আমরা আপনাদের অগ্রিম বিদায়ের শোভাযাত্রা করছি, আ'লীগ নেতাদের বললেন খন্দকার মোশাররফ
খন্দকার মোশাররফ হোসেন- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩ | ১১:১৪ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ | ১১:১৪
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আপনারা এটাকে (পদযাত্রা) যা মনে করেন না কেন, আপনাদের বিদায়ের অগ্রিম শোভাযাত্রা হচ্ছে আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রা।’
মঙ্গলবার বিকেলে রাজধানীর গাবতলীতে ঢাকায় বিএনপির তৃতীয় দিনের পদযাত্রা কর্মসূচির উদ্বোধনীতে খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, রাস্তায় আছি। আওয়ামী লীগ ভয়ে ভীত হয়ে আমাদের পদযাত্রাকে নানা নামে সমালোচনা করছে। আমরা আপনাদের বলতে চাই, আপনাদের সময় শেষ। আগামী দিনের বাংলাদেশ হবে খালেদা জিয়া ও তারেক রহমানের বাংলাদেশ। অতএব, প্রস্তুতি নেন। আমরা কিন্তু আপনাদের অগ্রিম বিদায়ের শোভাযাত্রা করছি এই পদযাত্রায়।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, বর্তমান দুর্নীতিবাজ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানোর জন্য, দেশের জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে বিএনপির। কারণ, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আর খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। যাতে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেন। এগুলো যারা ধ্বংস করে দিয়েছে, তারা এ দেশে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। সে জন্যই এ সরকারকে বিদায় করতে হবে।
দুর্নীতির সূচকে বাংলাদেশের অবনমনের কথা উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, দুর্নীতির বিরুদ্ধে এত লেখালেখি, বিদেশিরা এত চাপ দিচ্ছে, এরপরও কী পরিমাণ দুনীতি বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে! দুর্নীতি দমন তো দূরের কথা, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩ থেকে ১২–তে নেমে এসেছে। এই দুর্নীতি করেছে আওয়ামী লীগের নেতা–কর্মী সিন্ডিকেট। সুতরাং তাদের পক্ষে দুর্নীতি দমন করা সম্ভব নয়।
