বেগের খবর হলো, শতকরা ৪০ থেকে ৫০ ভাগ মানুষ ডায়াবেটিস নিয়ে বসবাস করলেও তারা জানেনই না তাদের ডায়াবেটিস রয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, যখন কারও ডায়াবেটিস নির্ণীত হয় ততক্ষণে প্রায় অর্ধেক রোগী এই রোগের দু-একটি জটিলতায় আক্রান্ত হয়ে যান। এ জন্য যত দ্রুত সম্ভব ডায়াবেটিস নির্ণয় এবং এ-সংক্রান্ত জটিলতায় লাগাম টেনে ধরা জরুরি। এই প্রতিপাদ্য নিয়ে এবার বিশ্ব ডায়াবেটিস দিবস, যার মূল স্লোগান হলো ডায়াবেটিসে আগাম পদক্ষেপ।

শুরু থেকেই নিয়ন্ত্রণ করুন গ্লুকোজ:
ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে হবে। এতে ডায়াবেটিসের ভয়াবহ জটিলতা থেকে নিজেকে রক্ষা করা সহজ হবে। এসব জটিলতার মধ্যে রয়েছে: ডায়াবেটিক কিটা এসিডোসিস, কিডনি রোগ, রেটিনার জটিলতা বা ব্যাধি, হৃদরোগ, স্নায়বিক ব্যাধি, প্রান্তীয় রক্তনালির ব্যাধি ইত্যাদি। তাই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরপরই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, দেরি করা যাবে না। 

এ ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা দরকার। অনেক ক্ষেত্রে ডায়াবেটিসের লক্ষণ ঠাওর করা যায় না। তবে যেসব লক্ষণ দেখা দিলে বিলম্ব করা মোটেও ঠিক হবে না সেগুলো হলো: ওজন হ্রাস, ক্লান্তি ভাব, ঝাপসা দৃষ্টি, প্রস্রাব বৃদ্ধি, তৃষ্ণা বৃদ্ধি, খাদ্যের প্রতি অতিরিক্ত আসক্তি। এসব ক্ষেত্রে রয়েছে কিছু পরীক্ষা। 

যেসব পরীক্ষা করতে হবে:
ডায়াবেটিস নির্ণয়ের সহজ পরীক্ষা আপনার হাতের নাগালে রয়েছে। রক্তের গ্লুকোজের মাত্রা জানার পাশাপাশি এইচবিএওয়ানসি পরীক্ষাটি করে নিতে পারেন। ডায়াবেটিস নির্ণীত হলে পাশাপাশি আরও কিছু পরীক্ষা করে নিতে হবে কোনো জটিলতা দেখা দিচ্ছে কিনা। যেমন–প্রস্রাব পরীক্ষা: এতে অ্যালবুমিন বা প্রোটিনের মাত্রা কত জেনে নিতে হবে; কিডনি পরীক্ষা ক্ষেত্রবিশেষে ই জিএফআর; রক্তের কোলেস্টেরল এবং থাইরয়েড হরমোনের মাত্রা।

ডায়াবেটিসের ঝুঁকি: 
একজন ব্যক্তি বিভিন্ন কারণে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। তাই কিছু বিষয় জেনে নেওয়া খুবই জরুরি। এতে আক্রান্তের গোড়ার কারণ চিহ্নিত হয় এবং চিকিৎসাও বহুক্ষেত্রে সহজ হয়। যারা ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছেন, আজই জেনে নিন আপনার রোগটি হলো কিনা। টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি হলো: ইতিবাচক পারিবারিক ইতিহাস–অর্থাৎ আপনার পূর্বপুরুষদের কেউ না কেউ ডায়াবেটিসে আক্রান্ত ছিল; বয়স চল্লিশ বা বেশি হয়েছে কিনা; ওজন বেড়ে যাওয়া বা স্থূলতা; রক্তের চর্বি বিশেষত ট্রাইগ্লিসারাইডের আধিক্য; আয়েশি জীবন; প্রাক-ডায়াবেটিস; উচ্চ রক্তচাপ; গর্ভকালীন ডায়াবেটিস; পলিসিস্টিক ওভারি ইত্যাদি। 

ডায়াবেটিসের চিকিৎসা:
ডায়াবেটিস হলে দেরি না করে যথাযথ চিকিৎসা নিতে হবে। নিয়মশৃঙ্খলা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। কী খাবেন, কতটুকু খাবেন, কখন খাবেন–এর পাশাপাশি দৈনিক কিছু শারীরিক ব্যায়াম ইতিবাচক ভূমিকা রাখবে। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি (ক্রনিক) স্বাস্থ্য সমস্যা, যা নিয়ন্ত্রণে রাখা সম্পূর্ণ সম্ভব। সঠিক জীবনযাপন, খাদ্যাভ্যাস এবং নিয়মমাফিক চলার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে একটি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা যায়। 

ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমদ: এফসিপিএস, মেডিসিন স্পেশালিস্ট ও এইচওডি, এন্ডোক্রাইনোলজি বিভাগ, সিএমএইচ, ঢাকা১

আরও পড়ুন

×