ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আ. লীগ ক্ষমতায় থাকলে ঋণ শোধ হবে না

আ. লীগ ক্ষমতায় থাকলে ঋণ শোধ হবে না
×

রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির সমাবেশ। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৪৯ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:০৬

রিজার্ভ আশঙ্কাজনক হারে কমছে জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে রিজার্ভ আছে ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি।

ডিসেম্বর মাসে ঋণ পরিশোধ করতে হবে ১২ বিলিয়ন ডলার। রেমিট্যান্স প্রতিমাসে গড়ে ২ বিলিয়ন ডলারের নিচে। প্রতিমাসে বাণিজ্যিক ঘাটতি ৩ থেকে ১ বিলিয়ন ডলার, প্রতিমাসে পরিশোধ করতে হয় শূন্য দশমিক ৬৯ বিলিয়ন ডলার। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করেও ঋণের টাকা পরিশোধ করতে পারবে না। 

বুধবার রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 কর্নেল অলি বলেন, ২০১৪ এবং ২০১৮ সাল বাংলাদেশে আর আসবে না, নিশিরাতের ভোট আর সম্ভব নয়। দেশের জনগণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বদ্ধ পরিকর।

এলডিপি প্রেসিডেন্ট আরও বলেন, ‘সরকার দুর্নীতিতে সেঞ্চুরি করেছে। এমনকি ঢাকার জলাবদ্ধতা নিরসনের জন্য বছরে ৩০০ কোটি ব্যয় করেছে কিন্তু আমরা জলাবদ্ধতা থেকে রেহাই পাইনি। বড় প্রকল্পে বড় লুটতরাজ, এসব প্রকল্পে ৮০ ভাগ লোকের কোনো লাভ হয়নি।’ 

কর্নেল অলি বলেন, বর্তমান সরকার অত্যন্ত সফলতার সঙ্গে রাজনীতি ধ্বংস করেছে। অর্থনীতির বারোটা বাজানোর সেই চেষ্টা অব্যাহত রেখেছে। এবার তাদের বিদায় নিতে হবে। 

এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম প্রমুখ।

আরও পড়ুন

×