ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রাজনীতি

সরকার বদলালেও নিপীড়নের পদ্ধতিগুলো থেকে যায়

সরকার বদলালেও নিপীড়নের পদ্ধতিগুলো থেকে যায়
×
×

আনুশেহ আনাদিল

আনুশেহ আনাদিল

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ০৭:২৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬ | ০৯:২৮

| প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মী এবং সাধারণ সমর্থকদের গ্রেপ্তার, ভয়ভীতি প্রদর্শন, গুম এবং রাজনৈতিক স্বাধীনতার ওপর গুরুতর বিধিনিষেধের মুখোমুখি হতে হয়েছে। ২০২৪ সালের জুলাই ও আগস্টের আন্দোলন ঘিরে দমন-পীড়ন রাষ্ট্রীয় ক্ষমতার ভয়াবহ রূপ আমাদের সামনে উন্মোচিত করেছে।

সেই সরকারের পতনের পর আবার আরেকটি উদ্বেগজনক প্রবণতা দেখা দিল। বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক গ্রেপ্তার হলেন। মানবাধিকার সংগঠনগুলো স্বেচ্ছাচারী আটক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা এবং যথাযথ বিচারপ্রক্রিয়া ছাড়া দীর্ঘ কারাবাস নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করল। এখন বিএনপি সরকারের সময়ে এই মামলাগুলো কীভাবে পরিচালিত হচ্ছে, সেই প্রশ্ন আমাদের সামষ্টিক বিবেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রথমেই বলে রাখি, সব বিচারই রাজনৈতিক প্রতিশোধ নয়। যারা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন, তাদের অবশ্যই প্রকৃত বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু কোনো অভিযোগই নিজে নিজে প্রমাণিত অপরাধ হয়ে যায় না।

এখানেই এমন এক দ্বন্দ্বের মুখোমুখি হই, যা থেকে নিজেকে মুক্ত করতে পারি না।

এক সরকারের আমলে যারা নির্যাতিত হয়েছেন, পরবর্তী সময়ে তারাই হয়তো ক্ষমতায় এসে সেই সরকারের সঙ্গে যুক্ত মানুষদের ভাগ্য নির্ধারণের অবস্থানে পৌঁছে যান। ভাষা বদলে যায়। রাজনৈতিক পরিচয় বদলে যায়। ক্ষমতার আসনে বসা মানুষ বদলে যায়। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করার প্রলোভন বদলায় না। একটি নিপীড়নমূলক ব্যবস্থাকে উৎখাত করে কী লাভ, যদি নিপীড়নের পদ্ধতিগুলোই নতুন সরকারের মধ্যেও বেঁচে থাকে?

ন্যায়বিচারেরই বা অর্থ কী, যদি আজ যে মানুষটি নিজের জন্য ন্যায়বিচার দাবি করছেন, কাল তিনিই অন্য কাউকে সেই বিচার দিতে অস্বীকার করেন? রাজনৈতিক সিদ্ধান্তের পরিণতি রাজনীতিকদের জীবনেই সীমাবদ্ধ থাকে না।

একজন মানুষকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হলে তার মূল্য বহন করে একটি সম্পূর্ণ পরিবার। একই সঙ্গে আমাকে ভাবতে হয় সেই পরিবারগুলোর কথাও, যারা আগের সরকারের সময়ে রাজনৈতিক সহিংসতায় নিজেদের সন্তান হারিয়েছেন; বছরের পর বছর অপেক্ষা করেছেন গুম হয়ে যাওয়া স্বজনের কোনো খোঁজ পাওয়ার আশায়। তাদের যন্ত্রণা কোনো অংশে কম সত্য নয়। তাদের ন্যায়বিচারের দাবিও কোনো অংশে কম ন্যায্য নয়।

কঠিন কাজটি হলো কোন যন্ত্রণা আমাদের সহানুভূতি পাওয়ার যোগ্য, তা বেছে নেওয়া নয়। আমাদের সহানুভূতিকে রাজনৈতিক পরিচয়ের ওপর নির্ভরশীল হতে না দেওয়া। একজন মানুষের ব্যক্তিগত সদয় আচরণ তাঁর অন্যায় কাজের দায় মুছে দিতে পারে না।

একজন মানুষ ন্যায়ের জন্য লড়াই করতে গিয়েও অন্যায় করতে পারেন। একজন মানুষ গভীরভাবে ভালোবাসতে পারেন, আবার ভয়ংকর আঘাতও দিতে পারেন। একজন মানুষ নিজে অসহনীয় যন্ত্রণা ভোগ করতে করতেও এমন একটি ব্যবস্থার অংশ হয়ে থাকতে পারেন, যা অন্যদের যন্ত্রণা সৃষ্টি করছে।

