ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সমকালীন প্রসঙ্গ

৩১ দফার ‘রাষ্ট্রসত্তা’ প্রশ্নে বিএনপির দ্বিমুখী অবস্থান কেন

৩১ দফার ‘রাষ্ট্রসত্তা’ প্রশ্নে বিএনপির দ্বিমুখী অবস্থান কেন
×
×

ইফতেখারুল ইসলাম

ইফতেখারুল ইসলাম

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ০৭:২৩ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬ | ০৯:২৮

| প্রিন্ট সংস্করণ

সম্প্রতি জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ গানবাজনা নিয়ে যে মন্তব্যটি করেছেন, তা বিএনপি সরকারের ৩১ দফার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ২০২৩ সালের ১৩ জুলাই বিরোধী দলে থাকা অবস্থায় দলটি দফাগুলো লিখিতভাবে ঘোষণা দিয়েছিল। একটি পুস্তিকাও ছাপিয়েছিল, যার শিরোনাম ছিল বেশ নজরকাড়া–‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা’। মোটাদাগে তখনকার বিরোধী দলগুলোর মতামতের ভিত্তিতে এই রূপরেখা গড়ে উঠেছিল। 

দফাটির পুরো শিরোনাম ছিল–‘সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা (রেইনবো নেশন) প্রতিষ্ঠা ও ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন (জাতীয় সমন্বয় কমিশন) গঠন’। ইংরেজি ‘রেইনবো নেশন’ শব্দটি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী মানবাধিকারকর্মী ডেসমন্ড টুটুর কাছ থেকে নেওয়া। দীর্ঘ শ্বেতাঙ্গ শাসনের অবসানের পর নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে দেশটির ইতিহাসের প্রথম গণতান্ত্রিক সরকারের যাত্রাকালে–১৯৯৪ সালে–দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রব্যবস্থার চিত্র তুলে ধরতে তিনি শব্দ দুটি ব্যবহার করেছিলেন। 

২৭ বছরের কারা জীবন শেষে ক্ষমতা লাভের প্রথম মাসেই ম্যান্ডেলা তাঁর এক বক্তৃতায় বলেন, ‘এই সুন্দর দেশের মাটির সঙ্গে আমাদের প্রত্যেকেই এমন নিবিড়ভাবে জড়িয়ে আছি, যেমনটি প্রিটোরিয়ার বিখ্যাত জাকারান্ডা গাছ কিংবা বুশভেল্ডের মিমোসা গাছ–যেন একটি রংধনু জাতি [রেইনবো নেশন], যে আজ নিজের সঙ্গে এবং সমগ্র বিশ্বের সঙ্গে শান্তিতে রয়েছে।’ খুবই তাৎপর্যপূর্ণ মন্তব্য। ম্যান্ডেলা কথাটি বলেছিলেন ক্ষমতা লাভের পর; অন্যদিকে বিএনপি ‘রেইনবো নেশন’-এর ধারণা দিয়েছিল ২০২৩ সালে, যখন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার বিরোধী নেতাকর্মীদের ওপর খুন ও গুমের ভয়াবহ অত্যাচার চালিয়ে যাচ্ছিল। এর মূল বার্তা হলো–ভিন্নমত ও পথের বহুমাত্রিক পরিচয় ও সংস্কৃতির স্বীকৃতি দেওয়া এবং রাষ্ট্র ও সমাজে তা ধারণ করা। বিএনপি কী সেই প্রতিশ্রুতি মেনে চলছে? জি কে গউছের মন্তব্য প্রসঙ্গে এটাই হলো গোড়ার প্রশ্ন। 

জি কে গউছ স্পষ্টত বলেছেন, ‘এই যে গ্রাম্য গানবাজনা, এগুলো আমাদের এলাকার মানুষ পছন্দ করে না। … এখানে যেন কোনো গ্রাম্য গানের আয়োজন, এইডা সেইডা, কী বলে ওরসের সময় বা অন্যান্য বিষয়ে কোনো গ্রাম্য গান যেন না শুনি।’ (প্রথম আলো, ০৯ নভেম্বর ২৬) যদি এসব আয়োজনের সঙ্গে এলাকার লোকজনের কোনো ধরনের জাতিসত্তার সম্পর্ক না থাকে, তাহলে এগুলো কারা করে? এ সময় তিনি বাণিজ্য মেলা, শিল্পমেলা ও বিভিন্ন মেলা নিয়েও আপত্তি তোলেন। 

জি কে গউছ সভায় যে বক্তৃতা দিয়েছিলেন, তাতে সরকারের জাতিসত্তা নিয়ে ‘রেইনবো ধারণা’ প্রশ্নবিদ্ধ হয়, তেমনি একজন সংসদ সদস্যের এ ধরনের অবস্থান সম্পর্কে সরকারের কোনো বক্তব্য না থাকাও তার দ্বিমুখিতাকে তুলে ধরে। গউছ তাঁর বক্তৃতায় বলেন, ‘আমি ফরমালি আজকে ডিসি সাহেবকে অনুরোধ করব, আমরা আজকে যে আলোচনা করলাম, অন্তত আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, এই এলাকায় কোনোভাবেই যেন আমরা এ সমস্ত বাড়তি জঞ্জাল আমাদের কাঁধে না নিই’ (প্রথম আলো, ০৯ নভেম্বর ২৬)। এই মন্তব্য হালকাভাবে দেখার সুযোগ নেই। দেশের রাজনৈতিক সংস্কৃতির প্রধান সমস্যা এই অল্প কথার মধ্যেই ‘লুকায়িত’! 

