সংসদে মির্জা ফখরুল
আমাদের চেহারা বদলায়নি, জামায়াত হঠাৎ বদলে গেল
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ মে ২০২৬ | ০৫:১৯
জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা (জামায়াত) বলছেন, আমাদের চেহারা বদলে গেছে, আমাদের চেহারা বদলায়নি। তারা হঠাৎ করেই বদলে গেল।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মির্জা ফখরুল বলেন, আজ যে দূরত্ব, এই দূরত্ব সৃষ্টি হওয়ার একটা কারণ ছিল, আপনারা নির্বাচনকে অস্বীকার করছেন, নির্বাচনকে বলছেন যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এটা কেউই মেনে নেবে না। মেনে নেয়নি এই দেশের মানুষ।
তিনি বলেন, অভিযোগ উঠেছে আমাদের বিরুদ্ধে। বিশেষ করে আমাদের সম্মানিত এক সদস্য বলেছেন যে, আমি সংবিধানকে ধরে রাখার জন্য চেষ্টা করেছি এবং সংবিধান যেন ঠিক থাকে–সেই ব্যাপারে আমি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করেছি, হ্যাঁ করেছি। কারণ এই সংবিধান আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত, এই সংবিধান আমাদের আবেগের সঙ্গে জড়িত, এই সংবিধান ১৯৭১ সালের লাখ লাখ শহীদের রক্তে সঙ্গে জড়িত।
তিনি আরও বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস, এটি আমাদের বুকেই আমরা ধারণ করি, এটি এই দেশের সব মানুষই ধারণ করে। যখন এই বিষয়গুলো নিয়ে কোনো কটাক্ষ করা হয়, তখন তো অবশ্যই আমরাও কষ্ট পাই। এই লাখো মানুষ যারা সংগ্রাম করেছে, লড়াই করেছে তারাও কিন্তু একইভাবে কষ্ট পায়।
ফখরুল বলেন, লন্ডনে আমাদের চেয়ারম্যান এবং তৎকালীন প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হয়, সেই বৈঠক সম্পর্কে তারা বিদ্রূপ ও কটাক্ষ করে বলেছেন, সেখানে নাকি কী একটা ষড়যন্ত্র ও চক্রান্ত হয়েছে; যার ফলে আজকে বিএনপি এই পার্লামেন্টে মেজরিটি নিয়ে বসে আছে। এটি অত্যন্ত দুঃখজনক কথা। আমি তীব্র নিন্দা জানাই। এই ধরনের কথা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না, লন্ডন বৈঠক হয়েছিল বলেই আজকে আমরা এখানে সবাই। কারণ লন্ডন বৈঠকেই নির্বাচনে তারিখ হয়েছিল।
তিনি বলেন, ‘আমাদের সংস্কারবিরোধী বলে চিহ্নিত করবার চেষ্টা করেন। পোস্টার নিয়ে এসেছেন। পার্লামেন্টে বলেছেন আমরা সংস্কার চাই না। সংস্কারের জনক তো আমরাই।’
- বিষয় :
- সংসদ
- মির্জা ফখরুল
