ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনা রোধে সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে: শিক্ষামন্ত্রী

করোনা রোধে সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে: শিক্ষামন্ত্রী
×

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ১১:২৮

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাসের জন্যে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানকে অনেক খাটো করে নিয়ে এসেছি। এই ভাইরাস থেকে দেশের মানুষকে সুরক্ষায় জননেত্রী শেখ হাসিনার সরকার যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে।

মঙ্গলবার রাতে চাঁদপুর কলেজ চত্বরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৭০ লাখ টাকা বরাদ্দে নির্মিত সুবিশাল মুজিব স্মারক স্তম্ভ উদ্বোধনকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, করোনা রোধে সরকারের পদক্ষেপগুলোর পাশাপাশি আমাদের সর্বস্তরের জনগণের সতর্ক হতে হবে। আপনারা যারা এ এখন এ অনুষ্ঠানে এসেছেন সবাই নিজেকে ভাইরাস থেকে মুক্ত রাখতে সব সময় সজাগ থাকবেন। 

তিনি বলেন, জাতির পিতা যেদিন জন্মেছিলেন সেদিনটা ছিলো মঙ্গলবার। এই মহান নেতা  স্বাধীনতার আগে ও পরে চাঁদপুরে এসেছিলেন। এরই একদিন তিনি চাঁদপুর কলেজ চত্বরে আসেন সেই স্মৃতিখানি অমর করে রাখবার জন্যে আজ তার জন্মশতবর্ষে কলেজ চত্বরে মুজিব স্মারক স্তম্ভটি উদ্বোধন করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে।

এর আগে তিনি স্মারকস্তম্ভের পাদদেশে পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় কলেজ অধ্যক্ষ অসিত বরণ দাস, জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগ  সহসভাপতি ডা. জে আর ওয়াদুদসহ, জেলা ও  ছাত্রলীগের  নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত  ছিলেন।

তার আগে ডা. দীপুমনি জেলা আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি  নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




আরও পড়ুন

×