১১ নভেম্বর প্রথম আলো নাট্যকার সৈয়দ জামিল আহমেদের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। এতে তিনি বলেছেন, ‘স্বাধীনতার পর থেকে আমরা, যারা সেক্যুলার সিভিল সোসাইটির অংশ ছিলাম, তাদের বড় বোকামি ছিল ধর্মীয় গোষ্ঠীগুলোকে পুরোপুরি উপেক্ষা করা। আপনি তাদের কথা না শুনলে তারাই বা আপনার কথা শুনতে যাবে কেন?’ সংসদ সদস্য জি কে গউছ এবং সেক্যুলার নাট্যকার জামিল আহমেদের দুটি বক্তব্য একই টেবিলে রাখলে ‘লুকায়িত’ রাজনৈতিক সংস্কৃতির গোড়ার সমস্যাটি ধরা পড়ে। 
 

স্বাধীনতার পর থেকে আমরা ‘বাঙালি’ কিংবা ‘বাংলাদেশি’ জাতিসত্তা প্রশ্নে তর্ক করেই চলেছি, কিন্তু কোনো বিতর্ক কিংবা অবস্থান ভিন্ন মত ও পথের স্বীকৃতি দিতে পারেনি; বরং যে বিভাজন বেড়েছে তা কমিয়ে না এনে কেবল নির্বাচনী রাজনীতির আড়ালে বিভক্তি জটিল করে তোলা হয়েছে। জি কে গউছের এই মন্তব্য মূলত বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির গোড়ার সমস্যা জিইয়ে রেখে ‘এ সমস্ত বাড়তি জঞ্জাল’ সমাধানের পথে না হাঁটারই তৎপরতা। যে দল ‘সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা’র লিখিত প্রতিশ্রুতি দিয়ে ‘রেইনবো নেশন’ ধারণা জনগণের সামনে তুলে ধরেছিল, তারই একজন সংসদ সদস্যের সংস্কৃতি প্রশ্নে এ ধরনের অবস্থান ওই প্রতিশ্রুতির সারবত্তা নিয়েও প্রশ্ন তোলে।   
 

দেশের রাজনীতির প্রধান সমস্যা যেখানে ছিল, সেখানেই আমরা আটকে আছি। এই সরকারও রেটোরিক্যাল তথা কথাসর্বস্ব রাজনীতি চালিয়ে যাচ্ছে। সরকার যদি সংস্কৃতি প্রশ্নে বিদ্যমান বিভাজনগুলো যথাযথভাবে চিহ্নিত করতে না পারে কিংবা চেষ্টা না করে–যেমনটা নাট্যকার সৈয়দ জামিল আহমেদ সেক্যুলারদের প্রসঙ্গে বলেছেন– তাহলে রাজনৈতিক সহিংসতা এবং সাম্প্রদায়িক ও দলীয় বিদ্বেষ আরও তীব্র হয়ে উঠবে।

 রেজোয়ান সিদ্দিকী ‘কথামালার রাজনীতি ১৯৭২-৭৯’ (প্রথম প্রকাশ: ১৯৮৪) নামের একটি গবেষণার মুখবন্ধে লিখেছেন, ‘ঐতিহ্যগতভাবে আমাদের রাজনীতিতে কাজের চেয়ে কথা বেশি, আরও বেশি প্রতিশ্রুতি।…তাই দেখা যায়, মুক্তিযুদ্ধ শেষে স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, সংবাদপত্রের স্বাধীনতা, ব্যক্তি-স্বাধীনতা প্রভৃতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে যে আওয়ামী লীগ ক্ষমতাসীন হলো, তারাই চোরাকারবার, লুণ্ঠন, অন্তর্ঘাতমূলক তৎপরতার মাধ্যমে অর্থনীতিকে করল বিধ্বস্ত, পঙ্গু।’ নির্বাচনের আগে-পরে বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল এবং যেভাবে এগোচ্ছে তাতে কী ভিন্ন কোনো চিত্র ধরা পড়ে? নাগরিকদের নিজ নিজ সংস্কৃতি চর্চা বা আনন্দ উপভোগের সংবিধান স্বীকৃত স্বাধীনতার বিপরীতে দাঁড়িয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে জি কে গউছের এ ধরনের অন্যের ওপর নিজের মতকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সরকার কি কোনো পদক্ষেপ নেবে, নাকি আবারও সরকারপন্থি ‘নিরপেক্ষ বুদ্ধিজীবী’রা নতুন কোনো নজরকাড়া দফা নিয়ে হাজির হবেন?
    
ইফতেখারুল ইসলাম: সহসম্পাদক, 
দৈনিক সমকাল 
 

আরও পড়ুন

×