এই সব দ্বন্দ্ব উপলব্ধি করার পরও একজন মানুষ ন্যায়-অন্যায়ের প্রশ্নকে গুরুত্ব দেওয়া বন্ধ করেন না।
একটি সরকার বিশ্বাস করতে পারে যে সে দেশকে রক্ষা করছে, অথচ সেই রক্ষার নামে নাগরিকের অধিকার লঙ্ঘন করতে পারে। একটি রাজনৈতিক আন্দোলন ন্যায়বিচারের দাবি নিয়ে শুরু হতে পারে, অথচ ধীরে ধীরে নিজের দলের অন্যায়কে চিনতে অক্ষম হয়ে উঠতে পারে। একজন ব্যক্তি নিজেকে ‘ভালো মানুষ’ হিসেবে প্রতিষ্ঠিত করতে এতটাই ব্যস্ত হয়ে পড়তে পারেন যে, নিজের দায় স্বীকার করার সামান্য দাবিও তাঁর কাছে অসহনীয় মনে হয়।

তাই আমরা আত্মপক্ষ সমর্থন করি। যুক্তি সাজাই। অন্যকে দোষী সাব্যস্ত করি এবং নিজের অজান্তেই সেই একই আচরণের পুনরাবৃত্তি করি, যার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম।
কী আশ্চর্য, ন্যায়পরায়ণ হওয়ার আমাদের আকাঙ্ক্ষা কখনও কখনও নিষ্ঠুরতার উৎস হয়ে ওঠে! হয়তো মানুষের চেতনার উদ্দেশ্য সম্পূর্ণ নিষ্পাপ হয়ে ওঠা নয়। হয়তো এর উদ্দেশ্য বোঝা যে, কারও কোনো ক্ষতি না করে সম্পূর্ণভাবে বেঁচে থাকা সম্ভব নাও হতে পারে। এই উপলব্ধি আমাদের নৈতিক দায়িত্ব থেকে মুক্ত করে না, বরং সেই দায়িত্বকে আরও গভীর করে। কারণ, যদি সমস্ত যন্ত্রণা দূর করা অসম্ভব হয়, তাহলে যে যন্ত্রণাগুলো আমরা প্রতিরোধ করতে পারি, সেগুলো প্রতিরোধ করা আরও জরুরি হয়ে ওঠে। যদি প্রতিটি কাজেরই পরিণতি থাকে, তাহলে সচেতনতা অপরিহার্য।
যদি আমাদের জীবন অন্য জীবনের ওপর নির্ভরশীল হয়, তাহলে বিনয় অপরিহার্য।

আমরা রাজনীতিকদের জবাবদিহির মুখোমুখি করতে পারি, তাদের মানবিক অস্তিত্ব অস্বীকার না করেও। আমরা নিপীড়নমূলক ব্যবস্থার বিরোধিতা করতে পারি, সেই ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষকে অমানুষে পরিণত না করেও।

আমরা আসক্তিতে ভোগা মানুষের যন্ত্রণা বুঝতে পারি, সেই যন্ত্রণাকে পুঁজি করে গড়ে ওঠা শিল্পের সহিংসতাকেও উপেক্ষা না করে। আমরা সভ্যতার সুবিধা ভোগ করতে পারি, আবার সেই সুবিধার আড়ালে লুকিয়ে থাকা মূল্য নিয়েও প্রশ্ন তুলতে পারি। 

 হয়তো একদিন আমরা বুঝতে শিখব, একটি দল অন্য দলকে ভুল প্রমাণ করতে পারলেই পৃথিবী আরও মানবিক হয়ে ওঠে না। পৃথিবী আরও মানবিক হয়ে ওঠে তখনই, যখন কমসংখ্যক মানুষকে অকারণে যন্ত্রণা সহ্য করতে হয়।

আমি জানি না অস্তিত্বের কোনো চূড়ান্ত মূল্য আছে কিনা। কিন্তু সমস্ত কিছুর এই আশ্চর্য পারস্পরিক নির্ভরতার কথা যত ভাবি, নিজেকে সঠিক প্রমাণ করার নিশ্চয়তার প্রতি আমার আগ্রহ তত কমে আসে। বরং বাড়তে থাকে সচেতন হয়ে ওঠার সম্ভাবনার প্রতি আগ্রহ।
মানব অস্তিত্বের সবচেয়ে গভীর ট্র্যাজেডি এই নয় যে বেঁচে থাকার একটা মূল্য আছে। সবচেয়ে গভীর ট্র্যাজেডি হলো, সেই মূল্য অন্যের ওপর চাপিয়ে দিতে দিতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে, তাকে আর অন্যায় বলেও চিনতে পারি না। যারা দুর্বল। যারা প্রান্তিক। যারা রাজনৈতিকভাবে পরাজিত। যারা দরিদ্র। যাদের কোনো কণ্ঠস্বর নেই। সেই নিরপরাধ মানুষগুলো, যারা বিশ্বাস করেছিলেন তাদের নির্দোষতাই তাদের রক্ষা করবে।

হয়তো তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এই নয় যে আমরা ভালো না মন্দ, নির্দোষ না অপরাধী। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, আমাদের অস্তিত্ব অন্যদের কাছ থেকে কী দাবি করছে, তা দেখার ইচ্ছা আমাদের আছে কিনা। যে মূল্য আমরা নিজেরা বহন করতে অস্বীকার করি, সেই মূল্য অন্যের ওপর চাপিয়ে দেওয়া বন্ধ করার সাহস আমাদের আছে কিনা।

আনুশেহ আনাদিল: সংগীতশিল্পী ও সমাজকর্মী

আরও পড়ুন

×