ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

দিল্লিতে চলমান সহিংসতায় বিএনপির উদ্বেগ

দিল্লিতে চলমান সহিংসতায় বিএনপির উদ্বেগ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৩৮ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:৫৩

ভারতের দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ভারত সরকার কর্তৃক পাসকৃত বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) পক্ষ ও বিপক্ষ গোষ্ঠীর মধ্যে যে বিরোধ তৈরি হয়েছিল তা ইতোমধ্যেই সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিয়েছে, সহিংসতায় নিহত ও আহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিএনপি গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, নিহত ও আহতদের মধ্যে মুসলমান ও হিন্দু উভয় ধর্মীয় সম্প্রদায়ের ভারতীয়রাই আছেন।

বিবৃতিতে বলা হয়, বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন-সিএএ পাসের ভয়াবহ প্রতিক্রিয়া, এই উপমহাদেশ তথা এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হয়ে উঠবে। এই মর্মে ইতিপূর্বেই উদ্বেগ জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছিল, যে বিবৃতিতে হুঁশিয়ার করে বলা হয়েছিল, বহুত্ববাদের আদর্শ থেকে যেকোনো বিচ্যুতি সকল ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিতের পথে একটি অনিবার্য বাধা। দিল্লির চলমান সাম্প্রদায়িক দাঙ্গা তা আবার সুস্পষ্ট উদাহরণ হিসেবে প্রমাণ করলো।

এ অঞ্চলের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বাংলাদেশ বরাবরই উদ্যমী- এ কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ভারতের প্রতিবেশী দেশের নাগরিকদের প্রতিনিধিত্বশীল দল হিসেবে বিএনপি তাই সবসময়ই ভারত রাষ্ট্র ও জনগণের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ কামনা করে।

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি বিশ্বাস করে, ভারতের বর্তমান নির্বাচিত সরকার তার দেশের সংবিধানের অন্তর্নিহিত চেতনা অনুযায়ী ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই চলমান সংকটের সমাধান করবে। এ অঞ্চলের বৃহৎ দেশ হিসেবে এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, নিরাপত্তা, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকার যথাযথ ভূমিকা গ্রহণ করবে বলে বিএনপি প্রত্যাশা করে।

আরও পড়ুন

×